আমার চেতনার রঙে রাঙানো এই খেলা ঘরে:

~0~0~! আপনাকে স্বাগতম !~0~0~

*******************************************************************************************************

Thursday, 18 January 2018

১৯৮৩র অসম: নিপীড়িত বাঙালি হিন্দু-৬


মূল অসমিয়াঃ দিগন্ত শর্মা
বাংলা অনুবাদ: সুশান্ত কর
  ( শিলচর থেকে প্রকাশিত 'অরুণোদয়' কাগজে বেরুচ্ছে ধারাবাহিক। ক্লিক করুন প্রথম, এবং দ্বিতীয়,    তৃতীয় , চতুর্থ এবং পঞ্চম অংশ পড়তে) 


হিংসাত্মক ঘটনার কারণ :
প্রব্রজন, কৃষিভূমি গ্রাস, বাঙালি বিদ্বেষের নামে গোপন প্রচার, অশান্ত পরিস্থিতি সত্ত্বেও নির্বাচন
ভোটার তালিকাতে অবৈধ বিদেশীর নাম অন্তর্ভুক্তি এবং জনসংখ্যা বৃদ্ধির অস্বাভাবিক অস্বাভাবিক হার এই দুটোই ছিল বিদেশী বহিষ্কার আন্দোলন তীব্র রূপ লাভ করবার প্রধান কারণ। আন্দোলন নেতৃত্ব সত্তর দশকের শেষের দিকে কেন্দ্রীয় সরকারকে দেয়া এক স্মারক পত্রে জনসংখ্যার অস্বাভাবিক বৃদ্ধি এবং অবৈধ প্রব্রজন বিষয় দুটি কীভাবে পরস্পর সম্পর্কিত তা দেখিয়েছিল। সে সময় সারা আসাম ছাত্র সংস্থার শীর্ষ নেতৃত্ব প্রফুল্ল কুমার মহন্ত এবং ভৃগু কুমার ফুকন স্বাক্ষরিত একটি স্মারকপত্রেও একই কথার স্পষ্ট উল্লেখ ছিল। অর্থাৎ ‘প্রব্রজন’ ছিল বিদেশী বিতাড়ন আন্দোলনের অন্যতম ‘ইস্যু’।
        
    শিলাপাথারের কাছের চিমেন চাপরি এলাকাতে সংগঠিত ঘটনার পেছনেও কি প্রব্রজনই অন্যতম কারণ ছিল? কামরূপ জেলার গোরেশ্বর, দরং জেলার চাউলখোয়া চাপরি, মরিগাঁও জেলার (আগেকার নগাঁও ) নেলির নিকটবর্তী ১৬টি গ্রামে সংঘটিত ঘটনার পেছনে কিন্তু প্রব্রজনই কারণ ছিল। দীর্ঘদিন ধরে অব্যাহত প্রব্রজনের ফলে বিভিন্ন এলাকার সরকারি তথা কৃষি জমিতে জনবসতি বেড়েছিল।  অধ্যয়নে দেখা গেছে বাঙালি হিন্দু এবং মুসলমান প্রব্রজন স্থানীয়দের একাংশকে শঙ্কিত করে তুলেছিল। ‘প্রব্রজনে’র ফলে শিলাপাথারের আর্নে চাপরি, চিমেন চাপরিতে যে জনবসতি বা জনসংখ্যা বৃদ্ধি হয়েছিল তা শুধু সত্তর দশকের কথা ছিল না। সেই প্রব্রজনের প্রক্রিয়া আরম্ভ হয়েছিল স্বাধীনতার সময় বা তার পরে পরেই। পুব পাকিস্তান ছেড়ে আসা হিন্দু বাঙালির প্রব্রজন থেকে শুরু করে বাংলাদেশের স্বাধীনতা লাভের দিন অব্দি পুব বাংলা থেকে আসামে  শরণার্থীদের চলে আসার এই যে বৃহৎ প্রব্রজন প্রক্রিয়া অসমের জনবিন্যাসে প্রভাব ফেলেছিল।
            একই সময়ে প্রতিবেশী রাজ্য পশ্চিম বাংলা, ত্রিপুরা বা  অন্যান্য রাজ্যের থেকেও বাঙালি হিন্দু বা মুসলমান সম্প্রদায়ের মানুষের প্রব্রজন হয়েছিল। এমন কি বরাক উপত্যকার থেকেও ব্রহ্মপুত্র উপত্যকার বিভিন্ন জেলার চর অঞ্চলগুলোতে, ভাটি অসমের গোয়ালপাড়া, ধুবড়ি, কামরূপ ইত্যাদি জেলার থেকে উজান অসমের বিভিন্ন জেলাতে প্রব্রজন হয়েছিল। বরপেটার বিভিন্ন এলাকার থেকে (আগেকার অবিভক্ত কামরূপ) ধর্মীয় সংখ্যালঘু মানুষ গেছিলেন দরঙের চাউলখোয়ার বৃহত্তর চরঅঞ্চলে।  ফলে চর অঞ্চলগুলোতে জনসংখ্যার হার বেড়েছিল।  নদী ধ্বসেও অনেকে ‘দেশান্তরী’ হয়েছিলেন। সেই প্রব্রজনকারীদেরই একাংশ ষাটের দশকেই  ধেমাজি জেলার বিষ্ণুপুর বা আর্নে চাপরিতে নতুন বসত গড়ে তুলেছিলেন। উদাহরণ স্বরূপে বিষ্ণুপুরের হিংসাত্মক ঘটনার এক ভুক্তভোগী হরেন্দ্র বিশ্বাস জানালেন যে তারা গোয়ালপাড়া জেলার চলন্তপাড়া এলাকার লোক ছিলেন। চলন্তপাড়ার বহু পরিবার ষাটের দশকে নানা কারণে ধেমাজি চলে এসেছিলেন। একই ঘটনা আর্নে চাপরিতেও ঘটেছিল। আর্নে চাপরির পানবাড়ি শিবনগরে ২০শে ফেব্রুয়ারিতে সংগঠিত হিংসাত্মক ঘটনার বলিদের একজন লালমোহন দেবনাথ।  এখন তাঁর বয়স ৬৬। তিনি বললেন, ১৯৬৬তে তারা সপরিবারে এখানে আসেন। তার আগে ছিলেন ত্রিপুরাতে। ত্রিপুরাতে তিনি ষষ্ঠ শ্রেণি অব্দি পড়েছিলেন। ১৯৭১এ তিনি ভোটাধিকার লাভ করেন। তখন তারা ভোট দিয়েছিলেন আর্নে চাপরিরই মুক্তিয়ার প্রাথমিক বিদ্যালয়ে। তিনি জানালেন, তাঁরা যখন আসেন বস্তিতে তখন ছটি মাত্র পরিবার ছিল। বন্যা বিধ্বস্ত এলাকাতে মিসিংদের সঙ্গে মিলে বড় কষ্টে তাদের জীবন যাপন করতে হতো। ধীরে ধীরে জনবসতি বাড়তে থাকে।
            সেরকমই টঙানি-নলবাড়ি গ্রামের বয়োবৃদ্ধ সুনীল রায় প্রব্রজন সম্পর্কে জানালেন , তিনি পুববাংলার উদ্বাস্তু। উদ্বাস্তু প্রমাণপত্র তিনি দেখিয়েছিলেন। তাঁর বাবা উদ্বাস্তু হিসেবে সে প্রথমে অবিভক্ত কামরূপ জেলাতে বাস করেছিলেন। পরে তাদের সঙ্গে আরো অনেক উদ্বাস্তু পরিবার এই আর্নে চাপরিতে চলে আসেন।
            এই তথ্যগুলো দেখায় প্রব্রজন সংঘাত জর্জর এলাকার জনবিন্যাসে প্রভাব ফেলেছিল। এক সময় ব্রহ্মপুত্রের পাড়ের বৃহৎ সীমাহীন ময়দান, চরঅঞ্চলগুলো ধীরে ধীরে জনবসতি পূর্ণ অঞ্চলে রূপান্তরিত হয়েছিল। শুধু যে বেদখল করে এরা বসেছিলেন তাই নয়, স্থানীয় মানুষের থেকে এরা অনেকে মাটি কিনেও নিয়েছিলেন। অর্থাৎ প্রব্রজন কৃষিজমি সংকুচিত করেছিল। তবে এই এলাকার সবাই যে প্রব্রজিত বা অন্য এলাকার থেকে স্থানান্তরিত মানুষ , তাও নয়। এমন অনেকে আছেন--- যারা এই এলাকাতে শতাধিক বছর ধরে বাস করছেন।
            তার বিপরীতে বিদেশী বিতাড়নের নামে যারা হিংসাত্মক ঘটনা সংঘটিত করতে গেছিলেন, সেরকম কিছু মানুষের সাক্ষাৎকার নিতে গেলে সেই সব ‘আক্রমণকারী’রাও বেশ কিছু কথা জানিয়েছিলেন। তারা ঘটনার আগে নানা উপায়ে জেনেছিলেন যে চর এলাকার মাটি ‘বাইরে’ থেকে আসা লোকে দখল করে নিচ্ছেন। অতএব তাড়াতে হবে। অসমিয়াদের কৃষিজমি দখল করে নিচ্ছে, সেগুলো উদ্ধার করতে হবে--- সেসব কথা গোপনে প্রচার করা হচ্ছিল।
            নাম-ঠিকানা প্রকাশ করতে মানা করে কিছু মানুষ জানিয়েছেন যে আন্দোলনকারী স্থানীয় নেতারা কিছু কথা প্রচার করে বেড়াচ্ছিল। কথাগুলো ছিল এরকম---বাঙালি হিন্দুরা আসামকে বৃহৎ বাংলাতে পরিণত করবার ষড়যন্ত্র করছে, আন্দোলনকারীদের নির্বাচন বয়কটের ডাক যে বাঙালি হিন্দু-মুসলমানেরা অমান্য করছেন তারা অসমিয়ার শত্রু, বাঙালি দোকান থেকে জিনিস কেনা, বাঙালিকে অত্যাবশ্যকীয় জিনিস বিক্রি করা বন্ধ করতে হবে---ইত্যাদি। হিংসাত্মক ঘটনা ঘটাবার আগে এইসব কথা প্রচার করে এরা বিদ্বেষ ছড়িয়েছিল।  ...
            স্মরণীয় যে শিলাপাথারের হিংসাত্মক ঘটনার সম্পর্কে আক্রমণকারী পক্ষের মানুষজন যা জানিয়েছিলেন তার সঙ্গে অসম আন্দোলনের নেতৃত্বের গোপন নির্দেশনার ( সিক্রেট সার্কুলার) বিভিন্ন দফাতে উল্লেখ করা কথার মিল রয়েছে। অন্যদিকে পরিস্থিতি অগ্নিগর্ভ রূপ নেবার প্রধান কারণ ছিল জনগণের দাবিকে অস্বীকার করে ইন্দিরা গান্ধির নেতৃত্বাধীন কংগ্রেস সরকারের জোর করে নির্বাচন করিয়ে নেয়াটা।  কেবল ক্ষমতার স্বার্থতে অসমের বেশিরভাগ মানুষের নির্বাচন বিরোধী স্থিতিকে অবজ্ঞা করবার পরিণতিতেই রক্তক্ষয়ী পরিস্থিতির জন্ম হয়েছিল। বিশেষ করে ১৯৮৩র ২ ফেব্রুয়ারি থেকে নানা এলাকাতে প্রতিবাদকারীদের উপরে পুলিশ বাহিনীর বর্বরোচিত আক্রমণে অসমিয়া জাতীয়বাদকে হিংস্রতার পর্যায়ে উন্নীত করিয়েছিল।  ইতিমধ্যে ‘ভাষা’র নামে অসমিয়া জাতীয়তাবাদ উগ্র পর্যায়ে উন্নীত হয়েইছিল। ১৯৬০ শুধু মাত্র ‘মুখের কথা’র জন্যেই বাঙালিদের অনেকেই নির্যাতনের মুখে পড়েছিলেন। অসমিয়া মানুষের হিংস্র আক্রমণের শিকার হয়েছিলেন।
            ১৯৮৩তেও বাঙালি হিন্দু-মুসলমানের একাংশ ‘নির্বাচন সমর্থনকারী’ বলে চিহ্নিত হয়ে অসমিয়া উগ্রজাতীয়তাবাদী শক্তির পরিকল্পিত আক্রমণের বলি হয়েছিল। অসমের ইতিহাসে মূলস্রোতের অসমিয়ার দ্বারা রচিত হয়েছিল ‘গণহত্যা’র মতো কলঙ্কিত অধ্যায়।

