‘জাতি’ শব্দটির বিচিত্র সব অর্থের সঙ্গে আমরা ভারতীয়েরা সেই আবহমান কাল থেকে পারিচিত । কিন্তু ব্রিটিশ ভারতে তার আরো তিনটি অর্থের সঙ্গে পরিচিত হলাম। তার একটি ‘ভারতীয় জাতি’, দ্বিতীয়টি ‘হিন্দু জাতি’ আর তৃতীয়টি ‘মুসলমান জাতি’। এই শব্দগুলো জন্মালো স্পষ্টতই ‘ব্রিটিশ জাতি’কে নকল করবার প্রেরণার থেকে। সেই ব্রিটিশ , যারা নিজের দেশে মূলত ইংরেজদের আধিপত্য কায়েম করতে গিয়ে স্কাটিশ,আইরিশদের দ্বিতীয় শ্রেণির নাগরিকে পরিণত করা ছাড়াও পৃথিবীর যেখানে গেছে সেখানেই চেষ্টা করেছে আদিবাসিদের নিশ্চিহ্ন করে দিতে। আমিরিকা, অস্ট্রেলিয়া তার দুট বড় নিদর্শন। ১৯০৫এর বাংলাভাগের বিরুদ্ধে গড়ে ওঠা আন্দোলনের পর থেকে ‘জাতি’ শব্দটি ভারতে রাজনৈতিক বাদানুবাদের কেন্দ্রে চলে এলো। দুই বিশ্বযুদ্ধের বাতাবরণও তাতে ইন্ধন যোগালো। হিটলারের ফাসিবাদের পেছনেও ছিল সেই জাতীয়তাবাদের প্রেরণা। তার উল্টো পিঠে আরো অনেকের সঙ্গে প্রবল হল ইহুদি জাতীয়তাবাদ।
বিলেতিদের বিরুদ্ধে লড়তে গেলেও ওদের মতো হবার এবং সম্ভব হলে ওদের টেক্কা দেবার ঔপনিবেশিক ঝোঁকটা আমাদের ছিল বরাবরই। সুতরাং আমরাও এক ‘ভারতীয় জাতি’র স্বপ্ন দেখলাম। কিন্তু তাতে বাঁধ সাধাবার লোক আমাদের ঘরেই ছিল। ‘হিন্দু এবং মুসলমান’ জাতীয়তাবাদ সেরকম দুটো প্রত্যাহ্বান। ‘ভারতীয় জাতীয়তাবাদীরা বলতে চাইল ধর্ম কখনো জাতীয়তাবাদের আধার হতে পারে না। এক্কেবারে মিথ্যে বলছিলেন তাঁরা। অরবিন্দ থেকে গান্ধী সব্বার জাতীয়তাবাদের আধার ছিল এক নম্র হিন্দুত্ব। ১৯৪৭এর বাংলাভাগের পক্ষে দাঁড়িয়ে অরবিন্দ তাঁর খোলস ঝেড়েও ফেলেছিলেন। কিন্তু এহ বাহ্য। গোটা বিশ্বের কোনো জাতিরাষ্ট্রই প্রকৃতার্থে ধর্ম সম্পর্ক শূণ্য হতেই পারে নি। মায়, বারাক অবামাকেও মার্কিন রাষ্ট্রপতির পদে জিতে আসতে তাঁর মুসলমানমূলীয় হবার বাস্তবতাকে আড়াল করবার জন্যে যথাসাধ্য করতে হয়েছিল। ইসলামী মৌলবাদের কথা যারা বলেন, তাঁরা ভুলে যান কী করে যে বিশ শতকের দুই বিধ্বংসী জাতীয়তাবাদ জার্মান ও ইহুদি জাতীয়তাবাদের অন্যতম আধার স্পষ্টতই ধর্ম?
এই চালাকিগুলো ভারতের মার্ক্সবাদিরা শুরু থেকেই ধরে ফেলেছিলেন। তাই তারা যেমন বলছিলেন , ধর্ম জাতীয়তাবাদের আধার হতে পারে না, তেমনি বলছিলেন ভারতীয় বলে কোনো জাতি গড়ে উঠবার দিল্লী এখনো অনেক ‘দূর অস্ত!’ এমন কি , বাঙালি, তেলেগু, তামিল, অসমিয়া এই জাতিগুলোই এখনো গড়ে উঠতে পারে নি ঠিক মতো। এরা গড়ে উঠবার প্রক্রিয়াতে আছে মাত্র! বেশ! আর যায় কোথায়! জাতি গঠনের মাদকতার থেকে এরাও মুক্ত হতে পারলেন না! এরা ‘জাতি’র এক নতুন সংজ্ঞা জোগাড় করলেন! যোগালেন যোসেফ স্তালিন। স্তালিন জানালেন, “জাতি হচ্ছে একই ভাষা, একই বাসভূমি, একই অর্থনৈতিক জীবন এবং একই মনস্তাত্বিক কাঠামো—সাধারণভাবে এই চারটা বৈশিষ্ট সম্পন্নতার উপর ভিত্তি করে ঐতিহাসিকভাবে গড়ে উঠা এক সুস্থির জনসমষ্টি।” ভারতীয় মন বলে কথা । বিলেতিদের মতো হও, পারলে ওদের টেক্কা দাও। সেই রোগ থেকে বামেরাও মুক্ত হলেন কৈ! বিনা প্রশ্নে , সেই থেকে ভারতীয় বামপন্থার এটিই মূল মন্ত্র! অসমিয়া উগ্রজাতীয়তাবাদের পরিভাষাগুলো একটু খুঁটিয়ে দেখলে সবাই দেখবেন এগুলো বামপন্থীদের থেকে ধার করা। তার মধ্যে জনপ্রিয়তমটি হচ্ছে ‘অসমিয়া জাতি গঠন প্রক্রিয়া’। প্রতিষ্ঠিত সমস্ত অসমিয়া বুদ্ধিজীবিদেরকে সেই প্রক্রিয়ার ভেতরেই পাওয়া যাবে। কারো সাধ্য নেই সেই প্রক্রিয়ার বাইরে দাঁড়িয়ে কোনো কথা বলেন! ইসমাইল হোসেন, যিনি নতুন সাহিত্য পরিষদের সদস্য এবং সুযোগ পেলেই বরাক উপত্যকার বাঙালিদের গালি গালাজ করে থাকেন, সেই বামপন্থার এক উজ্জ্বল নিদর্শন। তেমন আরো অনেক আছেন। আপনি নাম করুন, তাঁকে সেই প্রক্রিয়ার মধ্যেই পেয়ে যাবেন! হীরেন গোঁহাই সম্প্রতি এক জাতীয় অভিবর্তনের আয়োজন করলেন, সেই জাতীয়তার বাইরে রাখলেন বাঙালি –বিহারি শ্রমিকদেরও! তিনি কিন্তু শ্রমিক দরদি বামপন্থী!
পশ্চিম বাংলার সরকারি বামদেরে আপনি সবসময়েই বাঙালি জাতীয়তার পক্ষে পাবেন। ওদের রাজ্যেও যে ভাষিক সংখ্যালঘুদের দশা অসমের থেকে একচুলও ভালো নয় তা নিয়ে কোনো বামপন্থীদের কখনো উচ্চবাচ্য করতে দেখবেন না! এই প্রশ্ন কাউকে ওঠাতে দেখবেন না যে যোসেফ স্তালিনের সেই আদর্শ জাতিটি ছিল কোন দেশে? কোত্থাও না!
স্তালিন এবং তাঁর উত্তরসূরিরা বরং সেরকম এক আদর্শ রাষ্ট্র পরে গড়ে তুলতে চাইছিলেন। তাই করতে গিয়ে ওরা ‘জাতিগুলোর মুক্ত সম্মেলন’ সোভিয়েতের অন্য রাষ্ট্রগুলোর উপর রুশি আধিপত্য কায়েম করতে গেছিলেন। নব্বুইর দশকগুলোতে সোভিয়েত ভেঙ্গে যাবার অন্যতম কারকগুলোর একটি এও ছিল। ভেঙে যাওয়া রাষ্ট্রগুলোও যে আদর্শ জাতি রাষ্ট্র নয় তার অতি সাম্প্রতিক নজির জাতি দাঙ্গা জর্জরিত কিরঘিজস্তান। আর আমাদের পাশের চিন দেশটি যে কেমন বর্বর জাতিরাষ্ট্র সেতো আমরা তিব্বতী, উইঘুরদের আন্দোলনের দিকে তাকালেই টের পাচ্ছি !
২১ জুলাই ভাষা শহিদদিবসকে সামনে রেখে কথাগুলো বলছি কেবল এরজন্যে যে, বরাক উপত্যকাতেও প্রতিষ্ঠিত ধারার দলীয় কিম্বা দল বহির্ভূত বামপন্থী বুদ্ধিজীবিরা অসমিয়া উগ্রজাতীয়তাবাদের নিদান দিতে গিয়ে বাংলা ভাষা ভিত্তিক এক জাতীয়তাবাদের কথা বলে থাকেন। এবং বুদ্ধিজীবিদের মধ্যে সে জাতীয়তাবাদ ক্রমশই প্রবল হচ্ছে। সম্প্রতি এক বুদ্ধিজীবিতো আরেকটু এগিয়ে গিয়ে লিখেছেন, “...রাজনৈতিক-অর্থনৈতিক-সামাজিক অধিকারের জায়গা থেকে অনেক বেশি জরুরি গুয়াহাটি, নগাঁও, লামডিং কিংবা ডিব্রুগড় , বিজনি ধুবড়ি, গোসাইগাঁও, বঙাইগাওয়ে উনিশে উদযাপিত হওয়া।” এ পর্যন্ত প্রস্তাবটি সাধু। সেটা আজকাল কিছু কিছু হয়েও থাকে। তাতে আপত্তির কিছু নেই। তারপরেই লিখেছেন, “তখনই বুঝব সংগঠিত হচ্ছে বাঙালি। এই প্রচেষ্টাই শুরু হওয়া প্রয়োজন। বদরুদ্দিন আজমল এবং চিত্ত পালদের ফতোয়াবাজিকে প্রতিহত করতে গেলেও ধর্মীয় পরিচয়ের ঊর্ধে অখণ্ড অভিবাজ্য বাঙালি জাতিসত্বা নির্মাণের প্রক্রিয়া এখনই শুরু হওয়া দরকার। উনিশে মের পঞ্চাশ বছরে এটাই হোক থিম।” ( উনিশ নিয়ে অন্য কথা; জয়দীপ বিশ্বাস; দৈনিক যুগশঙ্খ, ১৯ মে, ২০১০) । এই হচ্ছে বামপন্থা! একটি প্রাকৃতিক ঘটমান সামাজিক প্রক্রিয়া নিয়েও সে ‘শুরু হওয়া দরকার’ ভাবতে পারে! উপরের উদ্ধৃতিটিতে নিম্নরেখ আমাদের। এমন অসমিয়া বাক্যও এঁদের অসমীয়া সতীর্থরাও আকছার লিখে থাকেন! বদরুদ্দিন আজমল এবং চিত্ত পালেরা কোনো ধর্মীয় ফতোয়াবাজি করেন নি। বরং সেই অসমিয়া জাতিসত্তা নির্মাণের ধ্বজা তুলে ধরেছেন, যা বামপন্থীরাও সগৌরবে বয়ে বেড়ান। এখানে অসমিয়া মূলধারার বামপন্থীদের কোনো বিরোধ নেই! ‘নতুন পৃথিবী’র মতো কাগজ পড়লেই যে কেউ আমাদের পক্ষের সমর্থন পেয়ে যাবেন! এই ‘নির্মাণ প্রক্রিয়া’র মোদ্দা কথা হচ্ছে, ভাষার নামে সব্বাইকে এক করো, আর সমস্ত পরিচিতির বৈচিত্রকে বিলোপ করো! সেই ভারতীয় বৈচিত্রকে ওরা বিলোপ করতে চান যার গৌরব রবীন্দ্রনাথই প্রথম তুলে ধরেছিলেন ইঊরোপীয় জাতিরাষ্ট্রের ধারণাকে নস্যাৎ করে!
এবারে, যারা ধর্ম ভিত্তিক জাতীয়তাবাদের ভয়াবহতাকে জানেন তারা এই ভাষা ভিত্তিক জাতীয়তাবাদের মধ্যে মুক্তিপথের দিশা পেয়ে থাকবেন। চট করে ধরতে পারেন না এতে গলদ কোথায়! বরঞ্চ বর্তমান লেখকের বিরুদ্ধে বেশ চটেও যাবেন! গলদ এই যে, ভয়াবহতাতে এই জাতীয়তাবাদ যে কম কিছু নয় তা ঐ লেখকের পুরো রচনা, যেটি ব্রহ্মপুত্র উপত্যকার বহু পাঠকও পড়েছেন, তার প্রথমাংশ জুড়েই রয়েছে। এওতো এমনই হলো--- ইসলামী জাতীয়তাবাদ থেকে হিন্দু জাতীয়তাবাদ ভালো, অসমিয়া উগ্রজাতীয়তাবাদ থেকে বাঙালি জাতীয়তাবাদ ভালো! এই জাতীয়তাবাদিদের এক অন্ধ বিশ্বাস আছে যে হিন্দু বাঙালিরা এক্ষেত্রে বেশ উদার হয়! বাকিরাই যত নষ্টের মূল!
বাঙালি হলেও ব্রহ্মপুত্রের বাঙালির যে এক স্বাতন্ত্র্যের জায়গা রয়েছে তার উল্লেখ করতে লেখক ভুল করেন নি। কিন্তু তাকে মেনে নিতে অস্বীকার করবার প্রবণতা এই জাতীয়তাবাদের মধ্যেও প্রবল। জাতীয়তাবাদ মাত্রেই যেরকমটি ঐক্যনীতির উপর ভিত্তি করে দাঁড়াবার চেষ্টা করে তাকে রবীন্দ্রনাথই কেবল খুব ভালো চিনতে পেরেছিলেন, সেই ঐক্যনীতিকে তিনি বলেছিলেন ‘অজগর সাপের ঐক্যনীতি।’ যে ‘অভিবাজ্য বাঙালি জাতিসত্তা নির্মাণের প্রক্রিয়া’র কথা বলা হচ্ছে তাতে পশ্চিম বাংলা, ত্রিপুরা বা বাংলাদেশের বাঙালিরা জড়াবে কিনা, জড়ালে কতটা আর কী ভাবে, আমরা নিশ্চিত, সেসব প্রশ্নের উত্তর লেখক দিতে যাবেন না। কারণ কোনো জাতীয়তাবাদের তত বিস্তৃত কোনো লক্ষ্য বা কর্মসূচী থাকেই না! ঐক্যের স্লোগানের আড়ালে জাতীয়তাবাদ যে কেমন জাতিকে ভেঙ্গে ফেলে তার ভূরিভূরি প্রমাণ অসমিয়াদের থেকে দেয়াতো যাবেই, কিন্তু শুরুর নজিরটি দেয়া যাবে সেই বঙ্গভঙ্গের রাজনীতি থেকেই!
‘ভাষার নামে জাতি গড়ে আর ধর্মের নামে জাতি ভাঙ্গে’—এই কুসংস্কার আমাদের যত তাড়াতাড়ি বিদেয় হয় ততই মঙ্গল! ব্রহ্মপুত্র উপত্যকার হিন্দু বাঙালিরা দেখছি হিন্দু পরিচয়েই গৌরব বোধ করে। ‘হিন্দু বাঙালি’ নামে একাধিক সংগঠনও আছে! ‘হিন্দু’ শব্দটির মধ্যি দিয়ে সে আসলে সর্বভারতীয় হিন্দু সত্তার সঙ্গে একত্ব অনুভব করে! ‘খিলঞ্জিয়া’ না হবার বেদনার থেকে অনুভব করে এক কাল্পনিক মুক্তি! বরাকউপত্যকার রাজনীতিতেও যখন কোনো বাঙালি বা মনিপুরি ‘হিন্দু’ নামের আড়ালে সংগঠিত হয় সে তখন আরো বড় ঐক্যের অংশ বলে নিজেকে ভেবে নিয়ে নিরাপদ বোধ করে। ‘হিন্দু’ কিম্বা ‘মুসলমান’ –শব্দদুটো সবসময় কোনো এক ধর্মবিশ্বাসকে বোঝায় না, ঐতিহাসিক ভাবে গড়ে ওঠা এক সম্প্রদায় পরিচয়কেও তুলে ধরে। এই সম্প্রদায় পরিচয় যখন প্রশ্ন চিহ্নের মুখে দাঁড়িয়ে থাকে তখন সে ঐ অতি ক্ষুদ্র ‘বরাকের বাঙালি সত্তাকেই তার একমাত্র পরিচয় বলে তুলে ধরে নিজের পায়ে কুড়ুল মারতে যাবে কেন ? মুসলমান পরিচয়তো কাউকে বিশ্ব জুড়া আরো বড় সত্তার অংশ করে! তাতে আমাদের সমস্যা হবার কথা নয়! আমাদের সমস্যা হয় তখন যখন কেউ নিজের পরিচয়কে প্রতিষ্ঠা দিতে গিয়ে অন্যের পরিচয়কে অবমাননার আশ্রয় নেয়! সেই সমস্যা শুধু ধর্মের ধ্বজাধারিরাই তৈরি করে না। ভাষার ধ্বজাধারীরাও করে। তাই লেখক সঠিকভাবেই লিখেছেন, “ব্রহ্মপুত্র উপত্যকাতে একজন বাঙালিকে “প্রতিনিয়ত এক অদৃশ্য লক্ষণরেখা মেনে চলতে হয়।” কিন্তু এই তিনিও যে ব্রহ্মপুত্রের বাঙালিদের কথা বলতে গিয়ে অহিন্দুদের কথা ভুলে গেছেন তার নজির এই বাক্যটি , “বর্তমানে বাঙালি হবার অপরাধে ব্রহ্মপুত্র উপত্যকায় শারীরিক বা মানসিক হেনস্তার শিকার হতে হয় না...।” হিন্দুরাও প্রচুর পরিমাণে বিদেশি নোটিশ পাচ্ছেন, ভোটার তালিকাতে ডাউটফুল হয়ে আছেন সে না হয় বাদই দিলাম, কিন্তু তিনি সেই সব বাংলা ভাষী মুসলমানেদের কথা ভুলে গেলেন কী করে যাদের প্রতিবার ভোট এলেই বাংলাদেশি সন্দেহে উজান থেকে ভাটি ব্রহ্মপুত্রের দিকে গরুখেদা খেদানো হয়! ভাষা জাতীয়তাবাদের এই হচ্ছে আঁতের কথা, আসল মুখ ।
‘বাঙালি জাতীয়তাবাদ’ এই বাস্তবতার থেকে চোখ মুদে থাকে মাত্র! সে নিজেকে হিন্দু সত্তার থেকে স্বতন্ত্র করে বটে , কিন্তু মুসলমান বা অন্য ধর্মীয় সংখ্যালঘু সংকটের সঙ্গেও নিজেকে যুক্ত করে না! ভাষা জাতীয়তাবাদ নিজে ধর্মীয় সংখ্যালঘুদের উপর আক্রমণ হানে না, কিন্তু সে রকম কোনো আক্রমণের অস্তিত্বকেও অনেক সময় অস্বীকার করে কার্যত সে পরোক্ষে হিন্দু জাতীয়তাবাদের পক্ষে দাঁড়ায়। অসমিয়া উগ্রজাতীয়তাবাদ তাই ‘নেলি’র আগুনে কলঙ্কিত হয়েছিল । আর গুজরাটের কলঙ্ক গায়ে না লাগালেও সাচার কমিটির প্রতিবেদন দেখিয়েছে ‘বাম প্রগতিশীলদের’ রাজ্য পশ্চিমবাংলাতে মুসলমানদের হালত কেমন! সেই অপরাধের কলঙ্ক ঘুচাতে বাম সরকার যখন সে রাজ্যে মুসলমানদের জন্যে সংরক্ষণের কথা বলছেন, তখন তাদের সরকারে থাকা দলিত মন্ত্রীরাই বলছেন সে রাজ্যের দলিতরাও খুব ভালো নেই! আর আদিবাসিরা কেমন আছেন জানতে মহাশ্বেতা-কবীর সুমনদের কণ্ঠে কান পাতাই যথেষ্ঠ! ‘ভাষা জাতীয়তাবাদ’ বাঙালির ভেতরে বাইরের এই সব ছোট ছোট অন্যান্য জাতি-বর্ণ-সম্প্রদায় পরিচিতির অস্তিত্ব এবং সম্মানকে নির্বিকার অস্বীকার করে! তাই সে কোথাও গিয়ে পৌঁছুতে পারে না! অসমিয়া জাতীয়তাবাদ আজ প্রায় কোনঠাসা! বাঙালি জাতীয়তাবাদের বরাক উপত্যকাতে আজ অব্দি কোনো অর্জন নেই! আর বাংলাদেশ ! সে আজ অব্দি নিজেকে পাকিস্তানের চরেদের থেকে মুক্ত করতে পারে নি!আমেরিকার থেকেতো দূর অস্ত! অমুসলমানেরা, অবাঙালিরা মোটেই নিরাপদে নেই সে দেশেও! আমরা কি কোনো নতুন পথে পা বাড়াতে রাজি আছি? মধ্যবিত্ত বুদ্ধিজীবিদের মধ্যে আমাদের প্রতিষ্ঠাকে বিপন্ন করবার ঝুঁকি নিতে রাজি আছি তো? এই না হয় হোক, ২১শের জিজ্ঞাসা!
ঐ লেখাতে জয়দীপ অর্ধ সত্য লিখেছেন, “ ১৯৮৬র ২১শে জুলাই যখন দিব্যেন্দু-জগন্ময় করিমগঞ্জে পুলিশের গুলিতে প্রাণ দিলেন, তখন ...সেবা সার্কুলারের বিরোধিতায় বরাক উপত্যকা উত্তাল। কিন্তু কী আশ্চর্য সেই সময়েও লামডিং বা ব্রহ্মপুত্র উপত্যকায় অন্যত্র কোনোও উত্তাপই সঞ্চারিত হয় নি।” আমার মনে আছে বরাক উপত্যকা সংগ্রাম সমন্বয় সমিতির সেন্ট্রেল রোডের কার্যালয়ে এক সন্ধ্যে বেলা ‘সারা অসম বাঙালি যুব ছাত্র ফেডারেশনে’র নেতৃত্ব গিয়ে হাজির হয়েছিলেন। তারা এসছিলেন ব্রহ্মপুত্র উপত্যকার থেকে আন্দোলনের গতিবিধি বুঝতে। এরা ব্রহ্মপুত্র উপত্যকাতেও সেদিন এমন বেশ কিছু উদ্যোগের সঙ্গী ছিলেন। বাঙালিদের তারা সেদিন তেমন সংগঠিত করতে না পারলেও সেই আন্দোলন ব্রহ্মপুত্র উপত্যকাতেও সেদিন প্রবল ঢেউ তুলেছিল। ১৯শের পঁচিশ বছর উদযাপনের দিনে সংগ্রাম সমন্বয় সমিতি গান্ধী বাগে যে সমাবেশের ডাক দিয়েছিল তাতে প্রধান অতিথি ছিলেন আটসুর তখনকার সভাপতি ড০রণোজ পেগু। এই আটসু ও রনোজ পেগুর নেতৃত্বে সেদিন অসমের সমস্ত জনজাতীয় সংগঠনগুলো ঐক্যবদ্ধ হয়েছিল । পাশের জেলা উত্তর কাছাড়েও সেরকম দু’দুটো সারা অসম ভিত্তিক সম্মেলন হয়েছিল । যেখানে সমন্বয় সমিতি ছাড়াও ‘আকসা’র নেতৃবৃন্দও যোগ দিয়েছিল! সেই ঐ জনজাতীয় সংগঠন গুলো ২১শের গুলি চালনার পরে পরেই হুমকি দেয় ১৫ আগষ্টের মধ্য সেবা সার্কুলার প্রত্যাহার করতে হবে! সেই হুমকিতে সরকার পিছু হটে। সার্কুলারটি সরকার ১৫তারিখেই স্তগিত করে। কিন্তু শেষ রক্ষা করতে পারেনি, এর পরে পরেই বডোল্যাণ্ড আর কার্বি স্বায়ত্ব শাসিত রাজ্যের দাবিতে আন্দোলন অন্য মোড় নিয়ে নেয়। আটসুর নেতৃত্বে গড়ে উঠে আর্মকা, আর আর্মকা আলফার বিরুদ্ধে সর্বাত্মক গণযুদ্ধ শুরু করে! ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ে খুন হন সৌরভ বরা! বাঙ্গালি জাতীয়তাবাদকে দাঁড় করাতে গিয়ে ব্রহ্মপুত্র উপত্যকার বাঙ্গালি আর দুই উপত্যকার অবাঙালিদের এই গৌরবময় সত্যকে আড়াল না করলেই কি নয় ! নয়! কারণ এরই নাম “জাতি গঠন প্রক্রিয়া!” এই প্রক্রিয়া অন্যের অস্তিত্ব, অবদান সমস্ত কিছুকে অস্বীকার করে, অবনমন করে, বিলোপ করে।
সেরকম সমস্ত প্রক্রিয়ার বাইরে বেরিয়ে সমস্ত অপমানিত জনগোষ্ঠি আর পরিচিতির পক্ষে দাঁড়ানোই হোক ২১শের প্রতিজ্ঞা!
রবীন্দ্রনাথ যেমনটি বলেছেন,আমারো এই দীক্ষাঃ স্বাজাত্যের অহমিকার থেকে মুক্তি দানের শিক্ষাই আজকের দিনের প্রধান শিক্ষা !
আমার চেতনার রঙে রাঙানো এই খেলা ঘরে:
*******************************************************************************************************
Thursday, 15 July 2010
Monday, 5 July 2010
লং ড্রাইভে রবীন্দ্রনাথ
মূল অসমিয়াঃ বিকাশ জ্যোতি শইকিয়া।
লং ড্রাইভে বেরিয়েছেন রবীন্দ্রনাথ, তাঁকে সেলাম ঠুকছে পথের পাশের গাছগুলো।
ফুলগুলো, সম্ভাষণ জানাচ্ছে বুড়ো পাহাড়ের পাথরগুলো।
রবীন্দ্রনাথের ঠোঁটে সিগেরেট, গেল রাতের নেশার খানিকটা দু’চোখের আবেশে
পথ চলতি লোকেরা দেখে রবীন্দ্রনাথের এলটো কার, বেপরোয়া চাল চলন
ঐ যে , কানে মোবাইল নিয়ে ড্রাইভিং সিটে রবীন্দ্রনাথ, কারের স্টিরিওতে দুমদাম মিউজিক
নচিকেতার গান, ট্রাফিক জ্যামে মন্থর রবীন্দ্রনাথের গাড়ি
মালিগাঁওয়ের একটি ধাবাতে থেমে যায় রবীন্দ্রনাথের কার, ধাবার ভেতরে একটা ইন্টারভ্যুর আশাতে নীলিম কুমার
কাউণ্টারে দুই প্লেট পর্ক, আর একটা ব্লেন্ডারস প্রাইড ফুল অর্ডার দিয়ে সিট টেনে বসে পড়েন রবীন্দ্রনাথ,
বিস্মিত নীলিম কুমার, দু’পেগ টেনে বলেন, দাদা , একটা কবিতা শোনান
ধুর কবিতা!! বিরক্তিতে মুখ কোঁচকান রবীন্দ্রনাথ। বিরবিরিয়ে বলেন, দুনিয়াতে যত্তসব টাকার ধান্দা !
তার চে’ বলো এই রাজ্যে কি কিছু ম্যানেজ করা যাবে, এন আর এইচ এমের বাজার শুনেছি বেশ ভালো
বাঁধের ঠিকাতেও বুঝি অঢেল টাকা, পি ডাব্লিউ ডি-র খবর কী, পেপারের বিজনেসও মন্দ নয় !
আশ্চর্যচকিত হয়ে যান নীলিম কুমার, এ কী বলছেন রবীন্দ্রনাথ! কী বলছেন এ সব ?
এই কি সেই রবীন্দ্রনাথ যিনি কবিতা লিখেছিলেন, গীতাঞ্জলি, দ্য সং অফারিংস
‘মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ!’ অ্যাঁ ! কী পরিবর্তন, বেশ ! বেশ!
মুড অফ হয়ে যায় রবীন্দ্রনাথের। কী কবিতা , কোথায় কবিতা, কিসের কবিতা!
এ পাগল বলে কী! ছাড়ো তো তোমার প্রলাপ, কবিতাতে কি কিছু পাল্টায় ?
কল্পনারসিকের বাজে কালচার! কার জন্যে কবিতা ? নিরন্ন মানুষের পেট ভরে না কবিতাতে
সোনাগাছির বেশ্যারা কাবিতা লেখে ভদ্রমানুষের, বানে ধোয়া ধেমাজি কবিতা লেখে রাজনীতির মানুষের
সংঘর্ষে নিহতের আত্মীয়রা লেখে শোকের স্বরলিপি, কবিতার বিষাদ
বিব্রত, বিমূঢ় নীলিম কুমারকে ছেড়ে চলে আসেন রবীন্দ্রনাথ। আবার, আবারো ড্রাইভিঙে রবীন্দ্রনাথ
এইবার রবীন্দ্রনাথের ঠোঁটে শিস, এইবারে রবীন্দ্রনাথের ড্রাইভিঙে বসন্ত, ব্রেক মারেন, স্পীড বাড়ান
ধীরে ধীরে খুলে যায় রবীন্দ্রনাথের মুখোস, ভিজে আসে রবীন্দ্রনাথের দুটো চোখ, পথের পাশে দাঁড় করান গাড়ি
স্টিয়ারিঙে মুখ রেখে হুঁ হুঁ করে কাঁদেন রবীন্দ্রনাথ, হুঁ হুঁ করে কাঁদেন, হুঁ হুঁ করে কাঁদেন
কেন কাঁদেন রবীন্দ্রনাথ? কেন কাঁদেন, কেন কাঁদেন
এতোদিন কি তবে রবীন্দ্রনাথ একা ছিলেন, নির্বাসিত ছিলেন, ছিলেন বিপন্ন আর ক্লান্ত !
মরে যাওয়া রবীন্দ্রনাথ কোত্থেকে এসেছিলেন, কোথায় কাটিয়েছিলেন দিনগুলো, কী খেয়েছিলেন, কোথায় শুয়েছিলেন
এতোদিন কি বিশ্বকবি কবিতা লিখছিলেন, কফিহাউসের আড্ডাতে কি ছিলেন তিনি
নাটক দেখেছিলেন, পড়েছিলেন খবরের কাগজ, ধর্ষণ বলাৎকারের ছবিরা কি তাঁর সকালবেলাগুলো গিলছিল?
গেল রাতে স্বপ্নে রবীন্দ্রনাথ, লং ড্রাইভে রবীন্দ্রনাথ, পথের পাশে গাড়ি দাঁড় করিয়ে কাঁদছিলেন
পথ চলতি লোকেরা দেখছিল সেই দৃশ্য, সিনেমার মতো পার হয়ে যাচ্ছিল সেই দৃশ্য আর মিলিয়ে যাচ্ছিল
রবীন্দ্রনাথ লং ড্রাইভে আসছিলেন আর পথের পাশের গাছগুলো, ফুলগুলো তাঁকে সেলাম ঠুকছিল
সারা রাত ধরে লং ড্রাইভে আসছিলেন রবীন্দ্রনাথ, আর ভোর বেলা চলেও গেছিলেন
আবার কি কখনো আসবেন, লং ড্রাইভে রবীন্দ্রনাথ ?
লং ড্রাইভে বেরিয়েছেন রবীন্দ্রনাথ, তাঁকে সেলাম ঠুকছে পথের পাশের গাছগুলো।
ফুলগুলো, সম্ভাষণ জানাচ্ছে বুড়ো পাহাড়ের পাথরগুলো।
রবীন্দ্রনাথের ঠোঁটে সিগেরেট, গেল রাতের নেশার খানিকটা দু’চোখের আবেশে
পথ চলতি লোকেরা দেখে রবীন্দ্রনাথের এলটো কার, বেপরোয়া চাল চলন
ঐ যে , কানে মোবাইল নিয়ে ড্রাইভিং সিটে রবীন্দ্রনাথ, কারের স্টিরিওতে দুমদাম মিউজিক
নচিকেতার গান, ট্রাফিক জ্যামে মন্থর রবীন্দ্রনাথের গাড়ি
মালিগাঁওয়ের একটি ধাবাতে থেমে যায় রবীন্দ্রনাথের কার, ধাবার ভেতরে একটা ইন্টারভ্যুর আশাতে নীলিম কুমার
কাউণ্টারে দুই প্লেট পর্ক, আর একটা ব্লেন্ডারস প্রাইড ফুল অর্ডার দিয়ে সিট টেনে বসে পড়েন রবীন্দ্রনাথ,
বিস্মিত নীলিম কুমার, দু’পেগ টেনে বলেন, দাদা , একটা কবিতা শোনান
ধুর কবিতা!! বিরক্তিতে মুখ কোঁচকান রবীন্দ্রনাথ। বিরবিরিয়ে বলেন, দুনিয়াতে যত্তসব টাকার ধান্দা !
তার চে’ বলো এই রাজ্যে কি কিছু ম্যানেজ করা যাবে, এন আর এইচ এমের বাজার শুনেছি বেশ ভালো
বাঁধের ঠিকাতেও বুঝি অঢেল টাকা, পি ডাব্লিউ ডি-র খবর কী, পেপারের বিজনেসও মন্দ নয় !
আশ্চর্যচকিত হয়ে যান নীলিম কুমার, এ কী বলছেন রবীন্দ্রনাথ! কী বলছেন এ সব ?
![]() |
| From Uddiponar Kobita |
এই কি সেই রবীন্দ্রনাথ যিনি কবিতা লিখেছিলেন, গীতাঞ্জলি, দ্য সং অফারিংস
‘মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ!’ অ্যাঁ ! কী পরিবর্তন, বেশ ! বেশ!
মুড অফ হয়ে যায় রবীন্দ্রনাথের। কী কবিতা , কোথায় কবিতা, কিসের কবিতা!
এ পাগল বলে কী! ছাড়ো তো তোমার প্রলাপ, কবিতাতে কি কিছু পাল্টায় ?
কল্পনারসিকের বাজে কালচার! কার জন্যে কবিতা ? নিরন্ন মানুষের পেট ভরে না কবিতাতে
সোনাগাছির বেশ্যারা কাবিতা লেখে ভদ্রমানুষের, বানে ধোয়া ধেমাজি কবিতা লেখে রাজনীতির মানুষের
সংঘর্ষে নিহতের আত্মীয়রা লেখে শোকের স্বরলিপি, কবিতার বিষাদ
বিব্রত, বিমূঢ় নীলিম কুমারকে ছেড়ে চলে আসেন রবীন্দ্রনাথ। আবার, আবারো ড্রাইভিঙে রবীন্দ্রনাথ
এইবার রবীন্দ্রনাথের ঠোঁটে শিস, এইবারে রবীন্দ্রনাথের ড্রাইভিঙে বসন্ত, ব্রেক মারেন, স্পীড বাড়ান
ধীরে ধীরে খুলে যায় রবীন্দ্রনাথের মুখোস, ভিজে আসে রবীন্দ্রনাথের দুটো চোখ, পথের পাশে দাঁড় করান গাড়ি
স্টিয়ারিঙে মুখ রেখে হুঁ হুঁ করে কাঁদেন রবীন্দ্রনাথ, হুঁ হুঁ করে কাঁদেন, হুঁ হুঁ করে কাঁদেন
কেন কাঁদেন রবীন্দ্রনাথ? কেন কাঁদেন, কেন কাঁদেন
এতোদিন কি তবে রবীন্দ্রনাথ একা ছিলেন, নির্বাসিত ছিলেন, ছিলেন বিপন্ন আর ক্লান্ত !
মরে যাওয়া রবীন্দ্রনাথ কোত্থেকে এসেছিলেন, কোথায় কাটিয়েছিলেন দিনগুলো, কী খেয়েছিলেন, কোথায় শুয়েছিলেন
এতোদিন কি বিশ্বকবি কবিতা লিখছিলেন, কফিহাউসের আড্ডাতে কি ছিলেন তিনি
নাটক দেখেছিলেন, পড়েছিলেন খবরের কাগজ, ধর্ষণ বলাৎকারের ছবিরা কি তাঁর সকালবেলাগুলো গিলছিল?
গেল রাতে স্বপ্নে রবীন্দ্রনাথ, লং ড্রাইভে রবীন্দ্রনাথ, পথের পাশে গাড়ি দাঁড় করিয়ে কাঁদছিলেন
পথ চলতি লোকেরা দেখছিল সেই দৃশ্য, সিনেমার মতো পার হয়ে যাচ্ছিল সেই দৃশ্য আর মিলিয়ে যাচ্ছিল
রবীন্দ্রনাথ লং ড্রাইভে আসছিলেন আর পথের পাশের গাছগুলো, ফুলগুলো তাঁকে সেলাম ঠুকছিল
সারা রাত ধরে লং ড্রাইভে আসছিলেন রবীন্দ্রনাথ, আর ভোর বেলা চলেও গেছিলেন
আবার কি কখনো আসবেন, লং ড্রাইভে রবীন্দ্রনাথ ?
![]() |
| From Uddiponar Kobita |
Thursday, 17 June 2010
It's the Human Being who created the Idea call "God'
One thing is positive about the 'Creator God'. At least those who have deep believe on that 'human-created idea' they can't be ego-centric beyond a limit. Man neither created nor can create this universe. But, yea they have created the idea call 'God'.
Giving all the credit to that man-made idea call 'God' stops all the process of searching the truth about nature. All the credit should go to the nature itself and its laws. Those who can't imagine that nature itself has that capacity; they also can't imagine how powerful it is. So, we'll see that those believer fools often in the name of God declare that this earth will be destroyed on this or that day. As if, the very existence of this universe depends on these Fool's predictions.
Personally, I don't believe on that section of present day environment scientist as well, who believe that environment pollution or Global warming will destroy the human civilization. Even God can do all the evil to human being if he don't get due PUZA, nature will not.
If we believe that human being is the nature's best creation then we also should believe that nature has all ready created some of its finest saver among human being. They are not Sadhus like Ravisankar or Saibaba or Pope Benedict but, the scientist or people with scientific temperament, who can explain to us if any information can pass through the black hole. No God Man in this world can move around this world in 90 minutes. Who can they are the greatest man or women of this human civilization. If we have to offer any kind of thanks & Gratitude to anyone, that should be done to those greatest son and daughters of this mother (Or you can say father) universe.
Giving all the credit to that man-made idea call 'God' stops all the process of searching the truth about nature. All the credit should go to the nature itself and its laws. Those who can't imagine that nature itself has that capacity; they also can't imagine how powerful it is. So, we'll see that those believer fools often in the name of God declare that this earth will be destroyed on this or that day. As if, the very existence of this universe depends on these Fool's predictions.
Personally, I don't believe on that section of present day environment scientist as well, who believe that environment pollution or Global warming will destroy the human civilization. Even God can do all the evil to human being if he don't get due PUZA, nature will not.