উগ্রজাতীয়তাবাদী শক্তিকে একঘরে করে শিলাপাথার-
গোরেশ্বরবাসী গাঁথছেন সম্প্রীতির মালা
 শিলাপাথারের কাছে বৃহত্তর আর্নে চাপরি, চিমেন চাপরি অঞ্চল, ধেমাজির উত্তরের বিষ্ণুপুর , শান্তিপুর অঞ্চল, এবং কামরূপ জেলার গোরেশ্বরের কাছের হাজল পাড়া, বেতনা, চিলকিঝার ইত্যাদি বাঙালী বসতি-পূর্ণ যে গ্রামগুলো ১৯৮৩তে ‘অসমিয়া’ তথা বিদেশী বিতাড়ন আন্দোলনকারীদের  দ্বারা আক্রান্ত হয়েছিল, সেখানে আক্রান্ত বহু মানুষের সঙ্গে আমরা মতবিনিময় করেছিলাম। ক্ষেত্র অধ্যয়নের সময় আক্রান্ত গ্রামের নিপীড়িত , ভুক্তভোগী বহু মানুষ কথা বলেছিলেন। শোক-বিহ্বল, আবেগ-বিহ্বল  হয়ে ঘটনার বর্ণনা দিয়েছিলেন। সেই সঙ্গে তারা জানিয়েছিলেন তাদের অর্থনৈতিক ভিত্তিও ভেঙ্গে পড়বার কথা। আক্ষেপ করেছিলেন, গেল তিন দশকে নির্যাতিতেরা কোনো ন্যায় পেলেন না বলে। এরই সমান্তরালে এই আক্রান্ত বাঙালিরাই  বলেছিলেন আক্রামক অসমিয়া তথা অন্যান্য স্থানীয় বিভিন্ন জাতি-জনজাতিদের সঙ্গে এদের পরবর্তী সম্পর্ক কীরকম গড়ে উঠেছিল, তার গল্প।  ১৯৮৩র ফেব্রুয়ারিতে অসমিয়া-বাঙালির ভঙ্গুর সম্পর্ক কি আবার গড়ে উঠেছিল? এর উত্তরে অনেকেই বলেছিলেন যে তারা সেই সব হিংসাত্মক ঘটনার কথা ভুলে যান নি। নির্যাতন –নিপীড়নের সেই ভয়াবহ দিনের দৃশ্যগুলো তাদের মনে গেঁথে আছে, থেকে থেকেই মনে পড়ে। সেসময় কিছু মানুষ আবেগিক হয়ে, উত্তেজিত তথা প্ররোচিত হয়ে আক্রমণ করেছিলেন। বিদেশী বিতাড়ন আন্দোলনে নেতৃত্ব দিয়ে যারা রাজনৈতিক ক্ষমতা দখল করতে চেয়েছিল তাদেরই একাংশ এই প্ররোচনা যুগিয়েছিল। নির্যাতিতরা এই কথা উপলব্ধি করেন। নিপীড়িত বাঙালি হিন্দুরা আমাদের বলেছিলেন, আক্রমণকারী অনেককেই তারা চিনতে পেরেছিলেন। কিন্তু এখন সেই আক্রমণকারী গ্রামবাসীদের সঙ্গেই তাদের সম্প্রীতির ভাব গড়ে উঠেছে। সম্প্রীতির নতুন সম্পর্ক এবং পথ এরা নির্মাণ করে চলেছেন। একজন ভুক্তভোগী বললেন, আমরা প্রতিশোধ নিতে চাই না। হিংস্রতার আশ্রয় নিতে চাই নি। বরং অসমিয়া মানুষের সঙ্গে সম্প্রীতির মালাই গাঁথছি। আমাদের সন্তান অসমিয়া মাধ্যমের বিদ্যালয়ে পড়ছে। তার বিপরীতে অসম আন্দোলনের বহু নেতা অসমিয়া মাধ্যমকে অবজ্ঞা করছে।
            বৃহত্তর আর্নে চাপরি অঞ্চলের বাঙালিদেরই চেষ্টাতে ১৯৯৪তে অসমিয়া মাধ্যমের উচ্চমাধ্যমিক বিদ্যালয় গড়ে উঠেছে।  বাঙালি হিন্দু বহু মানুষ স্থাপন করেছেন জাতীয় বিদ্যালয়।
            অন্যদিকে আক্রমণকারীদেরও অনেকে বললেন, বিদেশী বিতাড়নের নামে যে হিংসা হয়েছিল সে বড় ভুল ছিল।  জাতীয়তাবাদী একাংশ নেতার সেসব ছিল ষড়যন্ত্র।  আজকাল দেখা যাবে বাঙালিদের সঙ্গে শিলাপাথারে অসমিয়ারা একত্রে ব্যবসা বাণিজ্য করছেন। অসমিয়া বাঙালি বলে যে বিভাজন ছিল সে ধেমাজি, শিলাপাথার ইত্যাদি শহর এবং পাশের অঞ্চলগুলোতে ক্রমেই অস্পষ্ট হয়ে আসছে। অর্থাৎ ১৯৮৩তে আক্রান্ত এবং আক্রামক বলে চিহ্নিত সাধারণ মানুষ এখন বন্ধুত্বের বাঁধনে বাঁধা পড়ছেন। বিভিন্ন বাজারে এক সঙ্গে কেনাবেচা করছেন, পালা পার্বণেও একে অন্যের সঙ্গে যোগ দিচ্ছেন। উগ্রজাতীয়তাবাদ যেখানে নিশ্চিহ্ন হতে চলেছে। যেমন আধুনিক মানব সমাজগড়ার নতুন আলোক উদ্ভাসিত হচ্ছে।


পরিশিষ্ট (১)
‘৮৩র ফেব্রুয়ারির ডায়েরি
ফেব্রুয়ারি---১
·        আসু এবং গণসংগ্রামপরিষদের নেতৃত্বে নির্বাচনের বিরুদ্ধে সমস্ত আসামে স্বাধীনতা সংগ্রামীদের  
         মিছিল
·         আসামের নির্বাচন স্থগিত করবার জন্যে রাজনারায়ণের আদালতে জানানো আবেদন নাকচ।
·        অসম এবং অসমের বাইরের যেসব কর্মী নির্বাচনে সহযোগ করবেন তাদের গ্রুপ ইনস্যুরেন্সের লাভ       দেবার ঘোষণা।
·         অসমের বিভিন্ন স্থানে নির্বাচন বিরোধীদের দ্বারা বোমা বিস্ফোরণ। অসম প্রদেশ কংগ্রেস (ই)র সভাপতি হরেন্দ্র নাথ তালুকদারকে পত্র বোমা প্রেরণ।
·         অসমের শতাধিক সেতুতে আগুন দেয়া। চাপাগুড়িতে এক রাজনৈতিক কর্মীকে অপহরণ।
·         শোণিতপুর জেলার ঢেকিয়াজুলিতে একটি বাজারে আগুন দেয়া।
·        কামরূপ জেলার কমলপুরে দুই দলের মধ্যে সংঘর্ষ।
ফেব্রুয়ারি –২
·        মঙলদৈ মহকুমার বরদৌলগুরি, জোনারাম চৌকাতে নির্বাচন বিরোধী জনতার উপরগুলি চালনা। নিহত পাঁচ জন।
·         শিপাঝাড় এলাকাতে তিন আন্দোলনকারী তরুণকে সেতুর জ্বলন্ত আগুনে ছেড়ে দিয়েছে সি আর পি জোয়ানরা---আসু এরকম অভিযোগ আনে।
·         আসু –গণসংগ্রাম পরিষদের নেতৃত্বে নির্বাচন বিরোধী উকিলদের মিছিল।
·         মঙলদৈ এবং নগাঁওতে ৫টি সরকারী গাড়িতে আগুন দেয়া।
·         দরং জেলার বুড়াতে নির্বাচন বিরোধী জনতার উপর পুলিশের গুলি চালনা। একজন নিহত।
ফেব্রুয়ারি—৩
·         ৫ ফেব্রুয়ারি থেকে ২২ ফেব্রুয়ারি অব্দি কর্মচারীদের ১৮ দিনের সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ঘোষণা।  রাতে সদিয়াতে গুলি চালনা। এক আন্দোলনকারী নিহত।
ফেব্রুয়ারি—৪
·         উত্তর লখিমপুরের নাওবৈছাতে নির্বাচন বিরোধী জনতার উপরে পুলিশের গুলি চালনা। বেশ কজন আহত।
·         নির্বাচন বিরোধিতাতে শিক্ষকদের মিছিল।
·         কামরূপ, দরং, নগাঁও এবং উত্তর লখিমপুরে শতাধিক কাঠের সেতুতে আগুন।
·         শিবসাগরের বাঙালি রিজার্ভের জঙ্গল থেকে সিপি আই (এম এল) প্রার্থীর দু’জন সমর্থকের মৃতদেহ উদ্ধার।
ফেব্রুয়ারি—৫
·         কর্মচারী পরিষদের সর্বাত্মক অসহযোগ আরম্ভ। সমগ্র অসমে বে-সরকারী যান-বাহন বন্ধ, সরকারী কার্যালয়গুলোও বন্ধ।
·         মঙলদৈ মহকুমার টংলাতে আন্দোলনকারীদের উপরে পুলিশের গুলিতে ৪ জনের মৃত্যু।
·         নির্বাচন বন্ধের দাবিতে কার্বি আংলঙের দুটি ছাত্র সংগঠনের ডাকে ৩৬ ঘণ্টার কার্বি আংলং বন্ধ।
·         গুয়াহাটির উজান বাজার, পল্টন বাজার এবং লখিমপুরে বেশ কটি বোমা বিস্ফোরণ।
·         ডিব্রুগড় জেলা বন্ধ।
·         কেন্দ্র থেকে অসমে অতিরিক্ত ৩০ ব্যাটেলিয়ন সি আর পি পাঠাবার সিদ্ধান্ত।
ফেব্রুয়ারি—৬
·         গুয়াহাটি জজ ময়দানে পরদিনের ( ৭ তারিখ) বাম-গণতান্ত্রিক মোর্চার নির্বাচনী সভা ব্যর্থ করবার জন্যে কামরূপ জেলা ছাত্র সংস্থার জেলা বন্ধের ডাক।
ফেব্রুয়ারি—৭
·         ছাত্র সংস্থার কামরূপ জেলা বন্ধ উপেক্ষা করে বাম-গণতান্ত্রিক মোর্চার গুয়াহাটি জজ ময়দানের জনসভা।
·         তেজপুরের ছাগলি বাজারে নির্বাচন বিরোধী ব্যক্তির গুলিতে পুলিশের এস আই বিপিন মহন্ত নিহত।
·         যোরহাটের দণ্ডাধিশ ম: নুরুল হক একদল দুর্বৃত্তের দ্বারা অপহৃত।
·         ডিব্রুগড়ের টিংখঙে লব গগৈ নামের এক কংগ্রেস (ই) কর্মীর মৃতদেহ উদ্ধার।
·         রঙিয়ার তিতকুড়ি এবং টিহুর নাথকুছিতে পুলিশ সি আর পির গুলি বর্ষণে বহু লোক আহত।
·         অসমে অতিরিক্ত বি এস এফ এবং সি আর পি পাঠাতে কেন্দ্র সরকারে সিদ্ধান্ত।
ফেব্রুয়ারি---৮
·         নলবাড়ি মহকুমার বেলশরে এক দল উত্তেজিত জনতার উপর গুলি চালালে ৭ জন মানুষ নিহত হন। নগাঁও জেলার ননৈতে এবং যোরহাটে সি আর পি-র গুলিতে ১ ব্যক্তি নিহত। হাজোর কাছে গুলি চালনাতে ২জন লোক মারা যান।
·         নগাঁও জেলার লংকাতে একটি শক্তিশালী বোমা বিস্ফোরণের ফলে তিনজন মানুষ নিহত এবং ২৩ জন আহত হয়।
·         ভারতের বিভিন্ন  রাজ্যের থেকে ৭০০০ নির্বাচনী আধিকারিকের অসমে যাত্রা।
·         ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় নেতা অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে চৌধুরী চরণ শিং, যশোবন্ত শিং এবং শ্যামানন্দনের উপস্থিতিতে জজ ময়দানে নির্বাচন বিরোধী সভা।    
ফেব্রুয়ারি—৯
·         অসম বিধান সভার প্রাক্তন অধ্যক্ষ চান্দ মোহম্মদকে লক্ষ্য করে আগিয়াঠুরিতে বোমা নিক্ষেপ।
·         নলবাড়ি মহকুমার কুমারকুছিতে এবং চামতাতে নির্বাচন বিরোধী জনতার উপর পুলিশের গুলি চালনাতে ৫ জন এবং বালিসত্রতে ২জন নিহত হন।
·         শিবসাগরের ফুকন পুখুরিতে উত্তেজিত জনতার উপর গুল চালনাতে ১ ব্যক্তি নিহত।
·         নগাঁও জেলার মৈরাবাড়িতে প্রধানমন্ত্রীর জন্যে হ্যালিপ্যাড নির্মাণ করতে অস্বীকার করলে গড়কাপ্তানি বিভাগের কার্যবাহী প্রকৌশলী এম রহমানকে পুলিশ গ্রেপ্তার করে।
·         অসমে নির্বাচনী অভিযান উপলক্ষে প্রধানমন্ত্রীর আগমনের বিরোধিতা করে ছাত্র সংস্থার নিষ্প্রদীপ কার্যসূচী ঘোষণা।
·         পাতাছারকুছিতে পুলিশের গুলিতে ৫ ব্যক্তির মৃত্যু। পাঠশালার কাছে কেন্দুগুড়িতে আন্দোলনকারী জনতার উপর পুলিশের গুলি চালনাতে ৩জন, গোরেশ্বরে ১ জন, গহপুরে , উঃ লখিমপুরে, নগাঁওর ধিঙে  ১জন করে ব্যক্তির মৃত্যু।
·         জনতা সান্ধ্য আইনের ফলে জীবন যাত্রা অচল।
ফেব্রুয়ারি—১০
·         পুলিশের গুলিতে নলবাড়ি মহকুমার ধমধমাতে এবং মসলপুরে ৩জন, বরপেটা মহকুমার শিনাবাড়িতে ৩জন ব্যক্তির মৃত্যু হয়।
ফেব্রুয়ারি-১১
·         অসমে সাম্প্রদায়িক সংঘর্ষের সূচনা। কামরূপ জেলার বকো থানার অন্তর্গত চমরিয়া এবং এর আশেপাশে বেশ কিছু নির্বাচন বিরোধী অসমিয়া গ্রামের মানুষ ভাষিক এবং ধর্মীয় সংখ্যালঘু গ্রামে আক্রমণ নামিয়ে আনলে সংঘর্ষের সূচনা হয় এবং সংখ্যালঘুর প্রতি আক্রমণে চমরিয়া গ্রামে বেশ কিছু বাড়িঘর ভস্মীভূত হয়, ৯ জন ব্যক্তি মারা যান।
·         গুয়াহাটির মালিগাঁওতে কঠিন নিরাপত্তা বেষ্টনীর মধ্যে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির নির্বাচনী জনসভা।
·         লখিমপুরের বধালরাতে এক গণহত্যা।
·         তামোলপুরে অসমিয়া এবং জনজাতিদের মধ্যে সংঘর্ষ।
·         যোরহাটে লাহদৈগড় এবং নগাঁওর রাইদিঙিয়াতে পুলিশের গুলিচালনাতে ২জন ব্যক্তির মৃত্যু।
·         উত্তর লখিমপুর জেলার বাধাধরাতে সাম্প্রদায়িক সংঘর্ষে দুই পক্ষেরই ৫ ব্যক্তির মৃত্যু।