If we believe that human being is the nature's best creation then we also should believe that nature has all ready created some of its finest saver among human being. They are not Sadhus like Ravisankar or Saibaba or Pope Benedict but, the scientist or people with scientific temperament, who can explain to us if any information can pass through the black hole. No God Man in this world can move around this world in 90 minutes. Who can they are the greatest man or women of this human civilization. If we have to offer any kind of thanks & Gratitude to anyone, that should be done to those greatest son and daughters of this mother (Or you can say father) universe.
Monday, 24 May 2010
বিহুঃ অসমিয়া সমাজের আয়ুরেখা নির্মাণের এক সংক্ষিপ্ত ইতিকথা।
| From Bihu: Sushanta |
( উত্তরবাংলার ছোট কাগজ 'মুখোমুখি'র জন্যে লিখলাম । লেখাটা গুরুচণ্ডালীতেও বেরুলো।)
অতি চেনেহৰ মুগাৰে মহুৰা অতি চেনেহৰ মাকো।
তাতকৈ চেনেহৰ বহাগৰ বিহুটি নাপাতি কেনেকৈ থাকো ।।
মাঠের ফসল ফলানোর বীজ ছড়ানো থেকে ফসল ফলে উঠার প্রক্রিয়ার সঙ্গে গোটা পৃথিবীতেই মানুষের জন্ম তথা যৌন জীবনের সাদৃশ্য কল্পনা করাটা এক স্বাভাবিক প্রাকৃতিক প্রবণতা। তার ফলে সভ্যতার উন্মেষ লগ্ন থেকেই গোটা পৃথিবীর প্রায় সমস্ত আদিম মানুষেরাই কিছু আচার সংস্কার আর উৎসবের সূচনা করেছিল। সে আমরা জানি। সূচনা লগ্নের সেই উৎসবের রেশ এখনো আমাদের উন্নত সংস্কৃতিতেও থেকে গেছে। বাংলা অসমের তান্ত্রিক আচার বা অসমের কামাখ্যা ধামের অম্বুবাচি তেমনি একটি। সারা ভারতের রঙের উৎসব হোলিও তাই । পরে যদিও এদের সঙ্গে সতীর দেহত্যাগের কাহিনি, রামায়ণের কাহিনি , ভক্ত প্রহ্লাদের কাহিনি ইত্যাদি জুড়ে দিয়ে এক ব্রাহ্মণ্য আভিজাত্য দেবার চেষ্টা হয়েছে। কিন্তু কৃষিই যাদের জীবিকা সেই গ্রাম ভারতে সংস্কার গুলো নানা চেহারাতে তার আদিম প্রকৃতিতে এখনো রয়ে গেছে। এখনো দীর্ঘ খরার থেকে মুক্তি পেতে লোকে বেঙের বিয়ে দেয়। কুমারি মেয়েকে নগ্ন করে মাঠে শুইয়ে রাখে বা ঘুরিয়ে নিয়ে আসে।বস্তুত জন্মান্তরবাদ থেকে শুরু করে প্রায় কোনো হিন্দু আচার ও বিশ্বাসই নিজেকে আদিম প্রকৃতি পূজোর পরম্পরা থেকে বিচ্ছিন্ন করতে পারেনি, কিম্বা করেনি।
অসমের ‘বিহু’ তেমনি এক সূচনার রূপান্তরিত শিল্পীত রূপ। অসম বললেই আজকাল প্রথমেই মনে পড়ে ‘বিহু’র কথা। চোখের সামনে ভেসে উঠে ‘ঢোল-পেঁপা-গগনা’ বাজাচ্ছে একদল ছেলে আর তাদের সঙ্গে কোমর দুলিয়ে নেচে চলেছে কয়েক জোড়া তরুণ তরুণী। পরনে তাদের ধুতি পাঞ্জাবি, মাথায় লাল সুতোতে ফুলের কাজ করা গামোছা ( ওরা বলেন ‘ফুলাম গামোছা’) বাঁধা, মেয়েদের পরণে মেখেলা চাদর আর গায়ে সোনা রূপার অসমিয়া ছাঁদের গহনা। তাই দেখে মনে হয়ে বটে এ যেন এক প্রেমের উৎসব। আর মনে হবেই না কেন, গান গুলোও তো তেমনি ঃ কোমোৰা বগালে চালত,/জীৱনে মৰণে নেৰিবা লাহৰী/নেৰিবা বিপদৰ কালত।/চাইনো চাই থাকিলে হাবিয়াস নপলায়/নেখালে নুগুচে ভো্ক,/কিনো খায়ে যাবি বালিহাটৰ বেঙেনা/দলিয়াই দি যাম তোক।”(বুলজিত)১ কিন্তু উপমা-রূপকগুলো লক্ষ্য করুন—উঠে এসছে একেবারেই কৃষি জীবন থেকে। এবারে, কৃষি জীবনের সঙ্গে সম্পৃক্ত একটা উৎসব কেবল এক নির্দিষ্ট ভাষিক গোষ্ঠীর উৎসব হতে পারে না।
‘বিহু’ সম্পর্কে পূর্বোত্তরের আন্তর্জালিক অভিধান ‘শব্দে’ লেখা হয়েছে , “বিহু অসমীয়াৰ জাতীয় তথা স্বকীয় উৎসৱ ৷ ‘বিহু’ শব্দটো সংস্কৃত ‘বিষুবত’ শব্দৰ পৰা অহা বুলি ধাৰণা কৰা হয় ৷ বৈদিক ‘বিষুবন’ শব্দই এবছৰ ব্যাপী হোৱা ‘সত্ৰ’ বা ‘যজ্ঞ’ৰ মাজৰ দিনটোক বুজায় ৷ অৰ্থাৎ দিন আৰু ৰাতি সমান হোৱা দিনটোক বুজায় ৷ এই দিনটোক মকৰ সংক্ৰান্তি বুলি কোৱা হয় ৷ কিছুমান পণ্ডিতে অসমীয়া ‘বিহু’ শব্দটি সংস্কৃত ভাষাৰ ‘বিষুবন’ শব্দৰ লগত মিল থকা বুলি ধাৰণা কৰিছে ৷ বিহু প্ৰধানত অসমীয়াৰ কৃষিৰ লগত জৰিত এটা উৎসৱ।” (www.xobdo.org) বেশির ভাগ অসমিয়া অভিধানের এবং পন্ডিতদের সেরকমই মত। হতে পারে সংস্কৃত ‘বিষুবত বা বিষুবন’ থেকে শব্দটি এসছে। বাংলাতেও ‘বিষুব সংক্রান্তি’ কথাটা রয়েছে। আর সে শব্দও কৃষি সভ্যতার সঙ্গেই সংযুক্ত। ভোরে স্নান করে সূর্যদেবতাকে প্রণাম করা হচ্ছে সারা ভারতের সমস্ত সংক্রান্তিতে করণীয় প্রথম কাজ। এই জল আর সূর্য কৃষিকাজের জন্যেই দরকার। কিন্তু অসমে বিহু শব্দটির অন্য উৎসও রয়েছে। আর সেই উৎসগুলো দেখায় ‘বিহু; কেবল অসমিয়াদের উৎসব নয়। পূর্বোত্তরের প্রায় সমস্ত জনজাতির উৎসব। মায় সিলেটি কাছাড়ি বাঙালিদের পৌষ সংক্রান্তির সঙ্গে ‘ভোগালি’ বা মাঘ বিহুর পার্থক্য অতি সামান্য। সুপরিচিত অসমিয়া ভাষাতাত্বিক ড০ উপেন রাভা হাকাচাম দেখিয়েছেন বিহুর সঙ্গে সম্পৃক্ত ‘গগণা’, পেঁপা, হুঁচরি, মেজি, হারলি ইত্যাদি শব্দগুলোর উৎস, তিব্বত বর্মী শাখার ভাষা বডো গারো, ডিমাসা, মিশিং, তাই আহোম ইত্যাদি। ‘বিহু’শব্দের সংস্কৃত উৎসের কথা তিনি জানেন। তারপরেও তিব্বত বর্মী ভাষাগুলোর থেকে আসা আপাত ভিন্নার্থক শব্দের উল্লেখ করেছেন। যেমন তাই আহোম পয়হু/পিহু/বিহু। এবারে, ‘পয়’ শব্দের অর্থ কিন্তু ‘বিষুব’ জাতীয় কিছু নয়। ঠাট্টা তামাস। রং ধেমালি। তেমনি তাই-আহোম ‘বৈহু’র ‘বৈ’ অর্থ পুজো ‘হু’ অর্থ গরু। বডো মূলীয় ‘বিহু’ শব্দের ‘বি’ মানে হাটা, হু মানে দেওয়া ( বি-খোজ, হু-দি)। দেউরি ‘বিচু’ শব্দের ‘বি’ অর্থ অতি, চু অর্থ আনন্দদায়ক । ( উপেন রাভা)২ বডোরা বৈশাখের বিহুকে বলেন ‘রংজালী বৈশাগৌ’। এতে বাড়ি বাড়ি গিয়ে ‘হৌচৌৰি হৌচৌৰি বিহৌ মাগি ফুৰাৰ’ প্রথা রয়েছে। অসমীয়াতে এসে সেই প্রথার নাম হয়েছে ‘হুঁচরি’। রাভাদের বিহুর জনপ্রিয় নাম ‘বাইখ’, সনোয়াল কাছাড়িদের ‘বাইথ’, মিশিংদের ‘আলি আই লৃগাং’। বডোদের এদের বেশির ভাগ জনগোষ্ঠীই যদিও নিজেদের অসমিয়া বলে পরিচয় দেয় তাদের উৎসবের দিন ক্ষণ আর রকম সকম মোটেও হুবহু এক নয়। বডোরা নিজদের অসমিয়া বলে পরিচয় দেয় না। তাই আহোমরা যদিও সে পরিচয় দেয় তারাও আজকাল ‘তাই বিহু’বলে স্বতন্ত্র আয়োজন করে থাকেন। চাকমাদের মধ্যে ‘বিজু’, মারলাদের ‘সাংগ্রাই’ আর ত্রিপুরিদের ‘বৈসুক’ এর থেকে আদ্যাক্ষর নিয়ে আজ ক’বছর ধরে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের এই তিন জনগোষ্ঠী একত্রে পালন করছেন ‘বৈসাবি’ উৎসব। সেটি নিশ্চয় অসমিয়া ব্যাপার নয়।
বাকি ভারতের লোকেদের কাছে যে ‘বিহু’ বললেই আজকাল অসম আর অসমিয়াদের কথা মনে পড়ে তার কারণ গেল অর্ধ শতক ধরে এরা একে সফলতার সঙ্গে লৌকিক উৎসব থেকে জাতীয় উৎসবে রূপান্তরিত করেছেন। সেটি অসমিয়া মধ্যবিত্তের এক রাজনৈতিক উদ্যোগ। রাজনীতি বললে অনেকেই দলীয় রাজনীতির কথা বুঝে থাকেন আমরা সেরকম কিছু বোঝাতে চাইছিনা। বাকি ভারতের থেকে বিশেষ করে বাঙালিদের থেকে নিজদের স্বতন্ত্র বলে তুলে ধরাটা একসময় অসমিয়া মধ্যবিত্তের অনিবার্য প্রয়োজন হিসেবে দেখা দিয়েছিল। জাতীয় উৎসব ‘বিহু’ সেই প্রয়োজনের ফসল। নইলে একসময় অসমিয়াদের অজনজাতি অভিজাত অংশ ‘বিহু’কে মোটেও শ্রদ্ধার চোখে দেখতেন না। ভাটি অসমে বিহু তেমন কোনো জনপ্রিয় উৎসব ছিলনা এই সেদিন অব্দি। আজো গোয়াল পাড়ার ‘বিষুয়া উৎসবে’ আর সবই আছে, নেই শুধু কোনো নৃত্যগীত। বাংলা ভাষাতে প্রথম ইতিহাস গ্রন্থের অসমিয়া লেখক হলিরাম ঢেকিয়াল ফুকন তাঁর ‘আসাম বুরঞ্জী’তে লিখেছিলেন , “ বিহুর গান একটা হইয়া থাকে তাহাতে সাধারণ লোকের স্ত্রীলোক ও লম্পট পুরুষসকল একত্র হইয়া জুগুপৎচিত নৃত্যগীত করিয়া থাকে।” অসমিয়া জাতীয়তাবাদের পিতৃপুরুষ আনন্দরাম বরুয়ার জীবনী লেখক গুণাভিরাম বরুয়া লিখেছেন , “ অশ্লীলতা তেঁও বৰ ঘৃণা কৰিছিল। বৈশাখৰ বিহুত নগাঁওৰ স্থানে স্থানে অশ্লীল নৃত্যগীত হৈছিল সেইসকলক তেঁও নিবাৰণ কৰালে আৰু এইৰূপ কার্য যে অনিষ্টজনক তাক তেঁও সকলোকে বুজাই দিছিল।” (দেবব্রত)৩ অসম সাহিত্য সভার দু’একজন প্রাক্তন সভাপতিও ছিলেন বিহু বিরোধী। এরা প্রায় প্রত্যেকেই বাংলার নবজাগরণের দ্বারা বিশেষ করে ‘ব্রাহ্ম ধর্ম’ আন্দোলনের দ্বারা প্রভাবিত ছিলেন। বাংলাতে যেমন রবীন্দ্রনাথের আগে পুরোনো লোক সংস্কৃতিকে প্রত্যাখ্যানের এক আয়োজন পূর্ণদ্যমে চলছিল। এখানেও তাই হচ্ছিল। ড০ দেবব্রত শর্মা লিখেছেন অসম সাহিত্য সভার প্রাক্তন সভাপতি কমলাকান্ত ভট্টাচার্য বিহু বিরোধীতা করেছিলেন এই ভয়ে, “ জানোচাঁ ‘বিহুর গীতবোৰ বৰ নিলাজ অভং’ শুনি সতীৰ মতিভ্রম হয়। তেওঁ নিলাজ (বিহু) গীতৰ ঠাইত বীৰ-গীত গাবলৈহে আহবান জানাইছিল। মন কৰিবলগীয়া যে অসমীয়া ভাষা-সাহিত্যর কামত একাণপতীয়াকৈ আত্মনিয়োগ করা এই সকল ব্যক্তির সম্পর্কে কোনো আঁচনি বা চিন্তা নাছিল। সংস্কৃতি সম্পর্কে কোনো আঁচনি নাছিল। সংস্কৃতি সম্পর্কে তেঁওলোকৰ ধাৰণা আছিল হয় বাংলা সংস্কৃতি কেন্দ্রিক, নহয় ব্রাহ্মণ্য/সত্রীয়া সংস্কৃতি কেন্দ্রিক। (দেবব্রত)৪
বস্তুত মেয়েরা প্রকাশ্য বিহু নৃত্যে যোগ দিত অতি অল্পই। ছেলেরাই মেয়ে সেজে বিহুর নানা নৃত্যে যোগ দিত। আজ যখন গাছ তলার বিহুকে এক পাশে সরিয়ে দিয়ে মঞ্চ বিহু নামে এক নতুন ধারা ব্যাপক আকারে ছড়িয়ে পড়ছে, মেয়েদের যোগদান ব্যাপক ভাবে বেড়েছে, তখনো একে বিকৃত প্রথা বলবার লোকের অভাব নেই। এই সেদিন চাও দেবেন্দ্রচরণ বরবরুয়া ‘প্রান্তিকে’৫ লিখেছেনঃ “...বুঢ়াচেওৰ বিহুত ছোয়ালীৰ ( মেয়েদের-লেখক) স্থান নাছিল । আজিকালি ডেকা ( জোয়ান ছেলে),বুঢ়া, ল’ৰা, চেমনীয়া ( কিশোর-লেখক) গোট খাই লগত সৰু ডাঙৰ ছোয়ালী লৈ ঘৰে ঘৰে বিহু মৰা বিকৃত প্রথা এটা ওলাইছে। এনে প্রথাক বিশিষ্ট সাহিত্যিক ড০ নির্মলপ্রভা বৰদলৈয়ে ধিক্কাৰ দি কৈ গৈছে যে ‘আগতে হুঁচুৰি ( বিহুর আরম্ভ অংশের এক আবশ্যিক অংগ-লেখক) গাবলৈ মানুহৰ ঘৰলৈ যাওঁতে ল’ৰা লগত ছোয়ালী নানিছিল। ল’ৰাক কোনোয়ে ছোয়ালী সজাই নচুয়াইছিল। এতিয়া হুঁচৰি গাওঁতে ছোয়ালিয়েও বিহু মাৰিবলৈ যায়, বাঃ আধুনিকতা।” বিশ শতকের ষাটের দশক অব্দি ‘হুঁচরি’তে- যাতে বাড়ি বাড়ি গিয়ে নাচ গান করা আর গৃহস্থকে আশীর্বাদ জানানো হয়—তাতে মেয়েরা যেমন অংশ নিতনা তেমনি গানের বিষয়েও প্রেমপ্রীতির আধিক্য ছিলনা।ষাটের দশক থেকে ছেলেদের মেয়ে সাজিয়ে নিয়ে যাবার প্রথা প্রচলিত হয়। তখন থেকেই এতে প্রেমের গানের আধিপত্য বাড়তে শুরু করে। আশির দশকে সেই সাজানো মেয়েদের প্রতিস্থাপিত করে রীতি মতো কৈশোরোত্তীর্ণ যুবতিরা। ৬
![]() |
| From Bihu: Sushanta |
পৌষ সংক্রান্তি বা নববর্ষের মতো ব্যাপারকে নিয়ে বাংলারও এক ধর্ম নিরপেক্ষ জাতীয় উৎসব গড়ে উঠতে পারত। আধুনিক বাংলাদেশের ‘নববর্ষ’ সেটিকে প্রমাণ করে। কিন্তু বর্ণহিন্দু বাঙালি সেরকম কোনো উদ্যোগকে প্রশ্রয় দিলনা। অথচ সেই কাজই অসমিয়াদের মধ্যে করতে সফল হলেন এক বিশাল মাপের বাঙালি ভদ্রলোক ও গণ সঙ্গীত শিল্পী হেমাঙ্গ বিশ্বাস। তাঁর সেই বিখ্যাত উক্তি, “যি নাই অসমত সি নাই বিহুগীতত” এখনো অসমিয়া সমাজে প্রবাদের মতো শোনা যায়। তাঁর ‘অসম আৰু বংগৰ লোকসঙ্গীত সমীক্ষা’ বইতে যা লিখেছেন তাকে বাংলা করলে দাঁড়ায় , “ অসমে যা নেই তা বিহু গানেও নেই। অসম এবং অসমিয়া জনমানসের নির্ভুল দর্পণ এই বিহু.।.. ধর্মপ্রভাবমুক্ত ইহজগত এবং শ্রমশীল জীবনের প্রতি অসীম মমতা—এই হলো বিহুর দর্শন। ...শারদীয় উৎসব, দীপান্বিতা, দোল এই সবগুলো হিন্দুদের উৎসবে পরিণত হয়েছে। জাতীয় উৎসবের মর্যাদা এগুলো হারিয়েছে...। বর্ণহিন্দু সমাজের বিধি নিষেধ আর বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদই হলো বিহুর প্রধান উপজীব্য...।দুঃখের বিষয় ভারতের সবগুলো উৎসবই সাম্প্রদায়িক। বসন্ত উৎসব রূপান্তৰিত হয়েছে হোলি বা চৈতন্য উৎসব ইত্যাদিতে। শারদীয় উৎসব পরিণত হয়েছে দুর্গোৎসব ইত্যাদিতে। কারবালার কাহিনীমূলক মহরম হলো মুসলমান সম্প্রদায়ের। কিন্তু বিহু তার মধ্যেও এর ধর্মনিরপেক্ষ প্রকৃতি অক্ষুন্ন রাখতে পেরেছে। এটাই বিহুর গৌরব, অসমিয়া জনগণের গৌরব।” সেই গৌরবকে সম্মানিত করে চূড়ান্ত গানটি গাইলেন হেমাঙ্গ বিশ্বাসেরই এককালের শিষ্য ভূপেন হাজারিকাঃ ‘বিহু মাথোঁ এক ঋতু নহয় , নহয় বহাগ এটি মাহ। অসমিয়া জাতিৰ ই আয়ুস ৰেখা...”
![]() |
| From Bihu: Sushanta |
আর সমস্ত জনগোষ্ঠির লোক সংস্কৃতির বেলাতে যেমন বিহুর বেলাতেও তেমনি কোনো ধরাবাঁধা ‘শাস্ত্রীয়’ নিয়ম নেই। না আছে তার নাচের গানের কিম্বা বাদ্যের কোনো জটিল তত্ব কথা। হাজার বছরের পরম্পরা পরিবর্তনের মধ্যি দিয়ে যেতে যেভাবে তাকে গড়ে তুলেছে সে সেভাবেই গড়ে উঠেছে। ফসল উৎপাদনের সঙ্গে মানুষের যৌনজীবনের সাদৃশ্য কল্পনার থেকে যার যাত্রা শুরু সে সেখানেই মোটেও থেমে থাকেনি কোনোদিনই।এমন কি অনেক সময় আজ বিহুর সঙ্গে যে কৃষি কাজের কোনো সম্পর্ক রয়েছে তাকেই বেশ খোঁজে বের করতে হয়। এই যেমন বিহু নাচের ব্যাপারটি। একে অসমিয়া স্বতন্ত্র নাচের শৈলী বলে গোটা বিশ্ব জানে। বড় যৌন উত্তেজক বলে মুখরোচক আলোচনাও হয়। ভাবনা ওইখানেই থেমে যায়। আসলে কিন্তু এই নাচে বৈশাখের গাছে গাছে নতুন ডাল পালা মেলা আর পাতা গজানোর উৎসব শুরু হয় তারই এক শৈল্পিক পুনস্থাপন করা হয়। নিচের ছবিটি দেখুন আর বিহু নাচের সঙ্গে তার সাদৃশ্য কল্পনা করুন। ব্যাপারটা স্পষ্ট হবে। মহিষের শিঙে তৈরি পেঁপাতে ( কৃষি সমাজের জনপ্রিয় বাদ্য। বাংলাদেশের কৃষির দেবতা শিবের শিঙার থেকে আকারে সামান্য ছোট আর সুসজ্জিত) মুক্তি নাথ বরগোঁহাই লিখেছেন ,” আমাক অগ্রজ তথা সমল ব্যক্তিয়ে ১৯৬০-৬১ চনতে এনেদৰে শিখাইছিল...পেঁপাৰ প্রথম লহৰ বজালে দুয়োখন হাত কঁকালত থৈ হাউলি ঢেঁকি খোজৰ দোপন দি ঢোলৰ তাল আৰু লয়ৰ লগত সংগতি ৰাখি,ঠাইতে ঘুৰি ঘুৰি নচা আৰু পেঁপাবাদকে উশাহ সলাওঁতে ঢোলৰ বুলনীত থিয় হৈ হাত মেলি নচা।” ৯ অর্থাৎ ঢেঁকিতে পাড় দেবার
![]() |
| From Bihu: Sushanta |
এই যে ‘নামৰে জাত’—জাত কিন্তু বিহু গানের এক রকমফেরের নাম। তেমন কোনো শাস্ত্রীয় বিধিবিধান না থাকলেও স্থানে কালে বিহু নাচের যেমন তেমনি গানেরও বেশ রকমফের প্রচলিত রয়েছে। বিহু গানের ঘোষা, পদ, যোজনা, চুটি, বা খন্ড ছিগা নাম , যোরা নাম, জাত (জাত নাম), বহুয়া নাম ইত্যাদি বেশ ভাগ রয়েছে। চুটি মানে ছোট, ছিগা মানে ছেঁড়া, নাম কথাটার অসমিয়া অর্থ গীত , এসছে বৈষ্ণব পরম্পরার থেকে। এই চুটি নামই মূল বিহু। শুরুতে শুধু এগুলোই ছিল। সাধারণত এগুলো চার পংক্তির স্তবক হয়। চুটি নাম দিয়ে বিহুনাম ‘পকি উঠে’ মানে জমে উঠে। বাংলা কবির লড়াইর মতো বিহুতে জোরানামের প্রচলন পরবর্তী ঘটনা। লোকসংস্কৃতির গবেষকেরা একে কী বলবেন জানিনা। এ হলো বিহুর মূল কারক থেকে অপসারণ বা বিস্তার। জোরানামের সময় অব্দি এসে তরুণ জিজ্ঞেস করছে, বাঁহৰে আগলৈ চাই পঠিয়ালো/ বাঁহৰ কোনডাল পোন ( সোজা-লেখক)/ সঁচাকৈ সুধিছো মিছাকৈ নক’বা / তোমাৰ মৰমিয়াল কোন? । তরুণী যেন জলের ঘাটে দাঁড়িয়ে জলাজমিতে মহিষ চরাতে ব্যস্ত তরুণকে শুনিয়ে জবাব দিচ্ছেঃ তিৰোতাৰ জনম দি বিধাতাই স্রজিলে/ পুৰুষৰ লগতে যোৰ/ আয়ো লোকৰ বোপায়ো লোকৰ/ তোমাকে বুলি যাওঁ মোৰ।
মুল কারক থেকে অপসারণ এখানেই থেমে থাকেনি। ব্যক্তি, পরিবার, গ্রাম ও স্বদেশের সংস্কৃতি, রাজনীতি, ইতিহাস সমস্ত কিছুকেই বিহু নিজের মধ্যে ধারণ করে হয়ে উঠেছে আক্ষরিক অর্থেই অসমিয়া সমাজের দর্পণ। আনন্দের উৎসব বিহুতে অসমিয়া মানুষ নিজের দারিদ্র্যের নিরানন্দের কথা জানিয়ে এও গেয়ে উঠেছেঃদেউতা অ’ খুজি মাগি এমুঠি রান্ধো/ মাহ হালধিরে, গরু গা ধুয়াই লৈ, তরালি পঘারে বান্ধো। কিংবা গেয়েছেঃ টকাৰ সৰু সৰু মাত সমনীয়া /টকাৰ সৰু সৰু মাত/ম’হঘূলি চাপৰিত টকাৰ মাত শুনি/এৰি যাওঁ পেটৰে ভাত। ( বুলজিত) ইতিহাসের স্বাক্ষর ধরে রেখেছে এমন গানঃ স্বর্গদেউ ওলালে বাটচৰাৰ মুখলৈ/ দুলীয়াই পাতিলে দোলা/ কাণত জিলিকিলে নৰা জাংফাই/ গাতে গোমেচেঙৰ চোলা। কিম্বা দিখৌত গুমগুমাই কোম্পানীৰ জাহাজ ঐ/ঢেঁকীত গুমগুমাই থোৰা/ গাত জুই জ্বলিছে সৰিয়হ ফুটিছে/ তোমাক দেখিবৰে পৰা। সিপাহী বিদ্রোহ বা দেশের প্রথম স্বাধীনতা যুদ্ধের সময় মণিরাম দেওয়ান আর পিয়লি বরুয়া ফাঁসি কাঠে ঝুলেছিলেন। সেই ঘটনাকেও অসমিয়া শিল্পী বিহু গানে ধরে রাখতে ভুল করেনিঃ সোণৰ ধোঁয়াখোয়াত খালি ওই মণিৰাম/ৰূপৰ ধোঁয়াখোয়াত খালি/ কোম্পানীৰ ঘৰতে কিনো দায় লগালি/ ডিঙিত চিপেজৰী ল’লি। সুতরাং কেউ যখন বিহুর দিনগুলোতে গেয়ে উঠেঃ আমি অসমীয়া গাতে মুগা-ৰিহা/খোপাত আমাৰ কপৌফুল,/আমাৰে চিনাকি ব’হাগৰ বিহুটি/হাততে জেতুকা বোল।–এই কথাগুলোর ব্যঞ্জনা বিস্তর , অর্থ ব্যাপক। অন্য কাউকে খাটো না করে নিজের সমাজের এর চেয়ে সুন্দর পরিচয় আর কিসেই বা কেউ তুলে ধরতে পারে!
*********
তথ্যসূত্রঃ
১) বুলজিত বুড়াগোহাইর সংগ্রহ থেকে;http://buljit.blogspot.com/
২) ড০ উপেন রাভা হাকাসাম;অসমীয়া আরু অসমর তিব্বত বর্মীয় ভাষা; পৃঃ১০১।
৩)ড০ দেবব্রত শর্মার ‘অসমীয়া জাতি গঠন প্রক্রিয়া আরু জাতীয় জনগোষ্ঠীগত অনুষ্ঠানসমূহ’ তে ব্যবহৃত উদ্ধৃতি; পৃঃ ৩২৮)
৪) ঐ; পৃঃ ৩২৯
৫)অসমৰ লোকসমাজ লোক উৎসৱ বিহুৰ হুঁচৰি, পদ, ঘোষা। যোজনা, নাম , জাত নাচ আদিৰ চমু মর্মকথা; প্রান্তিক; ১৬-৩০
এপ্রিল, ২০১০ সংখ্যা; পৃঃ১২ ।
৬) ড০ প্রদীপ নেওগ; গৃহস্থৰ চোতালত হঁচৰি মৰা প্রথাটো চলি থকা প্রসংগত;প্রান্তিক; ১৬-৩০ এপ্রিল, ২০১০ সংখ্যা;পৃঃ১৭ ।
৭) ঐ; পৃঃ৩৩১)
৮)ঐ; পৃঃ৩৩৩)
৯) পেঁপাবাদন আৰু নাচোনশৈলী; প্রান্তিক, ১৬-৩০ এপ্রিল সংখ্যা, পৃঃ ২৬
Labels:
Assamese Literature,
Bihu
Location:Tinsukia,Assam,India
Tinsukia, Assam, India
Saturday, 15 May 2010
আমাদের অত্যন্ত প্রিয় এই যে মাতৃভাষাগুলো
( ১৯শে মে, ভাষা শহিদ দিবসকে মনে রেখে এই অনুবাদ)
ঋতুরাজ কলিতা
আমাদের ভারতবর্ষের এই অংশটির এই যে মাতৃভাষাগুলোঃ
অসমিয়া,মণিপুরি, বাংলা, বডো, ভোজপুরি, মিশিং, সিলেটি,নেপালি, খাসি, হিন্দি,রাজস্থানী,
কার্বী,তিওয়া, ডিমাসা,জেমি নাগা, তাংখুল, আংগামি, কুকি, মিজো,মনপা,ককবরক...
আমাদের অত্যন্ত প্রিয় তথা পূজনীয়। ইতিহাস আর ভাষাবিজ্ঞান আমাদের জানিয়েছে যে
হাজার হাজার বছর ধরে বিকশিত আমাদের এই সমস্ত ভাষাই
সমস্ত সামাজিক এবং মানবিক ভাব প্রকাশ তথা বিনিময় করবার জন্যে পুরোপুরি উপযুক্ত
জীবনের সমস্ত আনন্দ বেদনা, দয়া করুণা, ক্ষোভ প্রীতি সবগুলো অনুভূতির পরিপূর্ণ বাহন
তবুও , কাগজের পৃষ্ঠা তথা দূরদর্শনের পর্দাতে নানারকম খবরগুলো দেখে শুনে
জায়গায় জায়গায় অহরহ যে সব ছোট বড় আন্দোলন হচ্ছে সেগুলোর স্লোগান পড়ে শুনে
আমাদের মনে কেন জানি এই সন্দেহ জাগে যে
আমাদের এই ভাষাগুলো
সত্যি বুঝি একই রকম করে নানা রকম মানুষের মর্মবেদনাকে প্রকাশ করতে পারে?
একই রকম প্রকাশ করতে পারে কি সেনা আতিশয্যের বলি নিরীহ অসমিয়া কৃষকের যন্ত্রণাকে?
আর উগ্রপন্থীর মাইন আক্রমণে পা কাটা পড়া তেলেগু সেনার দুর্ভাগ্যকে?
( যদি তাই হয়, তবে কেন অসমিয়া বর্ণমালাতে এক বিশেষ ধরণের খবরই দেখি বেশি বেশি করে?)
একই রকম বর্ণনা করতে কি পারে থৌবাল গ্রামে পুলিশের হাফাজতে মৃত কাঠ মিস্ত্রি ছেলেটির
তথা ইম্ফলে সন্ত্রাসবাদি বোমা বিস্ফোরণে মৃতা মণিপুরি ব্যাবসায়ী মায়ের কাহিনিকে?
( যদি তাই হয়, তবে কেন মণিপুরি স্লোগানগুলোতে আমরা এক বিশেষ ধরণের প্রতিবাদই দেখি
বেশি বেশি করে?)
মা বাবাকে হঠাৎ করেই হারিয়েছে যে ডিমাসা বা জেমি নাগা বা মাড় কিংবা ভোজপুরি কিশোরীটি
তার হৃদয়ের হাহাকারকে কি সেই একই রকম ব্যক্ত করতে পারে?
(যদি তাই হয়, তবে কি জেমিনাগা গণহত্যার বিরুদ্ধেও একই রকম প্রতিবাদে সোচ্চার হতো না ডিমাসা নারী?)
উদ্যত অস্ত্রের সামনে হতবাক নাগা বা কুকি বাসযাত্রীদের হাহাকারকে কি একই রকম বোঝাতে পারে?
একই রকম বোঝাতে পারে কি উগ্রপন্থীর আকাশছোঁয়া টাকার দাবিতে বিভ্রান্ত
অসমিয়া আর রাজস্থানী মূলের ব্যবসায়ীদের কিংকর্তব্যবিমূঢ়তাকে?
যদি প্রতিটি ভাষা সবার সুখ দুঃখ একই সমান করে প্রকাশ করে পারত
তিনসুকিয়ার গ্রামবাসিদের কন্ঠে কি আর শুনতে পেতাম সেই সংগঠন আর সেই ব্যক্তির জন্যে
জিন্দাবাদ ধ্বনি, যাদের নির্দেশে গণহত্যাতে মারা গেছে তিনসুকিয়ারই শতাধিক অন্যভাষী
যার সন্ত্রাসবাদি আক্রমণে হতাহত হয়েছে নিম্ন অসমের শহর গুলোর শত সহস্র আম জনতা
( অর্থাৎ তোমরা সেদিন স্লোগান দিয়েছিলে গণহত্যা জিন্দাবাদ, বোমা বিস্ফোরণ জিন্দাবাদ)
ধরা বাঁধা কতকগুলো শব্দ এবং শব্দজোড়কে গেঁথে গেঁথে
আজ আমরা আমাদের ভাষাগুলোর যে অবস্থা করেছি...
সেগুলো কি আর বোঝাতে পারল গুয়াহাটির বেলতলাতে
দুর্বৃত্তের অপ্ররোচিত আক্রমণে জীবিকা হারানো শত শত ক্ষুদ্র ব্যবসায়ীর বেদনাকে?
বোঝাতে পারল কি অসমের চর অঞ্চলের থেকে উজানের ইটভাটাতে ট্রাকে করে যাবার বেলা
বিদেশি আখ্যা দিয়ে যেখানে সেখানে ঘন্টার পর ঘন্টা খিদে তৃষ্ণাতে আবদ্ধ করে রাখবার যাতনা?
ঠিক ঠিক করে কি বোঝাতে পেরেছে গ্রামে গ্রামে বাঁদরের দলে
আর শোনিতপুর-নগাঁও-গোলাঘাটের গ্রামাঞ্চলে হাতিতে দলিত মথিত করে
যাদের খেত খামার ধ্বংস করেছে সেই জনতার ভবিতব্যকে?
রাষ্ট্রযন্ত্র, নিপীড়িত জাতিসত্তা, নারী-নির্যাতন, সন্দেহযুক্ত বিদেশী, হাতি মানুষের সংঘাত
ইত্যাদি কিছু শব্দবন্ধের অকারণ আধিক্য তথা অহরহ চাপে
আমাদের পূজনীয় মাতৃভাষাগুলো কি তাদের স্বাভাবিক ন্যায় অন্যায় বোধ হারিয়ে ফেলেছে
এমন কি আমাদের ...এই ভাষাগুলোর প্রিয় সন্তানদের--- জীবন মৃত্যুর পার্থক্য বোঝার ক্ষমতা?
এগুলো কি চমস্কি যেমনটি বলেছেন,
মানুষের সত্য সন্ধানের পথে জীব বৈজ্ঞানিক ভাবে অপ্রতিরোধ্য এক একটা সিড়ি...
না, হয়ে পড়েছে আমাদের অহরহ আত্ম প্রবঞ্চনার নীরব সাক্ষী এবং অসহায় সহায়ক ?
( কবিতাটি ড০ হীরেন গোঁহাই সম্পাদিত ‘নতুন পদাতিক’ কাগজের এপ্রিল,২০১০ সংখ্যাতে প্রকাশ পেয়েছে। ঋতুরাজ নিজেও কাগজটির সহ সম্পাদক।)
অনুবাদঃ ১৫-০৫-১০
ঋতুরাজ কলিতা
আমাদের ভারতবর্ষের এই অংশটির এই যে মাতৃভাষাগুলোঃ
অসমিয়া,মণিপুরি, বাংলা, বডো, ভোজপুরি, মিশিং, সিলেটি,নেপালি, খাসি, হিন্দি,রাজস্থানী,
কার্বী,তিওয়া, ডিমাসা,জেমি নাগা, তাংখুল, আংগামি, কুকি, মিজো,মনপা,ককবরক...
আমাদের অত্যন্ত প্রিয় তথা পূজনীয়। ইতিহাস আর ভাষাবিজ্ঞান আমাদের জানিয়েছে যে
হাজার হাজার বছর ধরে বিকশিত আমাদের এই সমস্ত ভাষাই
সমস্ত সামাজিক এবং মানবিক ভাব প্রকাশ তথা বিনিময় করবার জন্যে পুরোপুরি উপযুক্ত
জীবনের সমস্ত আনন্দ বেদনা, দয়া করুণা, ক্ষোভ প্রীতি সবগুলো অনুভূতির পরিপূর্ণ বাহন
তবুও , কাগজের পৃষ্ঠা তথা দূরদর্শনের পর্দাতে নানারকম খবরগুলো দেখে শুনে
জায়গায় জায়গায় অহরহ যে সব ছোট বড় আন্দোলন হচ্ছে সেগুলোর স্লোগান পড়ে শুনে
আমাদের মনে কেন জানি এই সন্দেহ জাগে যে
আমাদের এই ভাষাগুলো
সত্যি বুঝি একই রকম করে নানা রকম মানুষের মর্মবেদনাকে প্রকাশ করতে পারে?
একই রকম প্রকাশ করতে পারে কি সেনা আতিশয্যের বলি নিরীহ অসমিয়া কৃষকের যন্ত্রণাকে?
আর উগ্রপন্থীর মাইন আক্রমণে পা কাটা পড়া তেলেগু সেনার দুর্ভাগ্যকে?
( যদি তাই হয়, তবে কেন অসমিয়া বর্ণমালাতে এক বিশেষ ধরণের খবরই দেখি বেশি বেশি করে?)
একই রকম বর্ণনা করতে কি পারে থৌবাল গ্রামে পুলিশের হাফাজতে মৃত কাঠ মিস্ত্রি ছেলেটির
তথা ইম্ফলে সন্ত্রাসবাদি বোমা বিস্ফোরণে মৃতা মণিপুরি ব্যাবসায়ী মায়ের কাহিনিকে?
( যদি তাই হয়, তবে কেন মণিপুরি স্লোগানগুলোতে আমরা এক বিশেষ ধরণের প্রতিবাদই দেখি
বেশি বেশি করে?)