 ফেব্রুয়ারি-১৩
·         নগাঁও জেলার বকুলগুড়ি, জাগিরোড, লাহরিঘাট ইত্যাদি স্থানে ব্যাপক সাম্প্রদায়িক সংঘর্ষ। বহু মানুষ হতাহত। নগাঁও শহরে বোমা বিস্ফোরণে ২ ব্যক্তির মৃত্যু।
·         মরিগাঁওর দন্দুয়া, জাজরি এবং রহাতে দুষ্কৃতিকারীর উপর পুলিশের গুলি চালনা। ১৩জন নিহত।
·         উত্তর লখিমপুরের বহু জায়গাতে সংঘর্ষ। শতাধিক বাড়িঘর ভস্মীভূত, দু’জন মানুষ নিহত।
·         বিহুপুরিয়াতে এক নির্দল প্রার্থীর উপর আক্রমণ চালালে দেহরক্ষীর আত্মরক্ষাত্মক গুলিতে এক ব্যক্তির মৃত্যু।
·         কামরূপ জেলার বকোতে পুলিশের গুলিতে  ১ ব্যক্তির মৃত্যু।
·         ছয়গাঁওতে অসম প্রদেশ কংগ্রেস (ই) সভাপতি হরেন্দ্রনাথ তালুকদারের উপরে হাতবোমা নিক্ষেপ।
·         গোগামুখে দলীয় সংঘর্ষে ৫ জন নিহত।
ফেব্রুয়ারি-১৪
·         দরং জেলার গহপুরে জনজাতি অজনজাতিদের মধ্যে সংঘর্ষে শতাধিক মানুষ নিহত, ৩০ টি গ্রাম পুড়িয়ে ফেলা হয়।
·         নগাওঁ জেলার যমুনামুখ এবং কামরূপ এলাকাতেও ব্যাপক সাম্প্রদায়িক সংঘর্ষ।
·         প্রবল প্রতিকুল পরিস্থিতির মধ্যেই অসমের ৬১টি  বিধানসভা কেন্দ্রে নির্বাচন।
·         টিহুর থেকে ৫ কিমি দূরে খাস সুরাপাড়াতে সি আর পি-র গুলিতে ৬ জন নির্বাচন বিরোধী ব্যক্তির মৃত্যু।
·         নগাঁও জেলার ভুরভুন্দা, দলংঘাট এবং রাইদিঙিয়াতে নির্বাচন বিরোধী একদল উত্তেজিত জনতার উপর সি আর পির গুলি চালনা। ৮ জনের মৃত্যু।
·         কামরূপ জেলার চমরিয়াতে হওয়া সাম্প্রদায়িক সংঘর্ষ ব্যাপক রূপ নেয়, ত্রিলোচন, জামবাড়ি ইত্যাদি জায়গাতেও ছড়িয়ে পড়ে।
·         উত্তর কামরূপের পাতাছারকুছি, ডিগবয়ে একটি ভোট গ্রহণ কেন্দ্রে এবং যোরহাটের টিয়ক কেন্দ্রে নির্বাচন বিরোধী উত্তেজিত জনতার উপরে পুলিশের গুলি চালনাতে সব মিলিয়ে ১৯ জন মারা যান।
·         ধেমাজির কাছে বিষ্ণুপুর-শান্তিপুরে বেশ কিছু গ্রামে আন্দোলনকারীদের আক্রমণ। দুই কুড়ির বেশি মানুষের মৃত্যু।
ফেব্রুয়ারি-১৫
·         অসম বিধানসভা নির্বাচনে বিশ্বনাথ চারিয়ালি কেন্দ্রের কংগ্রেস (ই) প্রার্থী সত্য নারায়ণ রাম নির্বাচন বিরোধী একদল মানুষের হাতে নিহত।
·         গোয়ালপাড়া জেলার কারাইখোয়া, নলঙা, মারকুলা ইত্যাদি জায়গাতে সাম্প্রদায়িক সংঘর্ষ। বেশ কিছু গ্রাম পুড়ে ছাই।
·         বঙ্গাইগাঁও ভাক্রিভিটাতে পুলিশের গুলিতে ২জন ব্যক্তির মৃত্যু।
·         চাবুয়ার কাছে রৌমারিইয়াতে পুলিশের গুলি চালনাতে ২ ব্যক্তির মৃত্যু।
·          নগাঁও জেলার জুরিয়াতে সাম্প্রদায়িক সংঘর্ষ, পুলিশের গুলিতে ১জন নিহত।
·         শিবসাগরের বরহাটে পুলিশের গুলিতে একজন নিহত।
·         দরং জেলার চাউলখোয়া চরাঞ্চলে ব্যাপক সাম্প্রদায়িক সংঘর্ষ । বহু লোকের মৃত্যু।
·         চাউলখোয়া চাপরিতে সারা আসাম স্বেচ্ছাসেবক বাহিনীর সর্বাধিনায়ক জয়নাথ শর্মার ভাই দয়ানাথ শর্মা নিহত, তাঁর সঙ্গে আরো অনেকের মৃত্যু।
ফেব্রুয়ারি---১৬
·         ডুমডুমাতে সাম্প্রদায়িক সংঘর্ষে ৭ জন নিহত। লাকুয়ার কাছে শিলাকুটি মাণ্ডাও গ্রামে পুলিশের গুলিতে ১জন নিহত।
·         গোয়ালপাড়াতে আসাম পুলিশ এবং সি আর পি-র সংঘর্ষে ৬ জন সি আর পি নিহত।
·         ধুবড়ি মহকুমার গোলকগঞ্জে ২৩টি বাড়ি এবং নলবাড়ির ঘগ্রাপাড়ে ১৫টি বাড়ি পুড়ে ছাই।
·         ১৪ তারিখে যে সব ভোট কেন্দ্রে ভোট গ্রহণ সম্পূর্ণ করা যায় নি, সেরকম ১৩৭টি কেন্দ্রে আবার ভোট গ্রহণ।
·         নগাবান্ধাতে হিটলারি পন্থাতে মুসলমান গণহত্যা। নগাবান্ধা হাইস্কুলে আশ্রয় নেয়া মুসলমান সম্প্রদায়ের মানুষকে স্কুল ঘরের বাইরে তালা লাগিয়ে আগুন লাগিয়ে হত্যা করা হয়।

ফেব্রুয়ারি-১৭
·         দ্বিতীয় পর্যায়ের ভোট গ্রহণ। ৩৬টি বিধান সভা এবং ১১টি লোকসভা কেন্দ্রে। মঙলদৈ মহকুমার হিরাপাড়া, খাটনিয়ার পাড়া ইত্যাদি অঞ্চলে ব্যাপক সাম্প্রদায়িক সংঘর্ষ। বহু মানুষের মৃত্যু, বহু মানুষের বাড়ি পুড়িয়ে ছাই।
·         শিবসাগর জেলার ধলানসবা, চাপরি আলিতে এবং যোরহাটের তিতাবর, গোয়ালপাড়া জেলার কোকড়াঝাড়ে এবং বিলাসিপাড়াতে, নলবাড়ি জেলার বরমাতে, ডিব্রুগড় জেলার চাবুয়াতে নির্বাচন বিরোধী জনতার উপর গুলি চালনা। বহুলোক হতাহত।
ফেব্রুয়ারি-১৮
·         নগাঁও জেলার নেলিতে সংখ্যালঘু মুসলমানের উপরে পরিকল্পিত আক্রমণ। প্রায় তিন হাজার মানুষের মৃত্যু। ১৬টি গ্রাম পুড়ে ছাই।
·         দরং জেলার বিভিন্ন জায়গাতে সাম্প্রদায়িক সংঘর্ষ। এই সংঘর্ষে ২৬ জন এবং পুলিশের গুলিতে ৪ ব্যক্তির মৃত্যু।
·         গোয়ালপাড়া জেলার বৈঠামারি এলাকাতে ৮টি, বিজনি এলাকাতে ৬ খানা, কামরূপ জেলার গোরেশ্বরে ৮টি, নগাঁও জেলার যমুনামুখ এবং কামরূপের ৭খানা গ্রাম পুড়িয়ে ছাই করে ফেলা হয়। ৩৯ জন মানুষ মারা যান, গৃহহারা হন ১২০০০ জন ।
·         নগাঁও জেলার ধিং এলাকাতে বিভিন্ন ঠাইতে সাম্প্রদায়িক সংঘর্ষ, গোয়ালপাড়া জেলার লখিমপুরে ৩টি মৃতদেহ উদ্ধার। জামুগুড়িতে একদল দুষ্কৃতিকারীর উপর সি আর পির গুলি বর্ষণের ফলে ১ ব্যক্তির মৃত্যু।
·         শিবসাগরের নাওজানে একশটি মুসলিম পরিবার ক্ষতিগ্রস্ত।
ফেব্রুয়ারি—১৯
·         কামরূপ জেলার গোরেশ্বরে ভাষিক সংখ্যালঘুর উপরে আক্রমণ। অনেকে আহত।
·         অভয়াপুরির কাওয়াদাঙ্গা ইত্যাদি এলাকাতে সাম্প্রদায়িক সংঘর্ষ।
·         ২৪টি বিধান সভা কেন্দ্রে ভোট গ্রহণ।
·         কেন্দ্রীয় গৃহমন্ত্রীর নেলি এবং নগাবান্ধার গণহত্যার পৈশাচিক দৃশ্য পরিদর্শন।
·         লখিমপুর জেলার ঢকুয়াখানাতে ৬ জন, কামরূপ জেলার সাউদে ভিটাতে ২জন লোক দলীয় সংঘর্ষে এবং পুলিশের গুলিতে নিহত।
·         দরং জেলার খৈরাবাড়ির কাছে বরঙ্গাজুলির একটি ভাষিক সংখ্যালঘু গ্রাম পুরো পুড়িয়ে দেওয়া হয়। নিহত দেড় শতাধিক।
·         শিবসাগর জেলার থাওরা কেন্দ্রের খরহাটে ১জন, আমগুড়ি কেন্দ্রের বরমা বাগিচাতে ২জন ব্যক্তি পুলিশের গুলিতে নিহত।
·         চতিয়াতে দলীয় সংঘর্ষে ৬জন মানুষের মৃত্যু। ঠেকেরাবাড়ি ধুলা চৌকা গ্রামে দুখানা পুড়ে ছাই।
ফেব্রুয়ারি—২০
·         শিলাপাথারের কাছের আর্নে চরঅঞ্চলের বেশ কিছু বাঙালি গ্রামে আক্রমণ। কয়েকশ মানুষের মৃত্যু।
ফেব্রুয়ারি—২১
·         প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির নেলি গোহপুর ভ্রমণ।
·         কামরূপ জেলার গোরেশ্বর থেকে প্রায় দুই হাজার ভাষিক সংখ্যালঘু মানুষ পালিয়ে গিয়ে পশ্চিম বাংলাতে আশ্রয় নেন।
·         কামরূপ এবং নগাঁওর বিভিন্ন জায়গাতে ৪৮টি মৃতদেহ উদ্ধার।
·         ধেমাজি জেলার চিমেন চাপরিতে আন্দোলনকারীরা বাঙালিদের উপরে আক্রমণ করে। বহু লোক মারা পড়েন।
ফেব্রুয়ারি—২২
·         অসমের ঘটনাতে রাষ্ট্র সংঘের সচিব প্রধান পেরেজ দ্য কুয়েলারের দুঃখ প্রকাশ।
·         কর্মচারী পরিষদের ১৮ দিনের অসহযোগ সমাপ্ত।
·         নব-নির্বাচিত সরকার গঠনের বিরুদ্ধে কর্মচারীর সর্বাত্মক অসহযোগ পালন।

ফেব্রুয়ারির পরের কিছু উল্লেখযোগ্য সাম্প্রদায়িক ঘটনা
মার্চ—৪
·         সরুপেটাতে রফিকুল ইসলাম, আবদুল হালিম, আব্দুল মতিন এবং রাইজুদ্দিন আহমেদ নামের চার ব্যক্তিকে দোকানের জন্যে জিনিস কিনতে আসবার পরে দুষ্কৃতিকারীরা হত্যা করে।
মার্চ—৫
·         গুয়াহাটি-আজারার অন্তর্গত গরল ভট্টাপাড়াতে কিছু দুর্বৃত্ত গাড়ি থামিয়ে ৭ জন মুসলমান ব্যক্তিকে নামায়। ৫ জনকে খুন করে। ২জন কোনো ক্রমে প্রাণ নিয়ে পালাতে সমর্থ হন। তাঁরা হলেন আবু সামা এবং শাজাহান। বাড়ি ছয়গাঁওর জাহিরপুরে।
মার্চ---৬
            অসমের গণহত্যার প্রতিবাদে বাংলাদেশে এগার দলের জোটের প্রতিবাদ।
মার্চ---৭
            গুয়াহাটির দক্ষিণ শরণীয়ার হলধর পাঠকের বাড়ির ভেতরে একটি বোমা বিস্ফোরণ। এই ঘটনাতে অনিল ডেকা এবং মতিউর রহমানের মৃত্যু হয়।
মার্চ---১৭
·         মঙলদৈ মহকুমার শিপাঝাড় এলাকাতে মিজাজুর রহমান নামের এক ‘ভূমিপুত্র’ মুসলমান তরুণকে হত্যার ঘটনাকে কেন্দ্র করে সেই অঞ্চলে তুমুল আলোড়ন।
মার্চ---১৯
·         কামরূপ জেলার ভেল্লার কাছে নগাঁওতে লাইন  বাস থামিয়ে ৪ জন মুসলমান পুরুষ, ৩জন মহিলা এবং ১টি শিশুকে দুষ্কৃতিকারীরা অপহরণ করে।
·         তেজপুরের পাণপুরে, ফেরিঘাট এবং লালটাপুতে সাম্প্রদায়িক সংঘর্ষ হয়।
মার্চ---২৭
·         গোলাঘাট মহকুমার বরগরীয়াতে ৪০টি মুসলমান পরিবারের বাড়ি পুড়িয়ে ছাই।
মার্চ---৩০
·         হাজোর বুল্লুট বাজারে দুটি শক্তিশালী বোমা বিস্ফোরণ। ২২জনের মৃত্যু।
·         শিবসাগরের রংবাং চরঅঞ্চলে ২২টি মুসলমান পরিবারের বাড়িতে আগুন।
মার্চ---৩১
·         কোকড়াঝাড় অঞ্চলে রাজবংশীদের দ্বারা ভাষিক এবং ধর্মীয় সংখ্যালঘুদের গ্রামে আক্রমণ। ৩০টির বেশি গ্রাম পুড়ে ছাই। ১৭ জনের মতো মানুষের মৃত্যু।
এপ্রিল---১১-১২
·         আসুর মুসলমান সদস্যদের আসুর শীর্ষনেতৃবৃন্দকে পনেরো দফার দাবি সনদ পেশ।
এপ্রিল—২০
·         শান্তির নোবেল পুরস্কার বিজয়ী বিশ্বখ্যাত মানব সেবিকা মাদার টেরেসার সঙ্গে সারা আসাম মুসলমান সমাজের নেলি, চামাগুড়ি ইত্যাদি অঞ্চল ভ্রমণ।
মে---৪
·         পনেরো দফা দাবি সনদ পেশের অপরাধে নুরুল হোসেন সহ বেশ কিছু আসু সদস্যকে আসুর থেকে বহিষ্কার।
(সে সময়ের বিভিন্ন  সংবাদ পত্র থেকে সংগৃহীত )

পরিশিষ্ট (২)
স্বেচ্ছাসেবক বাহিনীর গোপন নির্দেশিকা
নির্বাচন প্রতিরোধের কার্যব্যবস্থা

১) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে চাওয়া যে কোনো রাজনৈতিক দলের অথবা নির্দলীয় প্রার্থীদের এবং সম্ভাব্য প্রস্তাবকদের   
    মনোনয়ন পত্র দাখিল করতে বাধা দেবেন।
            ক) ঘেরাও, খ) পিকেটিং, গ) আক্রমণ
            নির্বাচনের কাজে লিপ্ত হতে পারেন সেরকম যেকোনো  ব্যক্তিকে (যেমন প্রার্থীর পুত্র, কন্যা, পত্নী, আত্মীয়, পুলিং  অফিসার, গাড়ির ড্রাইভার, গ্যারেজের মালিক, মেকানিক ইত্যাদি)   স্থানান্তরের ব্যবস্থা করবেন।
২) ক) ভোট গ্রহণ কেন্দ্র, গাড়ি, দেশদ্রোহীর ঘর-দোয়ার ইত্যাদিতে অগ্নি সংযোগ করবেন।
    খ) ভোট গ্রহণ কেন্দ্র স্থাপনে বাধা দেবেন, সরকারের নিয়োগ করা আধিকারিকদের প্রবেশে বাধা দেবেন।
    গ) ভোটের বাক্স জব্দ করবেন, দূরে কোথাও সেগুলো নষ্ট করবেন। ভোটের বাক্স এবং ব্যালট পেপার বয়ে নিয়ে যাওয়া  ব্যক্তির যান-বাহনে আক্রমণ এবং অগ্নি সংযোগ।
৩) বাধা প্রদান
   ক) বিভিন্ন পথের উপর গাছ কেটে পথ বন্ধ করা হোক।
   খ) রাস্তার উপর পোলিঙের জন্যে গাড়ি যাতে না যেতে পারে সেজন্যে রাস্তা কেটে ফেলতে হবে।
   গ) পরোক্ষভাবে রেল চলাচলে বাধা দিতে হবে। যেমন রেলের সিঁড়ি, ফিশপ্লেট উঠিয়ে দিতে হবে।
   ঘ) পথে খুঁড়ে দিতে হবে, সেতু ভেঙ্গে দিতে হবে, ফাঁড়ি পথ তৈরি করলে সেগুলোও খুঁড়ে ফেলতে হবে।
৪) নির্বাচনী প্রচারে বাধা দিতে নির্বাচনী পোস্টার ছিঁড়ে দেবেন, দেয়াল লিখন মুছে পোস্টার লেখার লোকজনকে আটক করবেন।
৫) বিজলি তার বিচ্ছিন্ন করবেন।
৬) অন্যান্য কার্যব্যবস্থা
            ক) সরকারি কার্যালয়ে অগ্নি সংযোগ।
            খ) নির্বাচনী কাজে নিয়োজিত লোকজনের খাবার থেকে শুরু করে ঠাণ্ডা জল অব্দি পাওয়া কঠিন করে তুলতে হবে।
            গ) যে কোনো সরকারি যান-বাহনের পেট্রল এবং ডিজেল ট্যাংকে চিনি ঢেলে দেবেন।
            ঘ) যান-বাহনের টায়ারে পেরেক ঢুকিয়ে দিতে পারার মতো যথেষ্ট পেরেক মজুত রাখবেন এবং কাঠের পেরেক ঢুকে  পথের উপরে গোবর বা গাছের পাতাতে ঢেকে রাখবেন।
            ঙ) পর্যাপ্ত পরিমাণে লংকাগুড়ো , চোতরা পাতার গুড়ো, ‘বান্দর কেঁকোরা’ (চোতরার মতোই জ্বালা ধরানো উদ্ভিদ),  মৌমাছি, বোলতার বাসা জমা রাখতে হবে, এবং নির্বাচনী সভাসমিতিতে ভোট গ্রহণ কেন্দ্রে গিয়ে প্রয়োগ করতে   হবে।
            চ) তীরধনুক  চালাতে নিপুণ ব্যক্তিদের স্বেচ্ছাসেবীরূপে তৈরি রাখতে হবে। গুলতিও তৈরি রাখতে হবে।
            ছ) প্রতিদিন জায়গা বদল করে রেললাইনের ফিশপ্লেট সরিয়ে যেতে হবে।
            জ) অপহরণ করে নেয়া অসম বিরোধী ব্যক্তিকে অকেজো করে নির্জন স্থানে রাখতে হবে।
৭) মুখ্য কার্যালয়ের থেকে ১২৬জন প্রশিক্ষণ প্রাপ্ত স্বেচ্ছাসেবক নিয়োজিত। তাদের কাজ হবে:
            ক) গোপন নির্দেশের যোগান দেয়া এবং আবার মুখ্য কার্যালয়কে নির্বাচন কেন্দ্রগুলোর খবর জানানো।
            খ) গোপন নির্দেশ প্রয়োগে আনা এবং প্রশিক্ষণের ব্যবস্থা করা।
৮ ) জনসংযোগ ব্যবস্থা।  
            সংবাদ পত্রে যদি সেন্সর হয়, তবে---
            ক) দৈনিক বুলেটিন (লিথো বা ছাপা) বিতরণ। সাইকেল বা অন্যান্য যানবাহনের মাধ্যমে---রাতের বাস, রেল, লাইন  বাস, রিক্সা, মটর সাইকেল, ডিঙি নৌকা, ফেরি ইত্যাদিরও সাহায্য নেবেন। সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের  চাকরিজীবীদেরও এই কাজে নিয়োগ করবেন।
            খ) গ্রামীণ অঞ্চলে ঢোল বাজিয়ে প্রচার করবেন।
            গ) যদি কোনো জরুরি ঘোষণা থাকে তবে অতর্কিতে সিনেমা হলের ভেতরেও ঢুকে যাবেন, এবং ঢোল বাজিয়ে  জানাবেন।
বি: দ্র:  বাড়িঘর জ্বালাবার জন্যে তির-ধনুক, নাগেশ্বরের গুটি, আমড়া গুটি, মরাপাট সংগ্রহ করে রাখবেন। একদিকে আগুন লাগিয়ে অন্যদিকে লেগেছে বলে ফায়ার-ব্রিগেডকে খবর দেবেন। এর বাইরেও কোনো ঘটনা না হলেও হয়েছে বলে খবর দিয়ে পুলিশ আর অগ্নিনির্বাপক বাহিনীকে ব্যতিব্যস্ত করে রাখবেন।