মা বাবাকে হঠাৎ করেই হারিয়েছে যে ডিমাসা বা জেমি নাগা বা মাড় কিংবা ভোজপুরি কিশোরীটি
তার হৃদয়ের হাহাকারকে কি সেই একই রকম ব্যক্ত করতে পারে?
(যদি তাই হয়, তবে কি জেমিনাগা গণহত্যার বিরুদ্ধেও একই রকম প্রতিবাদে সোচ্চার হতো না ডিমাসা নারী?)
উদ্যত অস্ত্রের সামনে হতবাক নাগা বা কুকি বাসযাত্রীদের হাহাকারকে কি একই রকম বোঝাতে পারে?
একই রকম বোঝাতে পারে কি উগ্রপন্থীর আকাশছোঁয়া টাকার দাবিতে বিভ্রান্ত
অসমিয়া আর রাজস্থানী মূলের ব্যবসায়ীদের কিংকর্তব্যবিমূঢ়তাকে?
যদি প্রতিটি ভাষা সবার সুখ দুঃখ একই সমান করে প্রকাশ করে পারত
তিনসুকিয়ার গ্রামবাসিদের কন্ঠে কি আর শুনতে পেতাম সেই সংগঠন আর সেই ব্যক্তির জন্যে
জিন্দাবাদ ধ্বনি, যাদের নির্দেশে গণহত্যাতে মারা গেছে তিনসুকিয়ারই শতাধিক অন্যভাষী
যার সন্ত্রাসবাদি আক্রমণে হতাহত হয়েছে নিম্ন অসমের শহর গুলোর শত সহস্র আম জনতা
( অর্থাৎ তোমরা সেদিন স্লোগান দিয়েছিলে গণহত্যা জিন্দাবাদ, বোমা বিস্ফোরণ জিন্দাবাদ)
ধরা বাঁধা কতকগুলো শব্দ এবং শব্দজোড়কে গেঁথে গেঁথে
আজ আমরা আমাদের ভাষাগুলোর যে অবস্থা করেছি...
সেগুলো কি আর বোঝাতে পারল গুয়াহাটির বেলতলাতে
দুর্বৃত্তের অপ্ররোচিত আক্রমণে জীবিকা হারানো শত শত ক্ষুদ্র ব্যবসায়ীর বেদনাকে?
বোঝাতে পারল কি অসমের চর অঞ্চলের থেকে উজানের ইটভাটাতে ট্রাকে করে যাবার বেলা
বিদেশি আখ্যা দিয়ে যেখানে সেখানে ঘন্টার পর ঘন্টা খিদে তৃষ্ণাতে আবদ্ধ করে রাখবার যাতনা?
ঠিক ঠিক করে কি বোঝাতে পেরেছে গ্রামে গ্রামে বাঁদরের দলে
আর শোনিতপুর-নগাঁও-গোলাঘাটের গ্রামাঞ্চলে হাতিতে দলিত মথিত করে
যাদের খেত খামার ধ্বংস করেছে সেই জনতার ভবিতব্যকে?
রাষ্ট্রযন্ত্র, নিপীড়িত জাতিসত্তা, নারী-নির্যাতন, সন্দেহযুক্ত বিদেশী, হাতি মানুষের সংঘাত
ইত্যাদি কিছু শব্দবন্ধের অকারণ আধিক্য তথা অহরহ চাপে
আমাদের পূজনীয় মাতৃভাষাগুলো কি তাদের স্বাভাবিক ন্যায় অন্যায় বোধ হারিয়ে ফেলেছে
এমন কি আমাদের ...এই ভাষাগুলোর প্রিয় সন্তানদের--- জীবন মৃত্যুর পার্থক্য বোঝার ক্ষমতা?
এগুলো কি চমস্কি যেমনটি বলেছেন,
মানুষের সত্য সন্ধানের পথে জীব বৈজ্ঞানিক ভাবে অপ্রতিরোধ্য এক একটা সিড়ি...
না, হয়ে পড়েছে আমাদের অহরহ আত্ম প্রবঞ্চনার নীরব সাক্ষী এবং অসহায় সহায়ক ?
( কবিতাটি ড০ হীরেন গোঁহাই সম্পাদিত ‘নতুন পদাতিক’ কাগজের এপ্রিল,২০১০ সংখ্যাতে প্রকাশ পেয়েছে। ঋতুরাজ নিজেও কাগজটির সহ সম্পাদক।)
অনুবাদঃ ১৫-০৫-১০
Labels:
Assamese Literature,
Bangla Bhasha,
Poem,
Translation
Friday, 14 May 2010
‘হৃদয়ে রবীন্দ্রনাথ, চেতনায় উনিশ’ : বাঙালির আত্মাভিমান, অসমিয়া উগ্রজাতীয়তাবাদ এবং রবীন্দ্রনাথের হৃদয় কথা
“আমাৰ ,ভাৰতবর্ষৰ এই খণ্ডৰ অধিবাসিসকলৰ, এই যে মাতৃভাষাবোৰঃ/অসমীয়া,মণিপুৰি,বাংলা,বডো,ভোজপুৰী,মিছিং,চিলেটী,নেপালী,খাচি,হিন্দী, ৰাজস্থানী,/কার্বী,তিৱা,ডিমাছা,জেমিনাগা,টাংখুল,আঙ্গামী,কুকি,মিজো,মনপা,ককবৰক…/আমাৰ অতিকৈ প্রিয় তথা পূজ্য।...” এভাবেই শুরু হয়েছে সুপরিচিত অসমিয়া তরুণ কবি ঋতুরাজ কলিতার এক আশ্চর্য সুন্দর গদ্য কবিতা। কবিতাটি দীর্ঘ। সবটা তুলে দেয়াটা এই প্রবন্ধের পক্ষে বিরক্তিকর হবে। আমি বরং প্রাসঙ্গিক ক’টা পংক্তি তুলে দিচ্ছি।“…তথাপি, কাকতৰ পাত তথা দূৰদর্শনৰ পর্দাত ভিন ভিন বাতৰিবোৰ দেখি-শুনি…আমাৰ মনত কিয় জানো এই সন্দেহ আহে/যে আমার এই ভাষাবোৰ/সঁচাকৈয়ে জানো প্রকাশ কৰিব পাৰে সকলোধৰণৰ মানুহৰ মর্মবেদনা?...।যদি প্রতিটো ভাষাই সকলোৰে সুখদুখ সমানেই প্রকাশ কৰিব পাৰিলেহেতেন/তিনিচুকীয়াৰ গাঁওবাসীৰ কণ্ঠত শুনিলোহেঁতেন জানো সেই সংগঠন আৰু সেই ব্যক্তিৰ বাবে জিন্দাবাদ ধ্বনি, যাৰ নির্দেশিত গণহত্যাত নিহত হৈছে তিনিচুকীয়াৰেই শতাধিক অন্যভাষী…বুজাব পাৰিছে জানো অসমৰ চৰ অঞ্চলৰ পৰা উজনিৰ ইটাভাটালৈ ট্রাকেৰে গৈ থাকোঁতে/বিদেশী আখ্যা দি যেয়ে –সেয়ে ঘন্টাৰ পিচত ঘন্টা ভোকে-পিয়াহে আৱদ্ধ কৰি ৰখাৰ যাতনা?...।”
স্পষ্ট যে উগ্রজাতীয়তাবাদের বিরুদ্ধে কবি কন্ঠ সোচ্চার। ঋতুরাজ অসমের সর্বজন শ্রদ্ধেয় লেখক বুদ্ধিজীবী হীরেন গোহাঁই সম্পাদিত বহুল প্রচারিত ছোট কাগজ , ‘নতুন পদাতিকে’র অন্যতম সহযোগী সম্পাদকও বটে। কবিতাটি সে কাগজেরই সাম্প্রতিক সংখ্যাতে ( ১০ এপ্রিল,১০) প্রকাশিত হয়েছে। সুতরাং তিনি একেবারে যে সে ব্যক্তি নন।
না, না। ঋতুরাজ কিম্বা তাঁর কবিতা আমাদের আলোচনার বিষয়ই নয়। আমাদের বিষয়, ‘সিলেটি’ শব্দটি। সে আবার বাংলার থেকে স্বতন্ত্র উল্লেখ করবার মতো আলাদা মাতৃভাষা হলো কবে? অনেক অসমিয়া লেখক বুদ্ধিজীবী ‘সিলেটি’কে বাংলার থেকে স্বতন্ত্র পূর্বোত্তর ভারতীয় ভাষা হিসেবে ভাবতে ভালোবাসেন। ‘নিন্দুকে’রা বলেন এ হলো বাংলার থেকে আলাদা করে পরে অসমিয়ার স্বগোত্রীয় বলে চালিয়ে দিয়ে সেই ভাষাতেই মিলিয়ে দেবার পরিকল্পনা মাত্র। ঋতুরাজ কিম্বা তাঁর মতো বাম প্রগতিশীলদের কলমেও যখন সেই পরিকল্পনার ছায়ার দেখা মেলে তখন চোখ আমাদের একটু কোঁচকায় বটে। মনে হয় যেন বাম দক্ষিণ নির্বিশেষে অসমিয়া মানেই উগ্রজাতীয়তাবাদি। কিন্তু ব্যাপার এতো সহজ নয়। সে নিয়ে আমরা পরে আসছি।
সাম্প্রতিক অসমে ময়মন সিংহ থেকে ১৯৭১এর মার্চের আগে আসা মুসলমানেরা আদমসুমারীতে নিজেদের মাতৃভাষা কী লেখাবেন তাই নিয়ে আলো হাওয়া বেশ উত্তপ্ত হয়েছে। বছরের আগামীদিনগুলোতে আরো হবে এই আশঙ্কাই করা যায়। যারা বলছেন, ‘বাংলা লেখান’ তাদের সম্পর্কে অসমিয়া ভাষার পক্ষের লোকেরা বলছেন এসব বরাক উপত্যকার বাঙালি উগ্রজাতীয়তাবাদীদের প্ররোচনা। অসমিয়া জাতিকে ভাঙ্গার ষড়যন্ত্র।এক বৃহত্তর জাতীয় ঐক্য গড়বার সৎপ্রয়াসে বাঙালিরা জল ঢালছেন। অন্যদিকে এই ‘সৎপ্রয়াসকে’ বাঙালি মাত্রেই উগ্রজাতীয়াতাবাদ আখ্যা দিয়ে আসছেন। বলছেন, এ হলো বাঙালির সংখ্যা কমিয়ে আধিপত্য বিস্তারের প্রয়াস মাত্র। মুসলমানদের মধ্যে যারা বলছেন, ‘অসমিয়া লেখান’-তাদের সম্পর্কে বাংলার পক্ষের লোকেরা বলছেন ‘বিশ্বাসঘাতক’! আর যারা বলছেন, ‘বাংলা লেখান’ তাদের সম্বন্ধেও অসমিয়ারা অন্যকোনো শব্দ ব্যবহার করছেনই না। অসমিয়ারা বলছেন এতোদিন ঘরের বাইরে অসমিয়া লিখে পড়ে কথা বলে এই মুসলমানেরা অসমিয়া হয়েই গেছেন। বিরুদ্ধবাদিরা জিজ্ঞেস করছেন, তবে যে মূলস্রোতের অসমিয়ারা ঘরের বাইরে ইংরেজিতে লেখা পড়া করছেন, কথা বলছেন তারা কি ইংরেজ হয়ে গেলেন? ভোটের বাজার তাতে কতটা সরগরম হবে তাতো আগামি দিনে দেখাই যাবে। কিন্তু আপাতত যে এতে পত্রিকা কাগজগুলোর বাজার বেশ জমে উঠেছে তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু যে ব্যাপারটি খোদ মুসলমানদেরকে ভাবাচ্ছে, বাঙালি বলে লিখলেও বরাকে ‘বাঙাল’ আর ব্রহ্মপুত্রে ‘বাংলাদেশি’ এই অবিধা তাদের যাবার নয়। কেউই তাদের পুরো বাঙালি কিম্বা পুরো অসমিয়া বলে মেনে নেবার মতো অবস্থাতে নেই। মেনে নেবেন এই আস্থাও কেউ যোগাবার মতো কোনো আয়োজন করছেন না। যার মারটা জোরালো, তার হাত থেকে বাঁচবার জন্যে তাঁদের দিকেই ঝুঁকে পড়বার সম্ভাবনাই বেশি এই মুসলমান মানুষগুলোর । অসমিয়ারা সংখ্যাগরিষ্ঠ । সুতরাং তাদের দিকেই ভিড়ে যাবার সম্ভাবনা যথারীতি প্রবল। যেমনটি তারা এতোদিন করে এসছেন। যদি তা না করেন তবে সে হবে এক ঐতিহাসিক ঘটনা। সেটি ভালো কি মন্দ হবে সে তর্ক আমরা আপাতত না হয় তুলছি না।
এই মুসলমানেরা থাকেন মূলত ব্রহ্মপুত্রের চর অঞ্চলে। তাদের বেশির ভাগ আসলে গরীব কৃষক, জেলে। জল জমিতে কাজ না মিললে তারা পাথর ভেঙে বড়লোকদের গাড়ি চলবার পথ তৈরি করে দিতে ছড়িয়ে পড়েন পূর্বোত্তরের অন্যত্র। সেখানে তাদের কপালে কী জোটে ঋতুরাজ লিখেছেন সেটিই, “বুজাব পাৰিছে জানো অসমৰ চৰ অঞ্চলৰ পৰা উজনিৰ ইটাভাটালৈ ট্রাকেৰে গোই থাকোঁতে/বিদেশী আখ্যা দি যেয়ে –সেয়ে ঘন্টাৰ পিচত ঘন্টা ভোকে-পিয়াহে আৱদ্ধ কৰি ৰখাৰ যাতনা?...।” এসব দেখে শুনে অন্নদা শঙ্করের সেই কবিতাকে খানিকটা পালটে দিয়ে আবৃত্তি করতে ইচ্ছে জাগে, “তেলের শিশি ভাঙল বলে খোকার পরে রাগ করো?/ তোমরা যে সব বুড়া খোকা ‘অসম’ ভেঙে ভাগ করো। তার বেলা? ” এই গরীব মুসলমানেরা নিজেদের অসমিয়া লিখিয়ে পিঠ বাঁচাবার যে সংগ্রামটি করেন তা খুব কম বাঙ্গালি জাতি ভাইয়ের চোখে পড়ে। কেন না ভাষা কিম্বা ধর্ম যার আধারেই ‘জাতি’ গড়বার স্বপ্ন দেখুন সেই স্বপ্নদ্রষ্টারা শ্রেণিগত ভাবেই মধ্যবিত্ত। সেই শ্রেণি অবস্থান থেকে উপরে যত দূরেই তাদের চোখ যাক না কেন তলার দিকে সে চোখ পড়ে অতি অল্প।
আমাদের নিজেদের ‘চোখ’কে নিয়ে খুব অহঙ্কার রয়েছে। নিজেদের খুব সত্যদ্রষ্টা বলে ভাবতে আমরা ভালোবাসি। প্রায়ই ধমকে দিয়ে পরকে বলি, ‘তুমি কি আমার থেকে বেশি জানো?” সত্য হলো, আমরা কেউই বেশি জানি না। ঋতুরাজ জানেন না যে ‘সিলেটি’ বাংলার এক উপভাষা মাত্র, আলাদা কারো মাতৃভাষা নয়। এই না জানার উপর ঋতুরাজের নিজের খুব একটা দখল নেই। তিনি সেই ছেলে বেলা থেকে স্কুল পাঠ্য সমস্ত অসমিয়া বইতে, সভা সমিতিতে সেরকমই শুনে এসছেন। অত্যুৎসাহীরা ‘সিলেটি’কেও অসমিয়ার উপভাষা বলে বৃহৎ অসমিয়া জাতি গড়বার স্বপ্ন দেখেছেন , দেখিয়েছেন। কিন্তু যারা জানেন যে সিলেটিদের মধ্যে গরীব শ্রমিক, কৃষক থাকলেও এক শক্তিশালী মধ্যবিত্ত বৌদ্ধিক সমাজ রয়েছেন তারা সে উৎসাহ খানিকটা দমিয়ে এনে একে বাংলার থেকে আলাদা ভাষা হিসেবে ভাবতে ভালো বেসেছেন। বানীকান্ত কাকতি কে বাদ দিলে আমি এখনো কোনো অসমিয়া বইতে একে বাংলারই এক উপভাষা বলে সানন্দ স্বীকৃতি দিতে দেখিনি। । ব্যাপারটার শুরু হয়েছিল সেই ১৯১৩তে । যখন বেনুধর রাজখোয়া সিলেট জেলা মেজিষ্ট্রেট ছিলেন, তিনি তখন একটি বই লেখেন যার নাম ছিলঃ Notes on the Sylheti Dialect . তিনি দেখিয়েছিলেন যে সিলেটি উপভাষাটি আদর্শ বাংলার থেকে অসমিয়ার অনেক কাছের ভাষা । তিনি বিশেষ করে উল্লেখ করেছিলেন যে সিলেটিরা শিষ ধ্বনি স (s) কে অসমিয়াদের মতো 'স' (X) উচ্চারণ করে । এরা অল্প /h/-এর দিকে হেলে পড়ে, আদর্শ বাংলার -'সে', 'ঐ',' সেইটি'---র বদলে তারা বলে, 'হি' /he/ ( অস. সি /xi/), হউ /hou/ (অস. সৌ /xou/) , হেইটো ( অস. সেইটো /xeito/) ইত্যাদি । বেনুধর রাজখোয়া অসমিয়া লিপিতে লেখা এক পুরোনো সিলেটি 'পদ্মাপুরাণে'র পাণ্ডুলিপিও দেখেছিলেন । তার পর একেবারেই সাম্প্রতিক গুয়াহাটি বিশ্ববিদ্যালয়ের অসমিয়া বিভাগের অধ্যাপক ভাষাবিদ উপেন রাভা হাকাসামের বই ‘অসমীয়া আৰু অসমৰ তিব্বত বর্মীয় ভাষা’ এবং ‘অসমীয়া আৰু অসমৰ ভাষা-উপভাষা’ বই দুটিতেও বেনুধর রাজখোয়ার সেই শতাব্দি প্রাচীন তত্বের প্রতিধ্বনি শোনা যাবে। মাঝখানের ভাষাবিদেরা এ নিয়ে কী লিখে গেছেন উপেন রাভা হাকাচাম থেকেই না হয় তার নজির টানা যাক , “ অবশ্যে পৰবর্তী কালত ড০ উপেন্দ্র নাথ গোস্বামীয়ে তেওঁৰ ‘অসমীয়া ভাষা আৰু উপভাষা’ (১৮৮৬)নামৰ পুথিত ড০ প্রমোদচন্দ্র ভট্টাচার্যৰ সুৰতে সুৰ মিলাই ক’বলৈ অকণো সংকোচ বোধ কৰা নাই যে “ কাছাৰী উপভাষাটো কামৰূপী উপভাষা আৰু অসমীয়া মান্য ভাষাৰ ওচৰ চপা। ইয়াত শতকৰা পয়সত্তৰটা শব্দ সজাতীয় শব্দ।” ( পৃঃ ১১; ‘অসমীয়া আৰু অসমৰ তিব্বত বর্মীয় ভাষা ) । এরা পণ্ডিত মানুষ। কিন্তু তা সত্বেও তাঁদের ‘চোখ’ যে সর্বত্রগামী হয় নি সেতো বেনুধর রাজখোয়ার ঐ ছোট্ট উল্লেখটিতেই স্পষ্ট। হেইটো ( অস. সেইটো /xeito/) সিলেটি শব্দই নয়। সিলেটি শব্দ হবেঃ হকটা বা হটা বা হিটা। তাঁর অসমিয়ার সাদৃশ্য সন্ধানী চোখ ‘হিটা’কে ‘হেইটো’ শুনেছিল।