পরিশিষ্ট (৩)
অসম আন্দোলনের নেতৃত্বের গোপন নির্দেশগুলো ছিল
১) একজনের নেতৃত্বে গোপনে সদর জায়গা স্থির করে কঠোর শৃঙ্খলা এবং নিয়মাবলীসহ বিভিন্ন স্তরে সমিতি গঠন।
২) অর্থ সংগ্রহ।
৩) যে সব অসমিয়া রাজনৈতিক ব্যক্তি, দালাল, সরকারী চাকুরে, শোষণকারী প্রভৃতি এই সমিতির স্বার্থের বিরুদ্ধে কাজ করে যাবে তাদের চিনে বের করা।
৪) এই ধরণের কমিটির কাজের বিরোধী অনাসমিয়াদেরও চিনে বের করা।
৫) স্থানীয়ভাবে বিচার করবার জন্যে দিন নির্ধারণ করা।
৬) নাগা, মিজো, মণিপুরি, মেঘালয়, অরুণাচল, ত্রিপুরা এবং উত্তরপূর্বাঞ্চলের ভূমিপুত্রদের (খিলঞ্জিয়া) সঙ্গে ঘনিষ্ঠ সম্বন্ধ রাখা এবং তাদের কাঁধে কাঁধ মিলিয়ে অঞ্চলটির উন্নয়নের স্বার্থে কাজ করা।
৭) বদরপুর থেকে লামডিং অব্দি রেলযোগাযোগ বিচ্ছিন্ন করে কাছাড় জেলাকে অসমের মানচিত্রের থেকে বাদ দেয়া এবং   লোকবিনিময়ের মাধ্যমে অসমের বাঙালিদের কাছাড় জেলাতে সংস্থাপিত করা।
৮ ) লামডিংকে সব দিক থেকে বিচ্ছিন্ন করে দেয়া।
৯)  অসমিয়া মুসলমানেরা বাঙালি মুসলমানদের সঙ্গে কোনো সম্পর্ক রাখবেন না, এমন কি ধর্মের নামেও না।
১০)বাঙালি হিন্দুরা অসমকে বৃহত্তর বাংলা পরিণত করবার ধারণা পরিহার করুন। বাংলাদেশী মুসলমানেরা অসমকে মুসলমান রাষ্ট্রে পরিণত করবার ভাবনা বাদ দিন। তাঁরা আলীগড়, জামশেদপুর, নদীয়া ইত্যাদি জায়গাতে সংঘর্ষের কথা এবং আর এস এস-এর তাদের বিরুদ্ধে করা কার্যকলাপের কথা ভুলে যাওয়া তাদের জন্যেই মঙ্গলজনক নয়।
১১) বাঙালি হিন্দু –মুসলমান উভয়েরই উচিত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা বন্ধ রাখা। এবং রাজ্য সরকারের চাকরিতে নিয়োগও বন্ধ  রাখতে হবে।
১২) অসমের বিশ্ববিদ্যালয়, মহাবিদ্যালয়, অন্যান্য শিক্ষানুষ্ঠানে পাঠরত বাঙালি ছাত্রদের পাঠে বিঘ্ন ঘটানো।
১৩) বাঙালি দোকান থেকে জিনিসপত্র কেনা এবং তাদেরকে দরকারি জিনিস বেচাও বন্ধ করা।
১৪) বাংলা সিনেমা দেখানো বন্ধ করতে হবে।
১৫) কলকাতা ভিত্তিক সংবাদ পত্রের প্রচলন বন্ধ করতে হবে।
১৬) বাঙালি অধ্যুষিত অঞ্চল, শিল্পাঞ্চল এবং অসমের সীমান্তে শুধু অসমিয়া পুলিশ আধিকারিক নিয়োগ করা।
১৭) রেল, ব্যাঙ্ক, বিমা আদি প্রতিষ্ঠানগুলোতে বাঙালি নিয়োগে বাধা প্রদান।
১৮) সর্বত্র শুধু অসমিয়া নিয়োগ।
১৯) বাঙালিদের ধর্মীয় এবং সাংস্কৃতিক জীবন বিপন্ন করা। পুরোনো বাসিন্দাদের শান্তিতে বাস করতে দেয়া।
২০) স্থানীয় মানুষের ব্যবসা-চাকরি-ঠিকা ইত্যাদি করবার সুযোগ পেতে হবে। মিল, শিল্পকেন্দ্র আদিতেও শ্রমিকের কাজেও   স্থানীয়দের নিয়োগ করতে হবে।
২১) সবাইকে পরম্পরাগত পোশাক পরতে হবে।
২২) চা, কয়লা, প্লাইউড, তেল এবং অন্যান্য সম্পদের উৎসগুলোর নিয়ন্ত্রণ রাজ্যসরকারকে নিতে হবে।
২৩) কলকাতা, দিল্লিকে জানাতে হবে যে জীবন ধারণের জন্যে অসমের তাদের থেকে শুধু নুনই দরকার। অথচ, তারা অসম   থেকে চা, কয়লা, তেল ইত্যাদি না নিলেই নয়। অসমের উচিত তাদের বুঝিয়ে দেওয়া যে বিশ্বের বুকে অসমিয়া নিঃসঙ্গ  নয়।
২৪) অসমিয়ার উচিত থাই বৌদ্ধদের সঙ্গে সাংস্কৃতিক বন্ধুত্ব টিকিয়ে রাখা।




পরিশিষ্ট (৪)
বিজ্ঞপ্তি
বিগত অসম আন্দোলনের সম্পর্কে যেসব ফৌজদারি মামলা আদালতে এখনো চলছে এবং বিচারাধীন হয়ে আছে, রাজ্য সরকার চায় সেগুলো অবিলম্বে প্রত্যাহার করতে। ইতিমধ্যে সব মিলিয়ে ২০,৬২৫টি মামলা রাজ্য সরকার প্রত্যাহার করেছে। তবু সারা আসাম ছাত্র সংস্থার থেকে বলা হচ্ছে যে আরো অনেক মামলা প্রত্যাহৃত হয় নি। সেরকম মামলার বিবরণ দিয়ে সংশ্লিষ্ট জেলার উপায়ুক্তের কাছে ৩০/১১/৮৯ তারিখের মধ্যে আবেদন করবার জন্যে নির্যাতিতদের কাছে এবং ছাত্র সংস্থাকে আহ্বান জানানো হলো। সেরকম আবেদনের প্রতিলিপি একটি অসম সরকারের অসম চুক্তি রূপায়ণ বিভাগের কাছেও পাঠাবার অনুরোধ জানানো হচ্ছে। এই বিষয়ে রাজ্য সরকারের সঙ্গে হওয়া আলোচনাতে সারা আসাম ছাত্র সংস্থা একমত হয়েছে।
                                                                                    সচিব
                                                                                    অসম চুক্তি রূপায়ণ বিভাগ,
                                                                                    তারিখ: দিসপুর, ১৬ নভেম্বর,’৮৯
পরিশিষ্ট (৫)
শিলাপাথারে নিহত কিছু মানুষের নাম
(আর্নে চাপরি, চিমেন চাপরি আদি অঞ্চলে)
সোনাই মণ্ডল (৪০), যুধিষ্ঠির রায় (৭০), সুরেন মালো (৬০), প্রাণ কুমার সরকার (৬৫), মদারি মণ্ডল (৬২), সুবল সরকার (৭৫),  কাঞ্চন সরকার (৬০), মদন সরকার (৪০), সুনীল সরকার (৪৫), রতন বর্মণ (১০), যোগেন রাজবংশী (৭০), রমেশ ভৌমিক (৬৫), হেমন্ত শিকদার (৭২), রায়মোহন বিশ্বাস (৭৫), মইনা নমশূদ্র (৩১),  শ্রীমতী নমশূদ্র (৪), বিজয় নমশূদ্র (৬), রাজকুমার নমশূদ্র (৩০), কুমুদিনী নমশূদ্র (৬০), চামেলি নমশূদ্র (৪), কাজল নমশূদ্র (২), দরিকা নমশূদ্র (৬০), সুখকান মালোদাস (৫), শেফালি সরকার (১৫), গুরুচরণ সেন (৫০),   সুনীল ভৌমিক (৩৫), যজ্ঞেশ্বর সাহা (৪০), সাধুচরণ সাহা (৭০), ধীরেন শিকদার (৩৫), বনমালী শর্মা (৬০), উমা শর্মা (৭), সরস্বতী দেবী (৫০), দশরথ দেবনাথ (১৭), পঞ্চ সরকার (১০), যামিনী সরকার (৭০), রবি চক্রবর্তী (৬০), রতন দাস (১৬), সন্তোষ পাল (৫০), রমেশ চন্দ্র পাল (৬৭), মাণিক নমশূদ্র (২২), নরেশ ঘোষ (৬২), ফালো মণ্ডল (৮০), হেমন্ত দাস (৬৫), প্রায়বালা মালোদাস (৭০), মিলন নমশূদ্র (৫০), পবিত্র নমশূদ্র (৬০) , নৃপাবালা নমশূদ্র (৪০), শুলক্ষ নমশূদ্র (৭০), অশোক বালা নমশূদ্র (৬০), সুরেশ নমশূদ্র (৬০), বাজিলাল নমশূদ্র (৩৪),  ক্ষোবা নমশূদ্র (৩৪), সুরেন্দ্র নমশূদ্র (৬০),  সুকুমার নমশূদ্র (৫০), রাজবালা নমশূদ্র (২০), আসু কুমার নমশূদ্র (৪), চিত্তরঞ্জন নমশূদ্র (২), পিয়ালি নমশূদ্র (৫০), সঞ্জনা নমশূদ্র (৮), শৈব্যাবালা নমশূদ্র (১০), মুক্তা নমশূদ্র (২), মইনা নমশূদ্র (৮), সুকুতি নমশূদ্র (১৫), সুশইবালা নমশূদ্র (৩৬), লতিকা নমশূদ্র (১০), জ্যোতি নমশূদ্র (৫), দেবেশ্বর নমশূদ্র (৩০), জবা বালা নমশূদ্র (২), সুজাতা বালা নমশূদ্র (১০), টুকুরাম নমশূদ্র (৫), রেণুবালা নমশূদ্র (৪৮), প্রমিলাবালা নমশূদ্র (৬০), নিয়তিবালা নমশূদ্র (২০), বংশর নমশূদ্র (৪), মালন্তী নমশূদ্র (১৮), কমলাবালা নমশূদ্র (২২), তুলারাম নমশূদ্র (৩৫), জলন্দিনী (৮০), বিশ্বজিৎ (১), রঙ্গীবালা নমশূদ্র ( ৩৫), মাণিক নমশূদ্র (২২), স্বান্ত্বনাবালা নমশূদ্র (৫), মায়াবালা (৩০), ঝুনইবালা (৪৮), গোপাল নমশূদ্র (৬), দীনেশ নমশূদ্র (৫৫), শিবানী নমশূদ্র (২৮), ক্ষিতীশ নমশূদ্র (৪৫), রেবতী নমশূদ্র (২), সুজিত (৩), আহ্লাদ নমশূদ্র (৩৫) ইত্যাদি।
বিষ্ণুপুর , শান্তিপুরে নিহত কিছু মানুষের নাম
রেণু দেবনাথ (৩), অমর রায় (৬৫), সরস্বতী রায় (৫৫), ফালানি রায় (৫৫), কাশী রায় (৬০), রমা রায় (৬৫), ধীরেন বিশ্বাস (৩০), কনকবালা সরকার (৬০), রেণুবালা বিশ্বাস (৪৫), বিচু বিশ্বাস (১৩), শল্কী বিশ্বাস (১২), লক্ষীবালা মণ্ডল (৮০), খেপী বিশ্বাস (৪), দীনেশ দেবনাথ (৫৫), যাদব রায় (৬০), যদু রায় (৫৫), পরেশ ঘোষ (৪০) ইত্যাদি।
পরিশিষ্ট (৬)

সহায়ক গ্রন্থপঞ্জী/পত্র-পত্রিকা/ প্রতিবেদন
ইংরেজি :
১) Sanjay:Assam, A Crisis of Identity, 1980
২) Hussain, Dr Manirul, The Assam Movement: Class, Ideology and Identity, Manak Publication, 1993
৩) Barua, Sanjib: India Against Itself, Oxford, 1999.
৪) Verghese , B.G.: Northeast Resurgent, Konark Publication, 1996.
৫) Gupta, Shekhar, Assam: A Velley Divided, Vikas Publication House , 1984.
৬) Gohain, Dr. Hiren: Case of fathomless double-dealing, The Telegraph, 25 May, 1983.
৭) Gohain, Dr. Hiren: On the present Movement in Assam, 1980, Assam : A Burning Question, 1984.
৮ ) Hazarika, Sanjay: Rites of Passage; Penguin. 2001.
৯) India Today: 15th March and 31st May. 1983.
১০) Several Copies of ‘Economic and Political Weekly’
১১) Kimura, Dr. Makiko, ‘Agency of Rioteers’, 2009.

অসমিয়া :
১২) বরগোহাঞি, হোমেনঃ আশির দশকর দস্তাবেজ, স্টুডেন্ট স্টোর্স, ২০০১।
১৩) গোস্বামী , সবিতা : মন গংগার তীরত, অন্বেষা, ২০০৯।
১৪) অসম আন্দোলনঃ প্রতিশ্রুতি আরু ফলশ্রুতি, বনলতা, ২০০১।
১৫) বিভিন্ন অপ্রকাশিত তদন্ত প্রতিবেদন, অসম সরকার।
১৬) মেহতা আয়োগর তদন্ত প্রতিবেদন,
১৭) মুজাহিদ বিশেষ সংখ্যা, ১৯৮৩।
১৮) শর্মা, দিগন্ত :  নেলী, ১৯৮৩, একলব্য প্রকাশন, ২০০৭।
১৯) অগ্রদূত, ১৯৮৩ সনের বেশ কিছু সংখ্যা।

~~~~~০সমাপ্ত০~~~~~

(লেখকের দূরভাষ: ৯৮৫৪৬-৩১৯২৮। লেখক ‘সাদিন’ কাগজের স্টাফ রিপোর্টার।)


Friday, 17 November 2017

১৯৮৩র অসম: নিপীড়িত বাঙালি হিন্দু-৫



মূল অসমিয়াঃ দিগন্ত শর্মা
বাংলা অনুবাদ: সুশান্ত কর
  ( শিলচর থেকে প্রকাশিত 'অরুণোদয়' কাগজে বেরুচ্ছে ধারাবাহিক। ক্লিক করুন প্রথম, এবং দ্বিতীয়,    তৃতীয় এবং চতুর্থ অংশ পড়তে) 
মন্দিরের নাগাড়ার শব্দে আজও শিহরিত হন
গোরেশ্বরের ভাষিক সংখ্যালঘু জনতা

ঈশ্বর উপাসনার জন্যে বহু মন্দিরে প্রদীপ জ্বালবার সঙ্গে নাগাড়া বাজানো হয়। নাগাড়ার শব্দ ভক্তি-প্রাণ ব্যক্তিকে খানিক সময়ের জন্যে হলেও মাথা নোয়াতে বাধ্য করে। কিন্তু কামরূপ জিলার গোৰেশ্বৰ শহরের নিকটবর্তী হাজলপাড়া, বেতনা, সিলকিঝাড় ইত্যাদি গ্রামের ভাষিক সংখ্যালঘু জনতা আজও শিহরিত হন নাগাড়ার শব্দ শুনলে। মন্দিরে সন্ধ্যা বেলা বাতি জ্বালবার পরে দূরের কোনো গ্রাম থেকে যখন নাগাড়ার শব্দ ভেসে আসে, তখন সে এলাকার বাঙালীদের মনে ভেসে আসে আতঙ্ক জর্জরিত একটি দিনের কথা। যে দিনটিতে সেই বাঙালী সম্প্রদায়ের মানুষের উপরে অসমীয়া মানুষেরা অত্যন্ত নির্দয়ভাবে আক্রমণ করেছিল। হত্যা করেছিল শতাধিক লোককে। ...
সেই আক্রমণ চালাবার আগে চারদিকে নাগাড়া বাজিয়ে একত্রিত হয়েছিল হাজার হাজার আক্রমণকারী। ‘নাগাড়ার শব্দ’ ছিল ছিল বিদেশী তাড়াতে লাঠি-বল্লম-দা –তলোয়ার- তির ধনুক নিয়ে দলে বলে অসমীয়া মানুষকে বেরিয়ে আসবার আহ্বান জানাবার সংকেত।  সেই সংকেত যেন ছিল গণনিধন যজ্ঞের শুরুর বার্তা।
সেদিনটি ছিল ১৮ ফেব্রুয়ারি, ১৯৮৩ সন। কামরূপ জেলার গোরেশ্বর শহরের কাছের আটটি গ্রামে আক্রমণ করেছিল উগ্রজাতীয়তাবাদী অসমীয়া মানুষজন। সেই গ্রামগুলো ছিল হাজলপাড়া, বেতনা, সিলকিঝাড়, ৫ নং গোরেশ্বর, বালাহাটী, গোঁহাই গাঁও, জানপাড়া এবং ২ নং গোরেশ্বর। পুরো আঠারোটি গ্রাম ধ্বংস হয়েছিল। সেই ভয়াবহ দিনটির মনে করে হাজলপাড়া গ্রামের পঙ্কজ বিশ্বাস বলেছিলেন,“বিদেশী বহিষ্কার আন্দোলন বা অসম আন্দোলন ছিল আমাদের জন্যে এক মূর্তিমান আতংক। বিশেষ করে ১৮ ফেব্রুয়ারি দিনটিতে আমরা প্রায় আটখানা গ্রামের মানুষ ১৬০জন আত্মীয় পরিজনকে হারিয়েছিলাম। সে দিনটির স্মৃতি আমাদের এমন ব্যথিত করে যে সেসব মনে পড়লেই কষ্ট হয়।মন্দিরের নাগাড়ার শব্দে প্রায়ই আমাদের সেই আতংকময় দিনটিকে মনে করিয়ে দেয়। কারণ নাগাড়া বাজিয়েই আক্রমণকারীরা একত্রিত হয়েছিল। প্রথমে হাজলপাড়া, সিলকিঝাড়, আর তারপরে অন্যান্য গ্রামগুলো আক্রমণ করেছিল। আসলে ১৭ তারিখে,অর্থাৎ আগের দিনে রামপুর (গোঁহাই হাউলি) গ্রামের নাগাড়া বাজিয়ে আক্রমণকারীরা জড়ো হয়েছিল। সেদিন রাতেই বরনদীর পুব পাড়ের অর্থাৎ দরং জেলার ঝালুকবাড়ি গ্রামে আগুন দিয়েছিল।পরদিন সকাল থেকেই কামরূপ জেলার বাঙালি বসতিপূর্ণ গ্রামগুলোতে আক্রমণ করেছিল।আমরা পালিয়েছিলাম।কিন্তু গ্রামের অনেকেই মারা পড়েছিলেন। ৩ নং হাজলপাড়া গ্রামের সুকোমল বিশ্বাসের পরিবারের ১৪ জন লোককে হত্যা করে ফেলে। সেরকম ধীরেন দাসের মা-বাবাসহ ৯ জন মানুষকে হত্যা করেছিল।”
সুকোমল বিশ্বাস জানালেন যে তাঁর পরিবারের বসন্ত বিশ্বাস (৬৫), সুকেশ বিশ্বাস (৪৫), পরিমল বিশ্বাস (৪০),কানন বিশ্বাস (২০), ভুবন বিশ্বাস (১২), বিজয় বিশ্বাস (১১), অণিমা বিশ্বাস (১৫), সন্ধ্যারানি বিশ্বাস (১৪), সুষমা বিশ্বাস (১৫), বিমল বিশ্বাস (৩৪) কে হত্যা করেছিল।
সুকোমল বিশ্বাস বললেন,“এখন সেসব কথা কেউ মনে করিয়ে দিলে আমাদের অনেক কষ্ট হয়। সেদিন আমার উপরেও আক্রমণ হয়েছিল।মারা গেছি ভেবে আক্রমণকারীরা ফেলে চলে যায়।কিন্তু পরে জ্ঞান ফিরে আসাতে বেঁচে গেলাম। আজ আমি শরীরে মনে সেই সংঘাতের ক্ষতচিহ্ন নিয়ে বেঁচে আছি। ...”
কথাগুলো বলে সুকোমল বিশ্বাস শোকবিহ্বল হয়ে নীরব হয়ে পড়েছিলেন।বিদেশী বিতাড়ন আন্দোলনের এক ভুক্তভোগী ধীরেন দাস বললেন,“আমার বাবা সুরেন্দ্র দাস,মা শান্তি দাস থেকে শুরু করে ৯ জন আত্মীয়কে হত্যা করেছে আন্দোলনকারীরা।আমরা কি অসমিয়া ভাষার শত্রু, না অসমিয়া জাতির শত্রু আজও বুঝে উঠতে পারি নি।১৯৬০এর ভাষা আন্দোলনেও আমরা আক্রান্ত হয়েছিলাম।সে যাই হোক,আমরা নির্যাতিত,নিপীড়িত মানুষের আজ অব্দি ন্যায় লাভ করতে পারি নি।এক এক জন মৃত ব্যক্তির বিপরীতে পাঁচ হাজার টাকা,আহত ব্যক্তির জন্যে দু হাজার টাকা এককালীন সাহায্য দিয়েছিল সরকার। এ কি সত্যিই প্রকৃত ক্ষতিপূরণ? দোষী আজও শাস্তি পেল না। ...”
এলাকাটিতে ক্ষেত্র অধ্যয়ন করে দেখা গেল যে সেই বাঙালিদের গ্রামগুলোতে আন্দোলনকারী,আক্রমণকারীরা শুধু যে মানুষ মেরেই ক্ষান্ত হয়েছিল তাই নয়।অনেকে গ্রামগুলোর থেকে মানুষের বিষয়-আসয়ও লুঠ করেছিল। উল্লেখযোগ্য যে গোরেশ্বর এলাকার বাঙালিদের গ্রামগুলোতে এবং দরং জেলার খৈরাবাড়ি এলাকাতে বিভিন্ন ভাষিক সংখ্যালঘু বসতিপূর্ণ গ্রামে চালানো আক্রমণের ফলে কয়েক শত মানুষের মৃত্যু হয়েছিল। হাজার হাজার মানুষ হয়েছিল গৃহহারা। গোরেশ্বর রেলস্টেশনে প্রায় ১৫ হাজার মানুষ আশ্রয় নিয়ে অনাহারে অনিদ্রাতে দিন কাটিয়েছিলেন। এমন কি অঞ্চলটির ৫ হাজার মানুষ পরে পশ্চিম বাংলাতে আশ্রয়ের সন্ধানে গিয়েছিলেন।প্রায় ২৫ দিন ভুক্তভোগীরা আশ্রয় শিবিরে থেকে আবার গ্রামে ফিরে এসেছিলেন। ফিরে এসে দেখেন ভিটে-বাড়িতে শুধু ছাই আর ছাই। ...
‘আসু’,গণ সংগ্রাম পরিষদ,কর্মচারী পরিষদ ইত্যাদি সংগঠন আন্দোলনে নেতৃত্ব দিয়ে বিদেশী বহিষ্কারের নামে যে কলঙ্কিত ইতিহাস রচনা করল তার জীবন্ত সাক্ষ্য হাজলপাড়া,বেতনা,সিলকিঝাড়,গোরেশ্বর এবং দরং জেলার খৈরাবাড়ি এলাকার ভুক্তভোগী বাঙালি সম্প্রদায়ের জনতা।যারা আজও অপেক্ষা করছেন ন্যায় পাবার জন্যে।কিন্তু বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারতবর্ষের প্রশাসনযন্ত্র উগ্রজাতীয়তাবাদের শিকার,ফ্যাসিবাদের বা সংঘাতের বলি অসমের মানুষকে ন্যায় দিতে ব্যর্থ হয়েছে। তার বিপরীতে দেশের অন্য প্রান্তের গোষ্ঠী বিদ্বেষ,সাম্প্রদায়িক সংঘাতের বলি মানুষজনকে কিছু হলেও ক্ষতিপূরণ দিয়েছে। উদাহরণ স্বরূপে ১৯৮৪ সনের ‘শিখ গণনিধন’ কাণ্ডের ক্ষতিগ্রস্তদের সরকার কয়েক লক্ষ করে ক্ষতিপূরণ দিয়েছে।২০০২এর গুজরাটে যারা সাম্প্রদায়িক সংঘাতের সৃষ্টি করেছিল তাদের একাংশকে অন্তত আদালত দোষী সাব্যস্ত করেছিল।গুজরাটের বিজেপি সরকার তথা নরেন্দ্র মোদী সরকার কেবিনেট মন্ত্রী মায়া কোডনানিকে গুজরাতের আদালত শাস্তির বিধান দিয়েছে। কিন্তু অসমে ১৯৮৩তে অনুষ্ঠিত সংঘাতে হাজার হাজার মানুষ প্রাণ হারাবার পরেও সেই গণসংহারকান্ডগুলোর কোনো বিচারই হল না। বরং যে সব মামলা রুজু করা হয়েছিল সেগুলোও আসাম সরকার বন্ধ করে দিল।হত্যাকারীদের সরকারী পৃষ্টপোষকতাতে মুক্ত করে দিয়ে সমগ্র ন্যায় ব্যবস্থাটিকেই কলুষিত করেছিল

শিলাপাথার কাণ্ড এবং
তেওয়ারি আয়োগের প্রতিবেদন
আক্রমণ করতে উসকে দিয়েছিল সরকারি আধিকারিকই

১৯৮৩র  জানুয়ারি থেকে এপ্রিল মাস অব্দি অসমে সংগঠিত হিংসাত্মক ঘটনাগুলো সম্পর্কে তদন্ত করতে ত্রিভুবন প্রসাদ তেওয়ারির নেতৃত্বে সরকার একটি তদন্ত আয়োগ গঠন করেছিল। যে আয়োগ সমগ্র ঘটনাবলী তদন্ত করে ১৯৮৪ সনে অসম সরকারের কাছে একটি প্রতিবেদন দাখিল করে।সেই প্রতিবেদনে অবিভক্ত লখিমপুর জেলার (তখন ধেমাজি ছিল মহকুমা) ঘটনাবলীর তথ্য ছিল। তেওয়ারি আয়োগের প্রতিবেদনে সংঘাতের পেছনকার বহু কথা উন্মোচিত করেছিল। বিশেষ করে সাধারণ জনতাকে নিরাপত্তা প্রদানে যে প্রশাসন যন্ত্র সম্পূর্ণ ব্যর্থ হয়েছিল তার স্পষ্ট উল্লেখ আছে এই প্রতিবেদনে।  উল্লেখ্য যে গত ত্রিশ বছরে অসম সরকার এই প্রতিবেদন প্রকাশ্যে আনে নি।প্রকারান্তরে সরকারের গড়ে দেওয়া আয়োগের প্রতিবেদনকে সরকারই লুকিয়ে রেখে ন্যায় ব্যবস্থাকে প্রহসনে পরিণত করেছে। এই প্রতিবেদনে আর্নে চাপরি,চিমেন চাপরি ইত্যাদি অঞ্চলের,শিলাপাথার শহরের পাশের স’সাইতি,বামগাঁও,ইত্যাদি অঞ্চলে সংঘটিত ঘটনা,ধেমাজি শহরের উত্তর দিকে অবস্থিত বিষ্ণুপুর,শান্তিপুর এলাকাতে সংগঠিত ঘটনা সম্পর্কে কতকগুলো তথ্য রয়েছে।প্রতিবেদনে স্পষ্ট উল্লেখ করা হয়েছে আক্রমণকারীরা আসলে কোন শ্রেণির অন্তর্গত। সেখানে উল্লেখ আছে যে আর্নে চরাঞ্চলে সংঘটিত ঘটনাগুলোতে সাম্প্রদায়িক বা ধর্মীয় বিদ্বেষ ছিল না।বিপরীতে হিংসাত্মক ঘটনার আড়ালের এক অন্যতম কারণ ছিল ভূমিকেন্দ্রিক বিবাদ।প্রতিবেদনে লিখেছে এইভাবে,“It is clear that the rioting and group clashes did not take place on communal lines.In Arena (Arne) Chapari the Mishings and Assamese attacked the Bengali Hindus... In Bishnupur the Mishings and the Assamese attacked Bengali Hindus.In all cases the basic background of the clashes was one of land disputes.”