এমন সীমাবদ্ধতা প্রায় শতাব্দী পরের উপেন রাভাতেও রয়েছে। তিনি বাংলা বলে যে ভাষার নজির দিয়ে তুলনা টেনেছেন তা প্রায়ই বাংলা সাধু ভাষা। মুখের বদলে কৃত্রিম ভাবে গড়ে তোলা সাহিত্যের ভাষা। যেমন তিনি লিখেছেন, “ অসমীয়াৰ সৈতে সাদৃশ্য থকা প্রধান কেতবোৰ ৰূপতাত্বিক বৈশিষ্ট হ’ল—ভবিষ্যত কালৰ প্রথম পুৰুষৰ ৰূপ –ইমু ( যাইমু, কৰিমু),তু,অসমীয়া –ইম/ম কিন্তু বাংলা –ইব, দ্বিতীয় পুৰুষৰ ৰূপ –ইবা ( যাইবা, কৰিবা) তু, অসমীয়া-ইবা/বা কিন্তু বাংলা –ইবে, তৃতীয় পুৰুষৰ ৰূপ –ইব (কৰিব) ,তু অসমীয়া –ইব/-ব কিন্তু বাংলা –ইবে...” ( পৃঃ ১২’ঐ) এমন নজির তাঁর দুটো বইতেই প্রচুর রয়েছে। বস্তুত প্রায় সবই এরকম। প্রথম,দ্বিতীয়, তৃতীয় পুরুষ বিভাজন বাংলাতে নেই। আমি যদ্দুর জানি অসমীয়াতেও নেই। আসলে তিনি প্রথম বলতে উত্তম পুরুষ,দ্বিতীয় বলে মধ্যম আর তৃতীয় বলে প্রথম পুরুষ বুঝিয়েছেন সেটি অসমীয়া নজির থেকে স্পষ্ট। তাই যদি হয়, তবে উত্তম পুরুষে আদর্শ চলিত বাংলার রূপ আসলে –ইব নয় -ব ( আমি যাব, খাব।) সাধু বাংলাতে –ইব ( যাইবে, খাইবে), তেমনি মধ্যম পুরুষের চলিত বাংলার ইবে নয়, বে ( তুমি যাবে, খাবে), প্রথম পুরুষের চলিত বাংলার রূপ ইবে নয়, মধ্যম পুরুষের মতোই –বে ( সে যাবে, খাবে)। সিলেটি উদাহরণও যথাযথ নয় এখানে। মধ্যম পুৰুষৰ ৰূপ –ইবা এবং তার দৃষ্টান্ত মোটেও যাইবা, কৰিবা –কোনোটাই নয়। সে হবে –ইও ( যাইও, করিও) । তৃতীয় পুরুষের ৰূপ অসমীয়ার মতোই –ইব/ব হয় বটে । কিন্ত ‘কৰিব’ শব্দটি তার দৃষ্টান্ত হতে পারে না। এটি একেবারেই উত্তম পুরুষের সাধু বাংলার রূপ, সিলেটি মোটেও নয়। সিলেটি হবে ‘ হে যাইব, করব, খাইব, মরব ইত্যাদি। অসমিয়াতে ‘সি কৰিব’, কিন্তু সাধু বাংলাতে , ‘আমি করিব’ । এ ধরণের দৃষ্টান্ত দেয়া আর সিদ্ধান্ত টানা থেকে একটা কথাতো পরিষ্কার যে উপেন রাভা অবরোহী পদ্ধতিতে অনুসন্ধান চালিয়েছেন। অর্থাৎ, সিদ্ধান্ত কী টানতে হবে তাঁর আগেই জানা ছিল, পরে তিনি তার অনুকূলে দৃষ্টান্ত সংগ্রহ করে গেছেন। সেটি করতে গিয়ে সিলেটিকে যতটা পারেন অসমিয়ার মতো করে ফেলেছেন, আর বাংলাকে যতটা সম্ভব সাধু করে দূরে ঠেলে দিয়েছেন। তাতে অসমীয়া অক্ষত থাকলেও বাংলা বা সিলেটি কেউই তাদের যথাযথ রূপ এবং চরিত্রে তাঁর গ্রন্থে এসে উপস্থিত হয় নি। বৈজ্ঞানিক নৈরাসক্তি তাঁর অধ্যয়নে পাওয়া যাবে না। তাঁর পরেও কিন্তু তাঁর মন্তব্য আমরা সিলেটিরা বুঝি যথেষ্ট বৈজ্ঞানিক অনুসন্ধান না করেই একটা ভুল ধারণা নিয়ে বসে আছি যে আমাদের মাতৃভাষা বাংলা। প্রমোদ চন্দ্র ভট্টাচার্যের একটি উদ্ধৃতি দিয়ে তিনিও লিখেছেন, “এনেদৰে কাছাৰ অঞ্চলৰ ভাষা-উপভাষাৰ তুলনামূলক বিচাৰ-বিশ্লেষণ কৰিলে কাছাৰীয় উপভাষা সীমান্তৰ মাত -কথা ৰূপে বঙলাতকৈ অসমীয়া ভাষাৰ ওচৰ চপা আৰু ঘনিষ্ঠ ৰূপ বুলি প্রমাণ কৰিব পাৰি... কিন্তু কাছাড় আৰু কৰিমগঞ্জ অঞ্চলৰ কথিত ভাষা-উপভাষাৰ বৈজ্ঞানিক আৰু ক্ষেত্র অধ্যয়নমূলক বিচাৰ বিশ্লেষণ নোহোৱাৰ বাবে,... পুৰণি ভুল ধাৰণাই এই অঞ্চলৰ কথিত ভাষা-উপভাষাক বঙলা বুলিহে অভিহিত কৰি চৰকাৰী ব্যৱস্থা লোৱা হৈছে।” ( পৃঃ১২; ঐ)
তাঁর নিজের অধ্যয়নই যে যথেষ্ট বৈজ্ঞানিক নয় সেতো পাঠক মাত্রেই আগে দেয়া নজির থেকে ধরে নেবেন। বোঝাই যায় জাতীয়তাবাদ তাঁর দৃষ্টিকে নিয়ন্ত্রিত আর সীমাবদ্ধ করেছে। এমন জাতি, বর্ণ, অঞ্চল, শ্রেণি বা অন্যান্য সামাজিক স্বার্থ আমাদের দৃষ্টিকে নিয়ন্ত্রিত করে বলেই সমাজ বিজ্ঞান আজো বিশুদ্ধ বিজ্ঞান বলে স্বীকৃতি পেলনা।“কাছাৰীয় উপভাষা সীমান্তৰ মাত -কথা ৰূপে বঙলাতকৈ অসমীয়া ভাষাৰ ওচৰ চপা আৰু ঘনিষ্ঠ ৰূপ বুলি প্রমাণ কৰিব পাৰি...”-- তাঁর এই কথাৰ সঙ্গে কোনো বাঙালিই দ্বিমত পোষণ করবেন না। রবীন্দ্রনাথ অব্দি তাঁর প্রথম জীবনের এক রচনাতে লিখেছেন, “ বীরভূমের কথিত ভাষার সহিত ঢাকার ভাষার যে প্রভেদ, বাংলার সহিত আসামির প্রভেদ তাহা অপেক্ষা খুব বেশি নহে।” (পৃঃ ৭৩৯, ভাষাবিচ্ছেদ;পরিশিষ্ট,শব্দতত্ব; রবীন্দ্ররচনাবলী, ৬ষ্ঠ খন্ড;১২৫তম জন্মজয়ন্তী উপলক্ষে বিশ্বভারতী প্রকাশিত সুলভ সংস্করণ) । এই কথা প্রতিষ্ঠার জন্যে উপেন রাভার দরকার ছিলনা সিলেটি উদাহরণকে অসমিয়াপ্রায় আর বাংলা উদাহরণকে সাধু বাংলা করে দূরে ঠেলবার। এর পক্ষে তিনি বহু বাংলা ভাষাবিদদের থেকেও নজির পেয়ে যেতেন। চাইকি শুধু সিলেটি কেন পূর্ব বাংলার আরো আরো উপভাষার অধ্যয়ন করলেও তিনি সেটা প্রমাণ করতে পারতেন। সম্ভবত চট্টগ্রামের ভাষার সঙ্গে আর বেশি। উপরে উল্লেখ করা প্রবন্ধেই রবীন্দ্রনাথই লিখেছেন, “ আসামিরা চ-কে দন্ত্য স ( ইংরেজি s) জ-কে দন্ত্য জ ( ইংরেজি z) রূপে উচ্চারণ করে , পূর্ববাংলাতেও সেই নিয়ম । তাহারা শ-কে হ বলে, পূর্ববঙ্গেও তাই। তাহারা বাক্য-কে ‘বাইক্য’, মান্য-কে ‘মাইন্য’ বলে, এ সম্বন্ধেও তাহার প্রভেদ দেখি না।”( (পৃঃ ৭৪১, ভাষাবিচ্ছেদ;ঐ) উপেন রাভা বা বেনুধর রাজখোয়া কেউ ওতো দূর অব্দি তাকানই নি, কেননা তাঁদের দৃষ্টিকে নিয়ন্ত্রিত করেছে গেল এক দেড় শতকের অসমের রাজনৈতিক ইতিহাস আর মানচিত্র। সিলেট ১৮৭৪থেকে অসমের একেজেলা ছিল। আজো তার একটা অংশ অসমেরই অংশ। কিন্তু উপেন রাভা হাকাসামের, “পুৰণি ভুল ধাৰণাই এই অঞ্চলৰ কথিত ভাষা-উপভাষাক বঙলা বুলিহে অভিহিত কৰি চৰকাৰী ব্যৱস্থা লোৱা হৈছে।” এই কথাতে অন্য বাঙালিতো বটেই সিলেটি মাত্রকেই ক্ষেপিয়ে তুলবার পক্ষে যথেষ্ট। অথচ তাঁর উদ্দেশ্য এক বৃহত্তর ঐক্য গড়ে তোলা।
গেল বছর (১ সেপ্টেম্বর,২০০৯) তিনি আমাদের তিনসুকিয়া কলেজে ভাষা উপভাষার উপর এক বক্তৃতা দিতে আমন্ত্রিত হয়ে এসছিলেন। সেই সভাতে সিলেটি শ্রোতার সংখ্যা ছিল অতি নগন্য,ময়মনসিংহী কেউ তো ছিলেনই না। তাদের তুষ্ট করবার কোনো প্রশ্নই উঠেনা। তবুও তিনি বেশ জোর দিয়েই নানা ভাষাতাত্বিক উদাহরণ দিয়ে দিয়ে বলেছেন, কৌনোজ থেকে আসা বহু মূলস্রোতের অসমিয়াদের থেকেও সিলেটিরা, ময়মনসিংহের লোকেরা এই অসমের মাটিতে বেশি প্রাচীন। বেশি ‘খিলঞ্জিয়া’। মজার কথাটা হলো, এই সত্য কথাটা অসমের বহু সিলেটিও জানেনই না। তিনিতো ‘বাংলাদেশি’ বলে ময়মনসিংহীদের হেনস্থা করবার প্রয়াসের বিরুদ্ধেও তাঁর ক্ষোভ প্রকাশ্যেই জানিয়ে গেলেন।
উপেন রাভার এই ‘সৎ উদ্দেশ্য’কে বহু সিলেটি তথা বাঙ্গালি সন্দেহের দৃষ্টিতে দেখতে চাইবেন। তাঁরা ভেবে নেবেন যে যতই ভালো ভালো কথা বলুন লিখুন অসমিয়া মাত্রেই উগ্রজাতীয়তাবাদি। এই বাঙালিদের জন্যে এবারে আমরা বাংলার উগ্রজাতীয়তাবাদিদের খবর জানাবো।
বরাক উপত্যকার ভাষাকে বাংলা বলে চালিয়ে দেবার চেষ্টাকে নিয়ে উপেন রাভার আক্ষেপের প্রতিধ্বনি শোনা যাবে বাংলার তথা কথিত কামরূপী উপভাষা তথা কামতাপুরি ভাষা নিয়ে সুধীর কুমার বিষ্ণুর করা এই মন্তব্যে , “ কামরূপী উপভাষাকে একটি প্রাচীন ও স্বতন্ত্র ভাষা রূপে দাবি করা হয়েছে, এর পেছনে দু’টি কারণ আছে বলে আমার মনে হয়। প্রথমত, মাতৃভাষা সম্পর্কে মানুষের আবেগকে কাজে লাগিয়ে রাজনৈতিক উদ্দেশ্য সাধনের চেষ্টা, দ্বিতীয়ত, ভাষা ও উপভাষা সম্পর্কে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির অভাব।” (পৃঃ ১৫৮, কামরূপী উপভাষা; সুধীর কুমার বিষ্ণু; উত্তর বঙ্গের ভাষা; সম্পাদক-রতন বিশ্বাস।)পাঠককে আমরা মনে করিয়ে দিতে চাই অসমের বরাকউপত্যকার রাজনৈতিক আর সামাজিক অবস্থান থেকে পশ্চিম বাংলার উত্তর ভাগের চেহারা চরিত্র খুব একটা পৃথক নয়। পিছিয়ে পড়া উত্তর বাংলাতেও কামতাপুরি ভাষার আন্দোলনকে কঠোর ভাবে দমন করে আসছে সেখানকার সরকার আর বাঙালি মধ্যবিত্ত। তবু বরাকে যারা ভাষার প্রশ্নে প্রচণ্ড আবেগিক, যারা মুলতঃ লেখক বুদ্ধিজীবি, রাজনীতির সঙ্গে চোখে পড়ার মতো সম্পর্ক যাদের অতি অল্প তাদের আমরা সেই উত্তর বঙ্গের বাস্তবতার সঙ্গে সংহতি প্রকাশ করতে দেখিই না। তাঁরা মাঝে মধ্যে স্লোগান তোলেন বটে , “মাতৃভাষা প্রাণের ভাষা। এ ভাষায় আছে অধিকার সকল জাতির সকল জনতার।” কিন্তু সেটি কতটা আন্তরিক তাঁর পরীক্ষা দেবার এখনো অনেক বাকি। বরাকের মণিপুরি ভাষাকে সরকারি ভাষা করবার প্রস্তাব সম্ভবত এখনো তাদের কোনো কল্পনাতেই নেই। কেউ সে প্রস্তাব দিলেও তিনি কতটা সমাদৃত হবেন তা এখনো দেখার বাকি। তাঁরা বরং অতি আগ্রহী কলকাতার প্রতি। কারণ কলকাতাই বাংলার সাংস্কৃতিক রাজনীতির রাজধানী! যার একটা শাখা তারা খুলে চালাতে চাইছেন শিলচরে। কথাগুলো কটু, অপ্রিয়। কিন্তু সত্য।
খুব কম বাঙালিই সুধীর বিষ্ণুর মন্তব্যে সহজে কোনো ত্রুটি দেখতে পাবেন, বরং বৃহৎ বাঙালি ঐক্যের স্বার্থকে উর্ধে তুলে ধরবার জন্যে বাহবাই দেবেন। তবু যদি কেউ ভেবে থাকেন যে অধ্যাপক সুধীর বিষ্ণু নিশ্চয়ই কোনো এলেবেলে লোক তাদের জন্যে আমরা এবারে এক মোক্ষম উদাহরণ তুলে ধরব। সেটি আর কেউ নন, স্বয়ং রবীন্দ্রনাথের থেকে । রবীন্দ্রনাথের যে উদ্ধৃতি দু’টো এ অব্দি তুলে দিলাম যাতে মনে হতে পারে যে তিনিও ভাষাদু’টোর মিত্রতার জয়ধ্বজা তুলবার মহান ব্রত কাঁধে তুলে নিয়েছেন, তাঁর সেই লেখার মধ্যেই পাওয়া যাবে বেনুধর রাজখোয়া বা উপেন রাভা হাকাসামের মন্তব্যগুলোর শেকড় বাকড়ের খোঁজ , “... আসাম ও উড়িষ্যায় বাংলা যদি লিখন পঠনের ভাষা হয় তবে তাহা যেমন বাংলা সাহিত্যের পক্ষে শুভজনক হইবে তেমনিই সেই দেশের পক্ষেও। কিন্তু ইংরেজের কৃত্রিম উৎসাহে বাঙ্গলার এই দুই উপকণ্ঠবিভাগে একদল শিক্ষিত যুবক বাংলা প্রচলনের বিরুদ্ধে বিদ্রোহধ্বজা তুলিয়া স্থানীয় ভাষার জয়কীর্তন করিতেছেন।” অসমিয়া বা ওড়িয়া ভাষাতে যে কোনো বড় কাজ করা যেতে পারে সেটি রবীন্দ্রনাথ তখন ( ১৩০৫ বাংলা) বিশ্বাসই করতে পারতেন না । তিনি লিখেছেন, “ এ কথা আমাদের স্মরণ রাখা উচিত যে দেশীয় ভাষা আমাদের রাজভাষা নহে, যে ভাষার সাহায্যে বিদ্যালয়ের উপাধি বা মোটা বেতন লাভের আশা নাই। অতএব, দেশীয় সাহিত্যের একমাত্র ভরসা তাহার প্রজাসংখ্যা, তাহার লেখক ও পাঠক সাধারণের ব্যাপ্তি। খন্ড বিচ্ছিন্ন দেশে কখনোই মহৎ সাহিত্য জন্মিতে পারে না। তাহা সংকীর্ণ গ্রাম্য প্রাদেশিক আকার ধারণ করে। তাহা ঘেরো এবং আটপৌরে হইয়া উঠে, তাহা মানব-রাজদরবারের উপযুক্ত নয়।” (পৃঃ ৭৪১, ভাষাবিচ্ছেদ;ঐ)