‘মিসিং জনগোষ্ঠী’ এবং ‘অসমিয়া জনগোষ্ঠী’র লোকে বাঙালি হিন্দুদের উপরে আক্রমণ চালিয়েছিল সেই সিদ্ধান্ত নেবার আগে বিভিন্ন জাতি-জনগোষ্ঠী এবং সরকারি আমলা –আধিকারিকদের থেকে শুরু করে প্রায় অর্ধ শতাধিক মানুষের সাক্ষ্য গ্রহণ করেছিল তেওয়ারি কমিশন।অন্যদিকে,পুলিশ-প্রশাসন যে হিংসাত্মক ঘটনা ঘটবে বলে জেনেও সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করতে ব্যর্থ হয়েছিল সে কথাও প্রমাণ করেছে আয়োগ। তেওয়ারি আয়োগের প্রতিবেদনে পুলিশ প্রশাসনের সম্পর্কে উল্লেখ আছে এইভাবে,“There was also anticipation of the occurrence  at Arena (Arne) Chapori but police force could not be posted there in time.The officers who were made responsible for maintaining  law and order in Dhemaji Sub-division lacked determination and failed to take initiative in mobilising the available resources to tackle a very difficult situation.”
পুলিশ যে হিংসাত্মক ঘটনার আগে তথ্য পেয়েও পরিস্থিতি সামাল দিতে বিশেষ কোনো চেষ্টা করেনি তার বিস্তৃত ব্যাখ্যার দরকার নেই।
অন্যদিকে সেই সময়কার লখিমপুর জেলার উপায়ুক্ত তথা রাজ্য সরকারের জ্যেষ্ঠ আমলা কে সি মজুমদার তেওয়ারি আয়োগের সামনে কতকগুলো গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করে দিয়েছিলেন। উপায়ুক্ত মজুমদার তেওয়ারি আয়োগের সামনে সাক্ষ্য দিয়েছিলেন যে জেলার দুই আধিকারিক আর্নে চরাঞ্চলে আক্রমণে উসকানি দিয়েছিলেন।এ সম্পর্কে আয়োগ উল্লেখ করেছে এভাবে,“The Deputy Commissioner,in his deposition,stated that two Mishing Officers,namely Shri Lakheswar Pait, Executive Magistrate and Shri J C Pegu,Additional District Magistrate posted at Shilapathar,in his view,instigated the Local Mishing people to grab the land by force and to drive away the refugees.He also stated that the performance of the two A D Ms. Namely Shri H K Barua and Shri J C Pegu was not up to the mark 14.2.83”
উল্লেখযোগ্য যে লক্ষেশ্বর পাইত এবং জে সি পেগুকে পরে প্রশাসন বরখাস্ত করেছিল এবং আধিকারিক দু’জন তাদের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ অস্বীকার করেছিলেন।যদিও এক উপায়ুক্তের ভাষ্যতে বেরিয়ে পড়ে সমগ্র পরিস্থিতির আড়ালে ঠিক কোন ধরনের শক্তি ক্রিয়া করেছিল।এই প্রতিবেদনে উন্মোচিত হয়েছে বিষ্ণুপুর,শান্তিপুর,চিমেন চাপরি,আর্নে চাপরি ইত্যাদি জায়গাতে সংগঠিত হিংসাত্মক ঘটনার আগে প্রশাসন ঠিকই খবর পেয়েছিল,কিন্তু বাঙালি হিন্দুদের আক্রমণকারীদের থেকে রক্ষা করতে বিশেষ পদক্ষেপ গ্রহণ করে নি। অর্থাৎ প্রশাসনের একাংশ আধিকারিকের রহস্যজনক ‘অবহেলা’র পরিণতিতে বহু মানুষ প্রাণ হারালেন। তেওয়ারি আয়োগের প্রতিবেদনের মতে প্রশাসনিক দুর্বলতার জন্যে সমগ্র জেলাতে ১৯৮৩র জানুয়ারি থেকে এপ্রিল মাস অব্দি ১,৩৮৯টা হিংসাত্মক ঘটনা সংগঠিত হয়েছিল।অন্যদিকে সংঘর্ষ সৃষ্টির আড়ালে ‘আসু’ এবং গণ সংগ্রাম পরিষদের ভূমিকা সম্পর্কে তেওয়ারি কমিশন বিভিন্ন ব্যক্তি এবং আধিকারিকদের সাক্ষ্যের উদ্ধৃতি দিয়ে এই কথা লিখেছে, “The circumstances leading to the disturbances which took place during January to April, 1983 were provided by the fact that when it was decided to hold the general elections certain sections of public instigated by ASSU/AAGSP and political parties like,BJP,Janata and Lok Dal and some anti-social elements decided to boycott the election and even resorted to violence to further their objective.”

অবিভক্ত লখিমপুর জেলার অন্তর্গত বৃহত্তর ধেমাজি মহকুমার বিষ্ণুপুর,শান্তিপুর,আর্নে চাপরির বেশ কিছু গ্রাম,চিমেন চাপরির কিছু গ্রামে পরিকল্পিত ভাবে হিন্দু বাঙালিদের আক্রমণ করবার পেছনে ‘আসু’,সারা আসাম গণ সংগ্রাম পরিষদ (AAGSP),ভারতীয় জনতা পার্টি ইত্যাদি শক্তি যে ছিল সেসব ব্যাখ্যার প্রয়োজন নেই। এমন কি আঙুল দিয়ে দেখাবার দরকার নেই  শিলাপাথারে হাজার হাজার হিন্দু বাঙালির রক্তে দোল উৎসব করেছিল কারা।     

Thursday, 16 November 2017

কেন্নো পোকার রেল


মূল অসমিয়া: নবকান্ত বরুয়া
বাংলা অনুবাদ: সুশান্ত কর

(সুপর্ণা ভট্টাচার্য সম্পাদিত, শিলচর থেকে প্রকাশিত শিশু সাহিত্য পত্রিকা 'কাশফুলে'র শারদ সংখ্যা, ২০১৭তে প্রকাশিত হল)



[ কেরেলুয়ার রেল’ নবকান্ত বরুয়ার প্রসিদ্ধ শিশু নাটকগুলোর একটি। মূলত ‘আকাশবাণী’র জন্যে এমন বেশ কিছু নাটক তিনি লিখেছিলেন। ফলে মঞ্চ নির্দেশনা বলে সেরকম কিছু নেই। পদ্যে লেখা হলেও অভিনয়ের সময় কখনো বা পরিচালকেরা এতে সুরসংযোজন করে গীতিনাট্যেরও রূপ দিয়েছিলেন। বাণী কটকীর মতো কোনো কোনো পরিচালক ‘মুখোশ নাটক’-এ পরিণত করে এগুলো মঞ্চেও পরে অভিনয় করান। অন্য দুই এক নাটকের সঙ্গে ‘কেরেলুয়ার রেল’ নাটকটি যোরহাট , গৌহাটিতে বেশ ক’বার অভিনীত হয়েছিল। নবকান্ত লিখেছেন, এগুলো এতোই জনপ্রিয় হয়েছিল যে এককালে ছেলেমেয়েরা পথে ঘাটেও এর সংলাপ আওড়াতো। নাটকটির পাণ্ডুলিপি লেখকের কাছে ছিল না। আকাশবাণীতে নাটকটি অভিনয় করেছিলেন ভারতী বরুয়া, তিনি বহু পরে স্মৃতি থেকে এর পুনরুদ্ধার করে ছাপা সম্ভব করেছিলেন। ‘মনত পরার শব্দ’, ‘কাগজ কলমর রণ’, ‘ গোলাপ আরু বেলি’, ‘মই টুনটুনিয়ে টুনটুনালো’ এই চারখানা নাটক সহ ‘কেরেলুয়ার রেল’ নিয়ে  শিশু নাটকের সংকলন বেরিয়েছিল প্রথমে ১৯৮৪তে  ‘মনত পরার শব্দ’ নামে। ১৯৯০তে বইটির দ্বিতীয় সংস্করণে নাম হয় ‘কেরেলুয়ার রেল’। এই সবক’টি আবার সংকলিত  হয় তাঁর মৃত্যুর পর ২০০৩এ ‘অন্বেষা’ প্রকাশিত এবং গগণ চন্দ্র অধিকারী সম্পাদিত ‘ নবকান্ত বরুয়া শিশু সাহিত্য সমগ্র---প্রথম খণ্ড’-তে। যেখান থেকে আমরা অনুবাদের পাঠটি নিয়েছি। তিনি নিজে এগুলোকে ‘ননসেন্স রাইম’ গোত্রের বলেছেন। কিন্তু ‘রাইম’ বললে আমরা যা বুঝি, এর ছন্দ হবে ছড়ার--- সে নাটকগুলোতে নাটকের দাবি মেনে ‘ছড়া’র বহু কিছুই নেই, ‘ননসেন্সে’র সবটাই রয়েছে। মাত্রার বৈচিত্র্য আছে, গদ্যের চলন দেবার চেষ্টাও আছে। অন্ত্যানুপ্রাসও আছে, আছে শ্রুত্যনুপ্রাস।আবার বহু জায়গাতে নেই। অনুবাদ করতে গিয়ে আমাদের এই সব সমস্যার মোকাবেলা করতে হয়েছে। আমরা প্রথমত, চেষ্টা করেছি বাংলা ছন্দের তিন রীতিরই আশ্রয় নিয়ে পদ্যের ধাঁচটা রাখতে। এবং যথাসম্ভব সর্বত্র অন্ত্যানুপ্রাস রাখতে। ফলে বহু সংলাপ ছাড়তে এবং কিছু সংলাপ জুড়তে হয়েছে বাংলায়। বহু শব্দকে নিয়েও খেলা করতে হয়েছে, তাতেই ‘বরসা, মশেলা, কিইচ্ছা’ শব্দগুলো এসেছে। যদিও নাটকের মূল গল্প কাঠামোটি অক্ষতই থেকেছে। দ্বিতীয়ত রেলযাত্রীরা বহুভাষিক হয়ে থাকে, এই কথাটি লেখক মনে রেখে শুধু অসমিয়া নয়, মাঝে মধ্যেই বাংলা, হিন্দি এবং ইংরেজি কথন ভঙ্গীরও মিশেল ঘটিয়েছেন। একটি পুরো বাংলা পঙক্তি ছিল ‘কোথায় যাচ্ছ বরের পোলা’। সমস্যা হলো -- একে কি উলটে অসমিয়া করব? তাতে পাঠক ভাবতে পারেন, আমরা অনুবাদ করতে ভুলে গেছি। তো অসমিয়া আমরা রাখিনি। কিন্তু তৃতীয় সমস্যাটি আরো জটিল। তৃতীয় জিরাফের নাম ছিল ‘চিকুট’। এটিকে যমক অলঙ্কার করে ব্যবহার করেছেন।  ‘চিকুট’-এর অর্থ অসমিয়াতে ‘চিমটি’— এবং ‘চিমটি’ ধরে এর পরে গল্প এগিয়েছে। অথচ বাংলা উচ্চারণে শব্দটি হবে ‘সিকুট’ -- যার আর অন্য কোনো অর্থ হয় না। এই সমস্যাকে আমাদের সমাধান করে এগোতে হয়েছে। কী করেছি সে যথাস্থানে পড়াই ভালো। নবকান্ত লিখেছিলেন, “এই নাটককেইখনত কোনো বিশেষ মূল্যর দাবি নাই।” আমাদেরও এই অনুবাদ নিয়ে একই কথা। একটা পরীক্ষা করা হল, এই মাত্র।


আর হ্যাঁ, ছবিগুলো এঁকে দিয়েছেন দুর্লভ ভট্টাচার্য। সুকুমার রায়ের রচনাগুলোর মতোই এই ছবিগুলো ছাড়া নবকান্ত বরুয়ার রচনাও অসম্পূর্ণ। বাংলার পাঠকের অবশ্য তাঁর রচনাগুলো পড়লে উপেন্দ্র কিশোর, সুকুমার রায়দের মনে পড়বে। রবীন্দ্রনাথ সহ এঁদের কাছে ঋণ নবকান্ত স্বীকার করেন। বর্তমান সংকলনেও ভূমিকা লিখতে গিয়ে বীরেন্দ্রনাথ দত্ত সেসব বিস্তৃত আলোচনা করেছেন। আমরা যেন মনে রাখি, উপেন্দ্র কিশোর এবং সুকুমার রায়েও লুই ক্যারল সহ বহু পশ্চিমা লেখকের প্রেরণা কাজ করছিল, নবকান্তেও তার ব্যতিক্রম ঘটে নি। তার সঙ্গে শুধু তাতে বাংলার ঐতিহ্যের সংযোজন ঘটেছে। তার পরেও সুকুমার রায়েরই মতো নবকান্তের রচনা তাঁর নিজেরই রচনা, মৌলিক। ‘কোনো কবি বা কোনো শিল্পী সম্পূর্ণ এককভাবে অর্থপূর্ণ হ’ব নোয়ারে।’ বীরেন্দ্রনাথ দত্তের এই কথাটি মনে রেখে যদি এই একক অনুবাদ নবকান্তের বাকি রচনাতে প্রবেশে আগ্রহ বাড়ায় তবেই আমাদের এই পরীক্ষা, এই  শ্রম সফল।    ---অনুবাদক]       



ধুয়া: ঝোঁক ঝোঁক ঝোঁক ঝোঁক
পীঁ পীঁ পীঁ পীঁ
রেল চলে চলে রেল
             কেন্নো পোকার রেল চলে পাঞ্জাব মেল।

বিছা: মাকড়ি দি গো মাকড়ি দি;
বলছি তুমি, বাড়ি আছো কি?

মাকড়সা: না থেকে ভাই  কই বা যাব,
             তাঁত মেলানো, কই বা থুব?
বিছা: কী বা তুমি বুনছ দিদি?
মাকড়সা: আয় তোরে ভাই দেখিয়ে দি,
               ...... ফুল
বিছা: তোমার জন্যেই এনেছিলাম এক লাছি উল।
মামার  ছেলেকে দিতে  সোয়েটার চাই।
মাকড়সা: আগে কেন বলিস নি রে, ভাই?
  পরশু দেখ, লাগিয়েছি এইখানা তাঁত
  বাতাসে ছিঁড়ল কিনা সুতোটার গাঁট
             এক মাথা টানি যদি আর মাথা ছিঁড়ে
    আগেকার মতো যদি কিছুতেই জুড়ে।
বিছা: আগের মতো লাগলে তবে,---  হবে