এ বছর সমগ্র অসমেও রবীন্দ্রনাথের সার্ধশতবর্ষ যথেষ্ট সম্মানের সঙ্গে পালিত হচ্ছে আর হবে। অসমিয়া মানুষও তার উদ্যোগ নিচ্ছেন। ব্রহ্মপুত্র উপত্যকার প্রায় প্রতিটি সঙ্গীত বিদ্যালয়ে রবীন্দ্রসঙ্গীতের পাঠ দেয়া হয়ে থাকে। তিনি যে প্রতিটি অসমিয়া মনে জ্যোতি প্রসাদ বিষ্ণুরাভার থেকে মোটেও কম শ্রদ্ধার আসনে বসে নেই তার কারণ ঘটনাক্রম সেই ১৩০৫ সনে রবীন্দ্রনাথের আশা করা মতো ঘটেনি, রবীন্দ্রনাথও তাঁর তখনকার অভিমত আঁকড়ে ধরে থাকেন নি। ঐ প্রবন্ধটি লেখার সময় অব্দি এমন কি ১৯০৫এর বাংলা ভাগ বিরোধী আন্দোলনের সময় অব্দি তিনি সমকালীন উগ্র ভারতীয় তথা বাঙালি জাতীয়তাবাদের সঙ্গে ছিলেন। এমনকি ইউরোপীয় জাতি-রাষ্ট্রের ধারণার প্রতিও তাঁর অগাধ শ্রদ্ধা ছিল। ওই প্রবন্ধেই তিনি লিখছেন, “ বৃটিশ দ্বীপে স্কটল্যান্ড, আয়র্ল্যান্ড ও ওয়েলসের স্থানীয় ভাষা ইংরেজি সাধুভাষা হইতে একেবারেই স্বতন্ত্র। তাহাদিগকে ইংরেজির উপভাষাও বলা যায় না। উক্ত ভাষাসকলের প্রাচীন সাহিত্যও স্বল্পবিস্তৃত নহে। কিন্তু ইংরেজের বল জয়ী হওয়ায় প্রবল ইংরেজিভাষাই বৃটিশ দ্বীপের সাধুভাষারূপে গণ্য হইয়াছে। এই ভাষার ঐক্যে বৃটিশ যে উন্নতি ও বললাভ করিয়াছে, ভাষা পৃথক থাকিলে তাহা কদাচ সম্ভব হইত না।” এটি এক উজ্জ্বল প্রমাণ যে ভারতে ‘জাতি গঠনে’র ধারণাটি একটি ইউরোপীয় আমদানি। রবীন্দ্রনাথের নিজেরই পরের রচনাগুলোতে তার স্বীকৃতি ও উল্লেখ অজস্র আছে। জাতি রাষ্ট্রের ধারণা এক ইউরোপীয় এবং বর্বর ধারণা। যেখানেই সে ধারণা গেছে সঙ্গে করে মৃত্যু আর ধ্বংস ছাড়া আর কিছুই নিয়ে যায় নি। আমরা সবাই জানি এখানে যে ‘ইংরেজের বলে’র তিনি ভূয়সী প্রশংসা করছেন তাকেই তিনি ‘অজগর সাপের ঐক্য নীতি’ বলে পরের জীবনে ক্ষোভ প্রকাশ করছেন। জীবনের শেষে ‘সভ্যতার সংকট’ অব্দি আসতে আসতে সেই ক্ষোভ অভিশাপে পরিণত হয়েছে। কেবল অসমীয়ারা ক্ষুন্ন হয়ে আছে বলেই তিনি অসমীয়াকে স্বতন্ত্র ভাষা বলে মেনে নিয়েছেন তা নয়। তিনিই প্রথম আবিষ্কার করেছেন ‘বৈচিত্রের মধ্যে ঐক্য’ই আমাদের দেশের মূল সুর।পরের স্বাতন্ত্র্য স্বীকার করে নিয়ে তাকে আপন করবার প্রতিভাটা ভারতের নিজস্ব প্রতিভা। আমরা যে রচনার থেকে তাঁর উদ্ধৃতিগুলো দিলাম সে লেখাটিও তাই পরে পরিত্যক্ত হয়েছিল। শুধু ঐতিহাসিক সত্যতার দায়ে ১২৫তম জন্মজয়ন্তীর সময় প্রকাশিত সুলভ সংস্করণের সম্পাদকেরা একে পরিশিষ্টে ঠাই দিয়েছেন।
অসমীয়া ভাষাতে গ্রন্থ প্রকাশের বিষয়ে লক্ষীনাথ বেজবরুয়ার সঙ্গে কথা প্রসঙ্গে রবীন্দ্রনাথ কিছু বিরূপ মন্তব্য করেছিলেন। তাঁর আশঙ্কা ছিল এমন করে সবাই যদি বাংলা ছাড়তে শুরু করে তবে আর বাংলা সাহিত্য বলে কিছু টিকে থাকবে না। এই কথাগুলো অসমিয়া পন্ডিতদের মধ্যে বহুবার বহুভাবে আলোচিত হয়েছে। লোক সংস্কৃতির প্রখ্যাত গবেষক, অসম সাহিত্য সভার প্রাক্তন সভাপতি অধ্যাপক বীরেন্দ্রনাথ দত্তের কথাতে রবীন্দ্রনাথের এই সব মন্তব্য “ কিছুদূৰ বৈষয়িক ধৰণৰহে আছিল। আৰু সেয়া আছিল কবিৰ আগ বয়সৰ কথা । ৰবীন্দ্রনাথেৰ পৰিণত চিন্তাত আন এখন ছবিহে ফুটি উঠে । প্রত্যেক আঞ্চলিক ভাষাই সমৃদ্ধি লাভ কৰক আৰু তাৰ মাজতেই সাংস্কৃতিক-ভাষিক বিস্তৃতি লাভ কৰক-কবিয়ে মনে প্রাণে তাকেই কামনা কৰিছিল” ( অসমীয়া আৰু বাঙালীৰ সম্পর্কঃ এক ঐতিহাসিক বিহঙ্গম দৃষ্টি; সাতসৰী, ১৬-৩১ ডিসেম্বর সংখ্যা,২০০৭, পৃঃ২০)
যারা ভাবেন যে কোনো এক ভাষাতে বেঁধে ফেলতে পারলেই এক সর্বভারতীয় ঐক্য দাঁড়িয়ে যাবে তাদের সে উগ্রজাতিয়তাবাদি ধারণার বিরুদ্ধে যে রবীন্দ্রনাথ যে কেমন সোচ্চার ছিলেন তার কথা বলতে গিয়ে ওই একই লেখাতে বীরেন্দ্রনাথ প্রভাত কুমারের ‘রবীন্দ্র জীবনকথা’ থেকে এক উদ্ধৃতি দিয়েছেন, “ কবি বলেন, ভারত ব্যাপী মিলনের একটা ভারতীয় ভাষা করবার কথা হচ্ছে। তাঁর মতে এতে করে যথার্থ সমন্বয় হতে পারে না, হয়তো একাকারত্ব ( uniformity ) হতে পারে, কিন্তু একত্ব (unity) হতে পারে না। দড়ি দিয়ে বাঁধা , মিলনের প্রয়াস মাত্র। সে মিলন শৃঙ্খলের মিলন অথবা বাহ্য শৃঙ্খলার মিলন মাত্র। তবে প্রবাসী বাঙালিদের উদ্দেশে কবি বললেন, তাঁরা যেন যে দেশে বাস করেন সে দেশ সম্বন্ধে উদাসীন না থাকেন। তিনি বললেন, প্রায়ই দেখা যায় বাংলার বাইরে যেখানে বাঙালিরা থাকেন তার ভাষা সাহিত্য তথ্যাদি সম্বন্ধে তাঁদের একটা ঔদাসীন্য আছে; এই উদাসীনতা বা অবজ্ঞা অজ্ঞতারই নামান্তর। বাঙালির প্রধান রিপু এই আত্মাভিমান।”
ঔদাসীন্যের কথা যখন এলোই তবে উল্লেখ করে রাখা মন্দ হবে না যে রবীন্দ্রনাথের ভাষাবিজ্ঞানেরও ভালোই অধ্যয়ন ছিল। প্রখ্যাত ভাষাবিজ্ঞানী সুকুমার সেনের কথায়, ঐ অধ্যয়নগুলোর কথা মনে রাখলে, “রবীন্দ্রনাথকে বাঙ্গালী ভাষাবিজ্ঞানীদের মধ্যে প্রথম বলিতেই হয়।” ( বাঙ্গালা সাহিত্যের ইতিহাস; চতুর্থ খন্ড; পৃঃ৪১৫) তাঁর সেই অধ্যয়নের মধ্যে অসমিয়া ভাষাও রয়েছে। ‘বিলাক-বোৰ’ ইত্যাদি অসমিয়া বহুবচন প্রত্যয়ের উৎস সন্ধানে তিনি বেশ নিবিড় অনুসন্ধান চালিয়েছিলেন। অসমিয়া ভাষা নিয়ে নাথান ব্রাউনের ব্যাকরণ তাঁর আয়ত্বে ছিল।
এখন কথা হলো, উপেন রাভা হাকাচামের মতো অসমিয়া কিম্বা সুধীর বিষ্ণুর মতো বাঙালি ভাষাবিদেরা কি তাদের ‘শৃঙ্খলের মিলন’ তত্ব ছাড়তে রাজি রয়েছেন? রাজি আছেন কি, ‘একাকারত্বে’র ( uniformity ) তত্বকে ধুলোয় মিলিয়ে একত্ব (unity) প্রতিষ্ঠার পথে পা বাড়াতে? উনিশে মে’র পঞ্চাশ বছরকে সামনে রেখে এক দল সাংস্কৃতিক কর্মী সারা বরাকের শহরগুলোতে বিশেষ করে শিলচরে একটি স্লোগান দিচ্ছেন দেখা যাচ্ছে, ‘হৃদয়ে রবীন্দ্রনাথ চেতনায় উনিশ’। ভালো কথা। কিন্তু এমন চিহ্নায়নের নানান অর্থ হতে পারে। আমজনতার কাছে যে সোজা অর্থটা সোজাসুজি পৌঁছুবে তা এই যে রবীন্দ্রনাথ বাংলা ভাষার কবি, উনিশ সেই ভাষার অধিকার রক্ষার জন্যে রক্ত দেবার দিন। সুতরাং যে কোনো মূল্যেই বাংলার জন্যে লড়াইটা চালিয়ে যেতেই হবে। তাতেও মন্দ কিছু নেই।
কিন্তু হৃদয়ে রবীন্দ্রনাথ কথাটার অর্থতো অনেক ব্যাপক। কেবল বাংলা ভাষার অধিকারের কথা বলা হলো গে রবীন্দ্রনাথকে হত্যা করা। মনে কি পড়ে রবীন্দ্রনাথের সেই আক্ষেপ, ‘সাত কোটি সন্তানেরে হে মুগ্ধ জননী, রেখেছো বাঙালি করে ,মানুষ করোনি।” সেদিকে খেয়াল আছে তো? ‘বাঙালির প্রধান রিপু এই আত্মাভিমান’ –এর বিরুদ্ধেও লড়াইটা সমানে হয়ে উঠবে কি? উঠছে কি? মণিপুরি, ডিমাসাদের হৃদয়ের কথাতে কান পাতা হচ্ছে কি? রবীন্দ্রনাথের কথাগুলো অসমিয়া হৃদয়েও পৌঁছে দেবার কাজটা হয়ে উঠবে তো? বাঙালিদের মনে অসমিয়া জাতীয়তাবাদের আগ্রাসনের আতঙ্ক রয়েছে। কিন্তু অসমিয়া মনেও যে বাঙ্গালির আত্মাভিমানের আতঙ্ক রয়েছে তার প্রতি কোনো সম্মান আর সহানুভূতি রয়েছেতো? অষ্টাদশ শতকের তিন দশক প্রাদেশিক ভাষা হিসেবে বাংলার স্বীকৃতি থাকবার পর যখন তাকে তুলে দেয়া হয়েছিল তখন বহু বাঙালি এর বিরোধীতা করেছিলেন এই যুক্তিতে যে অসমীয়ার স্বতন্ত্র ভাষা হিসেবে স্বীকৃতি পাবার কোনো যোগ্যতাই নেই। কলকাতা বিশ্ববিদ্যালয়ে অসমিয়া চালু করতে গিয়ে আশুতোষ বন্দোপাধ্যায়কেও দিনেশ সেনের মতো পন্ডিত মানুষের বিরোধীতার অনেক কাঠখড় পোহাতে হয়েছে সেই ইতিহাস আমরা জানি তো? আমরা কি সত্য তার কোনো সমাধান বের করেছি, না বের করতে আগ্রহী? মুসলমানেরা আদমসুমারিতে নিজের মাতৃভাষা বাংলা লেখালে অসমিয়ারা আর অসমিয়া লেখালে বাঙালিরা কি ‘বিশ্বাসঘাতক’ বলে গাল দিয়েই যাব, না এর উর্ধে গিয়েও কিছু ভাবব?
বছর কয় আগে ভাষার দাবিতে কামতাপুরিদের ডাকা এক বন্ধের সময় আমার এক বামপন্থী অসমিয়া সহকর্মীর সঙ্গে ওদের মাতৃভাষা কী, তাই নিয়ে তর্ক হচ্ছিল। তিনি বলছিলেন, ওদের ডাকা বন্ধের কোনো বৈধতা নেই। ওরা অসমিয়া ভাষাকে ভাঙ্গবার ষড়যন্ত্র করছে। আমি বলছিলাম, “ওদিকে আপনাদের পশ্চিম বাংলার কমরেডরা বলবেন ওরা ‘বাঙালি’, এদিকে আপনারা অসমের কমরেডরা বলবেন ওরা ‘অসমিয়া’। ওদিকে বুদ্ধদেব সরকার বলবে ওরা ‘বাঙালি’, এদিকে তরুণ গগৈ সরকার বলবে ওরা ‘অসমিয়া’। ওরা বেচারা যাবে কোনদিকে ? ভালো হয় না কি ওরা কি সেটা ওদেরই ঠিক করতে দেয়া?” তিনি খুব চটে গেছিলেন। যুক্তিতে না পেরে বলছিলেন , “আপনি আসলে অসমিয়া স্বার্থ বোঝেন না। বোঝবেন কী করে? নিজেই তো বাঙালি উগ্রজাতিয়তাবাদ ছাড়তে পারেন নি।“ আমি বললাম, “সেটি কীরকম?” উনি বললেন, “আপনি এখনো ‘অহমিয়া’ বলে যাচ্ছেন! বলুন অসমিয়া ,যেমন বলেন ‘অস’মিয়া’ ( oxomia)।” আমি যতই বল্ আমি এখনো অসমিয়া ‘স’ উচ্চারণ করতে শিখিনি,; উনি বলে গেলেন , “আপনি ইচ্ছে করেই বলছেন না! বলুন ‘অসমিয়া!’”
ভাবছি আমার এই লেখা পড়বার পর আমার অসমিয়া কিম্বা বাঙালি বন্ধু, যারা ভাষার প্রশ্নে খুবই স্পর্শকাতর, জোর গলায় ধমকে দিয়ে বলবেন নাতো, ‘থামুন মশাই! চুপ করুন। একদম বাজে কথা বলবেন না! এক্কেবাৰে কথা নক’ব!” রবীন্দ্রনাথ যেভাবে অসমিয়া হৃদয় জয় করে নিলেন আমরা কি তার থেকে শিক্ষা নিয়ে পরস্পরের হৃদয় জয় করতে এক্কেবারেই অপারগ? অক্ষম?!
(লিখে শেষ ঃ ১৪-০৫-১০)
Labels:
Assam,
Assamese,
Bengali,
Language,
RabIndranath
Location:Tinsukia,Assam,India
Tinsukia, Assam, India
Saturday, 17 April 2010
।। যারা বানান ভুল করে তাদের পক্ষে দু’এক কলম ।।
বানান আমরা প্রায় সবাই কখনো না কখনো ভুল করি। আমরা বাক্যের গঠনেও ভুল করি। ক্রিয়া –সর্বনামের, সাধু-চলিতের ব্যবহারে আমাদের ভুল কখনো বা রীতিমতো কৌতুক নক্সার বিষয় হতে পারে। সে ঐ পর্যন্তই। সচরাচর তা নিয়ে কেউ বিশেষ চোখ রাঙায় না। কিন্তু বানান ভুল? কিছু স্ব-ঘোষিত মাস্টার মশাই সারাক্ষণ বেত হাতে দাঁড়িয়ে থাকেন, যেন ভুল করলেই বলবেন---দেখি , হাত তোল! মাতৃভাষা পালটে ফেলেও রক্ষে নেই। সব ভাষারই ঘোষিত মাস্টার মশাইরা’ খুব রাগ করেন, এ নিয়ে আমি দীর্ঘদিন ভাববার চেষ্টা করেছি। এ রীতিমত গবেষণার বিষয় হতে পারে। সে গবেষণা করিনি, তবে মনে হয়েছে—বাক্য ভুল নিয়ে হৈচৈ করবার জন্যে যে পরিমাণ ‘মাস্টার-ডিগ্রী’র দরকার আমাদের বেশিরভাগেরই সে পরিমাণ নেই। সে যাক, আমরাও খুব জ্ঞানী গুণী নই, তাই আপাতত বানান নিয়েই বলব। উদ্দেশ্য , বেত-হাতে কড়া মাস্টার মশাইদের মার থেকে আমাদের স্বগোত্রীয় ছাত্রদের তথা অর্ধক্ষম লেখকদের রক্ষা করতে কিছু টিপস দেয়া।
তার আগে কিছু কথা বলে নেয়া জরুরি। বানান ভুল নিয়ে ভয় করবার এক্কেবারেই কিছু নেই। মাস্টারমশায়ের বেতের ভয়ে যারা সুবোধ বালকের মতো পড়তে বসে, তারা ছাত্র ভালো হতে পারে, এদেশের শিক্ষা ব্যবস্থার অগ্রগতির ইতিহাসে সে সব ছাত্রদের অবদান প্রায় শূন্য। সে সব কথা নিয়ে আমরা অন্যত্র কোনো এক সময় তর্ক করব। কিন্তু ভাষার অগ্রগতির ইতিহাসে এ কথা একশ পাঁচ আনা সত্যি। পানিনি প্রণম্য ব্যক্তি। মারাত্মক ব্যাকরণ লিখেছিলেন। যাতে কেউ ভাষার ব্যবহারে ভুল না করে তার জন্যে পরবর্তী গুরুদেবেরা তাঁদের আশ্রমে বারো বছর শুধু ব্যাকরণ পড়াবার ব্যবস্থা রেখেছিলেন। তাঁরা এরকম এক মহান ‘আবিষ্কার’ও করেছিলেন যে কোনো ভাষাকে গণ ব্যবহারের জন্য মুক্ত করে দিলে সে আর ‘অক্ষয়’ থাকে না। তাই ব্রাহ্মণ আর ক্ষত্রিয় পুরুষ বাদ দিয়ে—আর সমস্ত লিঙ্গ বর্ণে ‘সংস্কৃতে’র ব্যবহার নিষিদ্ধ করে রেখেছিলেন। তাতে হলোটা কী? সংস্কৃত যেমন ছিল এখনো প্রায় তেমনি আছে বটে । তার ক্ষয় হয়েছে অন্য দিকে । যাদের জন্য ভাষা তারা তার ব্যবহার ছেড়ে দিয়েছে। ব্যবহারিক জীবনে তার আধিপত্য প্রথমে ‘ফারসি’ পরে ‘ইংরাজি’র এবং অতি অবশ্যই নব্য ভারতীয় ভাষাগুলোর প্রত্যাহ্বানের মুখে পড়ে এখন কেবল ‘ঠাকুর ঘরে’ তার প্রাণটা কোনোক্রমে বাঁচিয়ে রেখেছে। ‘বৈদিক আর্য’ ভাষার ভুল ব্যবহারে চিন্তিত হয়ে পানিনি-পতঞ্জলি-কাত্যায়নেরা ব্যাকরণের কড়া শাসন কায়েম করে সে ভাষার থেকেই সংস্কৃতের জন্ম দিলেন। অন্যদিকে প্রাকৃতজনেরা প্রাকৃত উপায়ে পাওয়া প্রাকৃত ভাষা ‘বৈদিকে’র ভুল ব্যবহার করতে করতে , করতে করতে আর পাল্টাতে পাল্টাতে আজকের বাংলা পর্যন্ত পৌঁছে গেলেন। লোকে যদি ভুলই না করত তবে কি আর ‘আহ মরি বাংলা ভাষা’র জন্ম হতো !