মাছিরাম কেরানিকে খবরটা তো দেবে।
কী দারুণ গো, কী দারুণ! নকল করা জানে
আমরা কী গো! মানুষই তো দেখে হার মানে!
মাকড়সা: চল̖ , তবে কেন্নো রেলে ওর খবরে যাই।
মাছিরাম কেরানিটাকে কই বা গিয়ে পাই?
বিছা এবং
মাকড়সা: কেন্নো পোক ঝোঁক ঝোঁক, এই র্যা্লা!
দাঁড়াও দেখি,যাচ্ছ কোথা নবাব পোলা?
কাপলিং ছেঁড়া দেখি পাঞ্জাব মেল
ঠেল রে  গজরা, ইঞ্জিন ঠেল!
ধুয়া:  ঝোঁক ঝোঁক ঝোঁক ঝোঁক
পীঁ পীঁ পীঁ পীঁ
রেল চলে চলে রেল
চলে পাঞ্জাব মেল।

                                              কেন্নো: যাবে যদি, খোলো সাহেব
                        কালো ওভার ক’ট;
        মেমও ছেঁড়ো লাল রশি
                        লাগবে  চাকায় জট ।
                        করো না কো ঠেলা ঠেলি
                        ডান হাতে টিকিট কিনে
                                                              বাম হাতে দোয়ার মেলি
                                                              নাও গো বসার সিট চিনে।
                                                              গল্প করো, আলাপ করো,
                                                              কার পরিচয় কী?
                                                              পি পি পি!
                                                              মিষ্টি কথায় তুলে ধরো। 
                                                              অচেনা কোনো প্যাসেঞ্জার
                                                             নিয়ে আমি  যাই--
                                                              এমন কোনো  কারবার
                                                             আমার তো গো নাই।
 বিছা:      ইনি মিসেস মাকড়ি দিদি তাঁত বুনেন ভালো।
চরকা নেই, মাকু নেই অন্ধকার বা আলো।
চিকন করে সুতো কাটেন,তাঁত বুনেন বসে
              পাড়া পড়শি কেউ শোনে না সাড়া শব্দ এসে।
              রান্না করা নেই, নেই তেল  মশেলা
              লিকুইড ডায়েটে  রোজ চলে  দু’বেলা।
মাকড়সা: একে তো চেনোই, নাম শ্রী বিছাধর
  গায়ে কালো সোয়েটার বরসা ঋতুভর।
সরু গলা, যায় না খোলা
এ নিয়েই পথ চলা।
সবাই: এভাবেই যাই তবে, চলো!
কী বলো ভাই, কী বলো?
কেন্নো: যাই তবে এভাবেই
ওঠো,আছো যেভাবেই।
আগে গিয়ে বলে দিও,নেমে যাবে কই!
মাকড়সা: মাছিরাম মশায়ের বাড়িমুখে অই!
কেন্নো: কে সে মাছিরাম?
           কীই বা ভালো নাম?
             নীলচে
             না কালচে,
             বোতলা না মৌ,
          না ঐ  আদরের কুনকুনি বৌ
          ফলে ফলে ডিম পাড়ে,
                  বাকিদের বাড়িঘর ---
                    কে  চেনে  কারে!
মাকড়সা: আম ঝুলে ডালে ডালে
  নীল মাছি পালে পালে
  যেখানে মানুষ থাকে
  মাছি ঘুরে ঝাঁকে ঝাঁকে।
বিছা: এ মাছি  গো, সে মাছি না;
           কাঁঠালের আঠাতে তার পাখা লাগে না।
           আসলে কী গল্প জানো,
  বলি তবে,মানো কি মানো।
  মাছিমরা ছিল তার নাম,
  তখনো জন্মে নি তো রাম।
  যখন মরা মরা চেঁচিয়ে,
  উঁইঢিবি গুড়িয়ে
  বেরিয়ে রত্নাকর,
              লেখে রামায়ণ
              আমাদেরও মাছিবর,
  মাছিরাম কেরানিতে পেলো প্রমোশন।
কেন্নো: ঠিক আছে, ঠিক হ্যাঁয়!
দেখি, গাড়ি কই যায়!
উঠে যাও এইবার
আমিই ইঞ্জিন,আমিই ডেরাইভার!
                         ধুঁয়া নেই, ধূলি নেই
                         লাল এক রেল...
                         ঠেল রে গজরা, ইঞ্জিন ঠেল!
 
ধুয়া:  ঝোঁক ঝোঁক ঝোঁক ঝোঁক
পীঁ পীঁ পীঁ পীঁ
        রেল চলে চলে রেল
                        কেন্নো পোকার রেল
                        চলে পাঞ্জাব মেল!

বিছা:        আরে! এ যে আরো আছে প্যাসেঞ্জার
               রকম রকম কত রকম দেখো ফ্যাশন যার।
        ইনি মিস্টার গো বরুয়া, তাঁর ভাঙা মটর গাড়ি।
মাকড়সা: কলকাতা যাবেন বুঝি, হবে রিপিয়ারি?
কেন্নো: এ যে দেখি শিরি যুক্ত পি পিঁপড়া বাবু
             জংলি শসার বিচি লেগে হলেন বুঝি কাবু?
বিছা:        পি পিঁপড়া? নাম শুনি নি। কোথায় নিবাস?
কেন্নো:       পি কক্, পি হেন্ ---এদের পাশাপাশি বাস।
             সোনা পিঁপড়া, ডাঁই পিঁপড়া, পিঁপড়া আছে কত!
             লিখেছে এদের কথা শাস্ত্র আছে যত।
             কলহ না করে যেন কর্ম করে খায়,
             শিরি কিষ্ণ শেখালেন-- গীতাতে বাখায়!
              সব পিঁপড়া মিলে নিল পি পিঁপড়া নাম।

সবাই: বলো রাম রাম!
               উঠে যাও, উঠে যাও! কথায় কী কাম?   

ধুয়া:  ঝোঁক ঝোঁক ঝোঁক ঝোঁক
পীঁ পীঁ পীঁ পীঁ
            রেল চলে চলে রেল
                        কেন্নো পোকার রেল
                    চলে পাঞ্জাব মেল!

পিঁপড়া: কে কে শুনবে বলো, মজার কিইচ্ছা।
                রূপকথা জানি বেশ, শোনাই যত ইচ্ছা।
মাকড়সা: কিচ্ছা জানো! বেশ!
    সেই যে রাজা ছিল, গোধার দেশ!
বিছা: নইলে,সেই যে ছিল রাজহাঁস এক,
সোনার ডিম দিত। প্যাঁক প্যাঁক প্যাঁক!
নতুবা সেই বুড়ো
কচু খেতে সারা দিন মাটি গুড়ো গুড়ো...
পিঁপড়া: সেসব কথা,কথা কি এমন
অং বং চং
এ মন তালাসি, পেয়েছি নূতন
গল্প বলার ঢং।
 গোবরে পোকা: বলো বলো বলো! কিসের ঢং?
                       চিনের যাদু বুঝি, চিং চাং চং !
                  নাকি সেই আলাদিনের  আশ্চর্য বাতি,
                       কেঁচোমাটি সন্ধানে হাম কলকাতা যাতি।  
                 দৈত্যটা শিখেছে কি নতুন কেরামতি?
                         রেডিয়েটার হয়েছে লিক, চাই মেরামতি।
পিঁপড়া:       এক ছিল বন্ধু
              তার ছিল সন্দুক।
গোবরে পোকা: সন্দুকে বন্ধু থাকা কাহানি নেই মাঙতা।
পিঁপড়া: আরে, বলা ভুল হয়েছে,
                কী যেন,প্যাঁচ লেগেছে।
                 এইবার গল্প বলি, একদম টাটকা!
                 নেই কোনো ফাটকা।
                এক ছিল বন্দুক,
                না ছিল সন্দুক।
                 বন্ধুরা প্যাঁচিয়ে দিল রাং রাং রাং তা।
                  তবে বুঝো এইবার
                 কিছু কর কানটার।
                  কালো কচু তুলে এনে কান করো সাফ।
                  চিড়িয়াখানায় যেয়ে
                 তামোল পান  খেয়ে
                  একা একা  চরছিল তিনটি জিরাফ।
সবাই: জিরাফ!
পিঁপড়া:       হ্যাঁ, জিরাফ!
স্বরটা ভীষণ রাফ।
সারাটা শরীর ভরে তুল তুলে পাফ।
কপালে রয়েছে এক ছোট ফুট নোট
ওরা যে  বংশের, তার নাম হলো কূট।
সবাই: জানি, জানি, সেতো জানি!
মাটিতে গজায় লংকা ধানি।
কূট বংশ মহা বংশ
চাণক্যের অংশ
চিত্রকূটের সরোবরে
চরে পরম হংস।
গোবরে পোকা:      প্রথম জিরাফের নাম কি বা কূট,
বিসকূট, মিসকূট না কিসকূট?
পিঁপড়া: কেবলই ই কুট!
ওর ভাই সই করে
মিস্টার বি কুট।
তারও যে ছোট ভাই
  মিস্টার চি কুট।
ইকুট বিকুট  ভাই
তামোল পান খাই
জিহ্ব দেয় পুড়িয়ে
পাণ মশলা কুড়িয়ে
পায় কই---
                        যায় তার সন্ধানে।
কেবা বলো, জুড়ায় জ্বালা  মন দানে!
বাড়িতে তখন বসে   কোন কূট?
বাতাও ভাই, বাতাও দেখি! কোন কূট?
সবাই: সিকুট  সিকুট চিকুট!
পিঁপড়া: চিকুট! অসমিয়া চিকুট ।
                     চিকুট মানে চিমটি।
                        খাও, পাও টেরটি।
                                     ( পিঁপড়া সবাইকে চিমটি কাটে।
বিছা: আরে আরে আরে! পি পিঁপড়া  চিমটি কাটো কেন?
পিঁপড়া: আকাশ কেন নীল,পাহাড় কেন খাড়া? জানো না যেন!
লবণ জলে উঠেনা কেন সাবানের ফেন্?
চিমটি দিলে বাচ্চারা হে করে ঠেন্ ঠেন্!

বিছা: খবরদার! আমায় যদি কাটো!

তবে এই যে ফুলের ঝাড়ু,
  আমার গায়ে দেখ̖ছো, গাড়ু!
ছিঁড়ব তোমার পিঠে, দেখি কেমন করে ঝাঁটো।
মাকড়সা: পি  পিঁপড়া কেটে দিল। আনো রে আনো, টিংচার।
গোবরে পোকা: গো বরুয়াকে কাটিস যদি হবি তবে পাংচার।
পিঁপড়া: এসব এখন রাখো,
    কেন্নো রেলটা দেখো।
                                                         সবাই ওকে চিমটি কাটো, কুট!
    ইকুট বিকুট চিকুট। কাট কুট কুট!
সবাই:        হেইও!  হেই! উঠ উঠ উঠ!
    চিকুট চিকুট চিকুট!
 কেন্নো: খবরদার! খবরদার!
    পিপিলিকা খবরদার!
                 খবরদার বিছাধর!
                  মাকড়িদি নট নড়াচড়!
                 এতোক্ষণ ছিলাম রেল
                 খেলছিলাম মজার খেল
                    জানো না কি, পূর্বপুরুষ আমার অষ্টাবক্র
    গা প্যাঁচিয়ে হচ্ছি দেখো সুদর্শন চক্র।
মাকড়সা: আমার সুতা ছিঁড়িল
বিছা:              আমার জামা ফাটিল
গোবরে পোকা: আমার পাখা ঝরিল
পিঁপড়া: আমি হলাম চ্যাপেটা। এখন কী করি লো!
সবাই: বাঁচাও ! বাঁচাও!   হে অষ্টাবক্র পুত্র।
          চক্র যদি না মেলে দাও, পালাই তবে কুত্র?
কেন্নো: বেশ!
                 তবে চিমটিও যেন হয় শেষ!
                 উঠে এসো, উঠে বসো ! চালাই আবার রেল।
                 গার্ড বাবু বাজাও হে! বাজাও হুইসেল।     
 
ধুয়া:  ঝোঁক ঝোঁক ঝোঁক ঝোঁক
পীঁ পীঁ পীঁ পীঁ
                  রেল চলে চলে রেল
                        কেন্নো পোকার রেল
                        চলে পাঞ্জাব মেল।


                         ~~~~~০০০~~~~~