সুতরাং ভাষার ভুল ব্যবহার তেমন কোনো গুরুতর অপরাধ নয়। বরং এক পুণ্য কর্ম, এতে ভাষার আয়ু বাড়ে। প্রখ্যাত ভাষাতাত্বিক মুহম্মদ শহীদুল্লাহ লিখেছিলেন, “পাঁচকোটি বাঙালির অধিকাংশই বানান ভুল করে।” তখন সংখ্যাটা পাঁচকোটিই ছিল। এখন প্রায় পঁচিশ কোটি বাঙালি হবে। যারা বানান ভুল করে তাদেরও সংখ্যা সমানুপাতে বেড়েছে বৈ কমেছে বলে কোনো খবর পাওয়া যায় নি। স্কুলের মাস্টার মশাইএর বেত যে তার পরিমাণ কিছু কম করতে পেরেছে, তাতো মনে হয় না। বরং মাস্টার মশাইরাও কী রকম ভুল করেন তার নজির আমাদের অসমে প্রচলিত ‘উচ্চতর মাধ্যমিক বাংলা সাহিত্য সংকলন’ নামের পাঠ্য বইটি। সম্প্রতি সোমা আচার্য নামে এক শিক্ষিকা যুগশঙ্খে এ নিয়ে এক দীর্ঘ প্রবন্ধ লিখেছেন। দৈনিক যুগশঙ্খের মতো অসমের জনপ্রিয় কাগজও যে কত ভুল করে কিম্বা ব্যতিক্রমী ব্যবহার করে সুযোগ পেলেই আমি সেগুলো টুকে রাখি। তার কিছু এখানে তুলে দিলে মন্দ হবে না।
২৩ জানুয়ারি,১০ এ প্রথম পৃষ্ঠাতে শিরোনাম ‘বরণের দিনেই অন্তর্দ্বন্দ্বের সুর, গড়হাজির সাংসদরা’ হওয়া উচিত ছিল ‘গরহাজির’। এমন ‘র’এর জায়গাতে ‘ড়’ কিম্বা তার বিপরীত ব্যবহারতো আখছার চোখে পড়ে। কিন্তু স্থানীয় উপভাষা বা অসমিয়া সহ অন্যভাষার প্রভাবে ভাষা কী রূপ নিচ্ছে তার উদাহরণ বেশ চিত্তাকর্ষক। যেমন ধরুনঃ ৩০ মার্চ,১০ যুগশঙ্খের তৃতীয় পৃষ্ঠাতে ‘ফন্সেকা আত্মীয় সম্পর্কে তথ্য দিলে পুরস্কার দেবে শ্রীলঙ্কা পুলিশ’ এই সংবাদের একজায়গাতে আছে,”তাঁর বিরুদ্ধে অভিযোগ। অবৈধ প্রতিরক্ষা চুক্তি থেকে তিলক রত্নের কোম্পানী অনেক অর্থ কামিয়েছে।‘ , ‘অনেক অর্থ তিলকরত্নে কামিয়েছেন বলে অভিযোগ।’ শুদ্ধ বাংলাতে হওয়া উচিত ছিল ‘উপার্জন করেছেন’। উপার্জন অর্থে ‘কামাই’ শব্দের ব্যবহার সিলেটি-কাছাড়িতে আছে। লেখক তাই দিব্বি কাগজে চালিয়ে দিয়েছেন। অসমিয়া প্রভাবের নজির এই কথাগুলোঃ ৩ ডিসেম্বর,০৯এ “পরেশ বরুয়া ছাড়া ফলপ্রসূ হবে না শান্তি আলোচনা” এই শিরোনামাতে সংবাদে লেখা হয়েছেঃ ১)কিন্তু পরেশ অবিহনে শান্তি আলোচনা অনুষ্ঠিত করলে ফল বিপরীত হতে পারে। ২) মুকুল মহন্ত বলেছেন আলোচনার প্রতি আনুষ্ঠানিক সিদ্ধান্ত চূড়ান্ত হওয়ার ক্ষেত্রে পিসিজি পূর্ণ সহযোগ করবে। প্রথম বাক্যের ‘অবিহনে’ এবং দ্বিতীয় বাক্যের ‘সহযোগ করবে’ অসমিয়া থেকে সরাসরি অনুবাদে চলে এসছে। অথচ শুদ্ধ ও প্রচলিত বাংলাতে হওয়া উচিত ছিল ‘ছাড়াই’ এবং ‘সহযোগিতা করবে’। হিন্দির প্রভাবে ভাষার পরিবর্তনতো আজকাল সবেতেই জলভাতের মতো কথা। ৫ডিসেম্বরে ,০৯ যুগশঙ্খের তৃতীয় পৃষ্ঠাতে সংবাদ শিরোনাম “মেজাজ হারালেও প্রণবজীর দক্ষতা মানতেই হবেঃ সুষমা’ এই সংবাদে লেখা হয়েছেঃ ইতিমধ্যে সিপিএমের বৃন্দা কারাতের সঙ্গেও তিনি কড়াভাবে পেশ হয়েছেন । ‘প্রণবজী’টা নাহয় মানা গেল, ‘নেতাজী’ যখন আছেন তিনিও থাকতে পারেন। ‘পেশ হয়েছেন’টা কোন দেশের বাংলা? আরো মজার নজির এই সংবাদঃ ১০ফেব্রুয়ারি,’ ১০ তারিখের যুগশঙ্খের পাঁচ পৃষ্ঠার এক সংবাদে লিখেছেঃ ‘দুষ্প্রাপ্য হুদু চড়াইয়ের অস্বাভাবিক মৃত্যু’ এই শিরোনামের সংবাদ শুরু হয়েছে এই বলে,” দু’দুটি দুষ্প্রাপ্য হুদু পাখির অস্বাভাবিক মৃত্যুতে এলাকার মানুষ চিন্তিত হয়ে পড়েছেন...।” চড়াই বাংলাতে এক বিশেষ পাখি ইংরেজিতে যাকে Sparrow বলে। সব পাখিকে ‘চরাই’ বলে অসমিয়াতে। নিশ্চিত যে এখানে তার প্রভাব পড়েছে। শুধু তাই নয়, হুদু হচ্ছে সেই পেঁচা পাখি যে ডাকলে বা যাকে দেখলে অমঙ্গল হয়। বাংলাতে এই অপবাদ আছে ‘লক্ষীপেঁচা’র । হতে পারে হুদু ঐ লক্ষীপেঁচাই। সাংবাদিকটির সে জিজ্ঞাসা নিয়ে ভাববার সময় ছিলনা হয়তো, কলমের ডগাতে যা এসছে লেখে ফেলেছেন। কিন্তু এরকম ভুলই যে একটি সল্প পরিচিত জনগোষ্ঠীর কাছে কতটা অপমানজনক হতে পারে তার নজির এই সংবাদঃ ২০ জানুয়ারি, ১০ তারিখের যুগশঙ্খে ‘এনএসসিএন (আই এম)-এর মদতেই উত্তর কাছেড়ে জঙ্গি তৎপরতা’ শীর্ষক সংবাদে এক জায়গাতে লেখা হয়েছে “ এই জঙ্গি তৎপরতায় এনএসসিএন (আই এম)- ছাড়াও হোমার পিপল কনভেনশনও (এইচপিচি) জড়িত।” ইংরেজি Hmar এই সংবাদে হয়েছে ‘হোমার’ । হওয়া উচিৎ ‘মাড়’ । বাঙালিরা যে শুধু নিজের জাতি ও ভাষা সম্পর্কেই কতটা অজ্ঞ তাই নয় পূর্বোত্তরের অন্য জনগোষ্ঠিদের সম্পর্কে কত অজ্ঞ, এটা একটা নজির। অথচ কাছাড়, উত্তর কাছাড়ে মাড়েরা বেশ সুপরিচিত জনগোষ্ঠী।
এই লেখকেরা যখন বাংলাতে স্কুলপাঠ্য বই লেখার বরাত পান তখন সেখানেও তাঁরা এমন ‘ভাষা বদলের’ সুমহান কীর্তি অনায়াসে করে ফেলেন। সেই বই বরাক উপত্যকাতে পৌঁছুলে যখন কেউ কেউ ‘অসমিয়া আগ্রাসনে’র নজির দেখে পথে নেমে প্রতিবাদের ধ্বজা তুলেন তখন আমার ভীষণ হাসি পায়। একেই বলে উদোর পিন্ডি বুধোর ঘাড়ে। হয়, সেই বাঙালি লেখকদের কাজের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুলুন নতুবা এসব পরিবর্তনকে অসমের মতো বহুভাষিক রাজ্যে এক স্বাভাবিক স্বাস্থ্যের লক্ষণ বলে গ্রহণ করুন। বস্তুত ব্রহ্মপুত্র উপত্যকার বহু কবি লেখকেরা সে কাজটাই সজ্ঞানে করে চলেছেন। যেমন প্রখ্যাত ঐতিহাসিক ও কবি অমলেন্দু গুহের এক কবিতার ক'টি পংক্তি এরকম, "...সাদা ধবধবে লুইতের পার কাছিমেরা ডিম পাড়ে/আমার ভায়ের মুখে চমকায় মিতালির ভালোবাসা,/দিঘলিদিঘির কোণটায় বসে গান গায় বারে বারে,/ও মোর অসম দেশ মরমিয়া, আ মরি বাংলা ভাষা।..." এতে ' লুইত, দিঘলি,মরমিয়া' এমন কি 'মোর' শব্দটিও অসমিয়াই, কেননা শব্দটি এখন আর বাংলাতে কেউ লেখে না।
এগুলোকে স্বাস্থ্যের লক্ষণ বললে কারো কারো গোঁসা চড়তে পারে। তাই আরো কিছু প্রতিষ্ঠিত নজির তুলে ধরলে ভালো হবে। আমরা সবাই জানি ২১ ফেব্রুয়ারি দিনটি ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’। এর পেছনে বাংলা ভাষা নিয়ে লড়াইয়ের এক বড় যোগদান রয়েছে। অথচ কেউ কোনোদিন প্রশ্ন করিনি যে পদগুচ্ছটির প্রথম ‘আন্তর্জাতিক’ শব্দটিই সঠিক কিনা। ইংরাজি International এর নকলে শব্দটিকে যে চালিয়ে গেছি তাই নয়, তারই অনুকরণে আবার আন্তঃসম্প্রদায়, আন্তঃমহাবিদ্যালয় ইত্যাদি শব্দও তৈরি করে নিয়েছি। শুদ্ধ অর্থে শব্দটি হওয়া উচিত ছিল ‘সর্বজাতিক’ । মাস্টার মশাইরা ভুল লেখেন এবং লিখতে বলেন এরকম আরো কিছু বিখ্যাত শব্দ হলোঃ জীবনী, প্রাগৈতিহাসিক, সমসাময়িক, বার্ষিকী, মণ্ডলী, শতাব্দী ইত্যাদি। সুতরাং আমাদের পরামর্শ হলো—ছাত্ররা ইচ্ছে মতো ভুল বানান, ভুল ভাষা লিখে যেতে পারে। ভুল করবার সাহস না করতে পারলে কে আর কবে শুদ্ধটা রপ্ত করতে পেরেছে? এ নিয়ে অহেতুক রাতের ঘুম বারোটা বাজাবার কারণ দেখি না।
কেউ কেউ যে আমাদের সে ঘুমে ব্যাঘাত ঘটান তার অনেক সঙ্গত কারণ আছে বটে, কিন্তু একটা কারণতো এই যে তাঁদের সংস্কৃতের ঐতিহ্য সূত্রে পাওয়া পণ্ডিতি অভিমান প্রচণ্ড। দুই সহস্রাধিক বছর সংস্কৃত ব্যাকরণের শাসনে থেকে আমাদেরও সেই শাসন-রোগে পেয়ে বসে আছে। একেতো সংস্কৃত ব্যাকরণের নকলে বাংলা ব্যাকরণ টিকিয়ে রেখে দিব্যি ছাত্র পড়াচ্ছি। তায় আবার অন্যত্র নীরব থাকলেও বানান ভুল করলেই সেই নকল মোটা-ব্যাকরণ মাথায় ছূঁড়ে মারবার জন্যে সংস্কৃতায়িত হাত আমাদের নিসপিস করে। বিদ্যাসাগর যখন বাংলা বর্ণমালা থেকে ঋৃ ( দীর্ঘ ঋ) আর ৯৯ (দীর্ঘ ৯) কে বাদ দিয়েছিলেন তখনো সে পণ্ডিতদের হাত কম নিশপিশ করেনি। ভাগ্যিস! তিনি তাতে বিচলিত হননি।
তা, ভুল করা যেতেই পারে। কিন্তু মুস্কিল হলো, পঁচিশ কোটি বাঙালি যদি পঁচিশ কোটি রকমের বাংলা লিখতে শুরু করে তা হলেতো হয়েই গেল। সে ভাষা নিয়ে আর কাজ কী? কেউতো আর কারো কথা বুঝবে না যে যার নিজের সাতকাহন লিখে যাবে, পড়বার কেউ থাকবে না। ভাগ্যিস! বাস্তবে এরকমটা হয় না। ভাষা তার আপন সামঞ্জস্য নিজেই অনেকটা বাঁচিয়ে রাখে। অথবা বোধহয় বলা ভালো ব্যক্তি মানুষ ভাষার ব্যবহারের বিশৃঙ্খলা বাড়ালেও সমষ্টি মানুষ একটা শৃঙ্খলা নিয়েই আসে। বিচিত্র সব কারক কাজ করে তার পেছনে। তবুও রবীন্দ্রনাথ লিখেছিলেন, “এমন একটা অনুশাসন দরকার যাতে প্রকৃত বাংলার লিখনে বানানের সাম্য সর্বত্র রক্ষিত হতে পারে।” আমরাও তাঁর এ পরামর্শে দ্বিরুক্তি করি না। নিজের ঘরে যা হোক একটা কিছু ডাল-ভাতে রোজকার খাবার চলে যায়। কিন্তু ঘরে দু’জন অতিথি এলেই মাছ-মাংস কিছু একটা ভালো ব্যবস্থা করতে হয়। আর ‘বিয়াপার’ কিছু হলেতো কথাই নেই। সেদিন পাচক থেকে শুরু করে রান্নার উপকরণ, পদের রূপ রস গন্ধ স্বাদ সবই মোটের উপর সর্বমান্য হওয়া চাই। হয় না, কিন্তু চেষ্টাটা সেরকমই থাকা চাই। অনুশাসনটা অতিথি সেবার জন্য হওয়া চাই। সে অনুশাসন যদি গায়ে পড়ে খাবারকে রক্ষা করবার দায় নিতে চায় তবে আর হয়েই গেল। অতিথি অভুক্ত থাকাটা আর কেউ আটকাতে পারবে না। ভাষা ব্যবহারের কথাও তাই।
সংস্কৃত স্বতন্ত্র ভাষাই নয়। ব্যাকরণ প্রভুর নির্দেশে সে ওঠ বস করে। বাংলা সচল –স্বতন্ত্র ভাষা, ব্যাকরণকে সে বরং কখনো সখনো কাজে সহায় হবে বলে অনুচরের মতো কাজে লাগায়। লোকে যখন ‘গাড়ি’ চড়ে ‘বাড়ি’ যাবার কথা বলে তখন অনুশাসন তাদের ‘গাড়ী’ করতে ‘বাড়ী’ বয়ে নিয়ে যেতে চাইলেই মুস্কিল। সুজ্যি যখন পূব আকাশে পাড়ি জমায়, পাখি যখন দিনের প্রথম গানটি গেয়ে উঠে তখন ‘সুজ্যি’ নয় ‘সূর্য’; পূব নয় ‘পূর্ব নয় ‘পূর্ব্ব’ ; পাখি নয় ‘পাখী’ এসব মরা কথার কড়া সুর শুনতে কারই বা ভালো লাগে অনুশাসনের বুড়ো ঠাকুরদাকে তখন সবিনয়ে বলা যেতেই পারে , “মহাশয়, বৃদ্ধ হইয়াছেন। আপাততঃ বিশ্রাম গ্রহণ করিলে আপনার এবং আমাদের উভয় পক্ষের স্বাস্থ্যর পক্ষে তাহা অতীব সুখের বিষয় বলিয়া বিবেচিত হইবে।” এ প্রসঙ্গে রবীন্দ্রনাথের এক উক্তি মনে পড়ছেঃ “সংস্কৃত সব্দ বাংলায় অনেক আছে, এবং চিরদিনই থাকিবেই—সেখানে সংকৃতের রূপ ও প্রকৃতি আমাদের মানিতেই হইবে—কিন্তু যেখানে বাংলা শব্দ বাংলাই সেখানেও শাসন যদি আমরা টানিয়া আনি, তবে রাস্তা যে পুলিশ আছে ঘরের ব্যবস্থার জন্যেও তাহার গুঁতো ডাকিয়া আনার মতো হয়। সংস্কৃতে কর্ণ লিখিবার সময় মূর্ধণ্য ণ ব্যবহার করিতে আমরা বাধ্য, কিন্তু কান লিখিবার বেলাও যদি সংস্কৃত অভিধানের কানমলা খাইতে হয় তবে এ পীড়ন সহিব কেন?”
রবীন্দ্রনাথের অনুরোধে অনুশাসন তৈরির একটা শুরুয়াত ত্রিশের দশকে করেছিল কলকাতা বিশ্ববিদ্যালয়।শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তখন উপাচার্য ছিলেন। বিশ্ববিদ্যালয় একটা সমিতি তৈরি করেছিল। আর সে সমিতি কেবল অ-তৎসম শব্দগুলোর বানান রীতি নির্দেশিকা স্থির করে একটি পুস্তিকা ১৯৩৬এর মে মাসে বের করেছিল। পরবর্তী জুন মাসের মধ্যে সে পুস্তিকার তৃতীয় সংস্করণও বেরিয়ে গেছিল। কিন্তু হলে হবে কি? বানান পণ্ডিতেরা কখনো নির্বিরোধ কিছু মেনেছেন কি? সে সমিতি কিছু বিকল্প বানান প্রস্তাবও দিয়েছিল। তাতে এতো প্রবল ঝড় উঠেছিল যে বহুদিন এরপর আর কেউ তেমন চেষ্টা করবার মতো উৎসাহ জোটাতে পারেন নি। স্বাধীন বাংলাদেশে কিছু হয়ে থাকলে আমরা তেমন খবর জানি না। সাতের দশকের শেষে কলকাতা বিশ্ববিদ্যালয় দ্বিতীয় আরেক বানান সংস্কার সমিতি তৈরি করেছিল। কিন্তু সেটি তার কাজ করেই উঠতে পারেনি। শেষে আশির দশকের মাঝামাঝি পশ্চিম বঙ্গ বাংলা আকাদেমি একটি ‘বানান সংস্কার উপ-সমিতি’ গঠন করে। তার পরামর্শ সবাই মেনে নেয় নি। আনন্দ বাজার পত্রিকাও তাদের নিজেদের মতো করে এক প্রয়াস করেছিল। সে দু’টির মধ্যে বহু ঐক্য থাকলেও অনৈক্যও কম নেই কিছু। রবীন্দ্রনাথের সেই ‘সর্বত্র সাম্য রক্ষা’ করবার মতো অনুশাসন এখনো গড়া যায় নি। কোনোদিন যাবেও না। ‘বিশৃঙ্খলার তত্ব’ যারা বোঝেন তাঁরা এ নিয়ে কোনো গোঁ ধরেনো না আর। এখনকার শিক্ষিত জন মোটা মোটি এই দুই উদ্যোগের দ্বারাই কমবেশি প্রভাবিত । অধিকাংশই আকাদেমির বানান বিধি অনুসরণ করে থাকেন। বিধি মাত্রেই অনুসরণ করা খুবই কঠিন। ‘আইন জানি না’ বললে আদালত শোনে না বটে, তবু বাস্তব এই যে লোকে আইনের বিষয়ে খুবই কম জানে। ধর্মবিধি যাতে লোকে ভুলে না যায় তার জন্য দৈনন্দিন ধর্মগ্রন্থ পাঠের প্রস্তাব প্রায় সব ধর্মেই আছে। যারা সে নির্দেশ অনুসরণ করে তারা যে কী রকম বিধির বাঁধনে ধর্মকেই ফেলে সে আমরা হররোজ দেখে আসছি। সুতরাং বিধি মুখস্থ করবার পরামর্শ আমরা কিছুতেই দেব না। এ হলো আমাদের প্রথম টিপ।
রবীন্দ্রনাথ ছাড়াও সুনীতি চট্টপাধ্যায় থেকে রামেশ্বর শ্ব হয়ে পবিত্র সরকারদের মতো ভারত বিখ্যাত ভাষাবিদদের গেল এক শতাব্দি জোড়া সাধনার একটা লাভ হয়েছে এই যে আমরা একটা কথা সহজ করে বুঝে গেছি—বাংলা এতো মিষ্টি ভাষা কেন সে প্রশ্ন যদি কেউ করে, তার প্রশ্নের জবাবটা জেনে গেছি। মেদ কমালে কাকেই বা মিষ্টি না দেখায়! সংস্কৃত একটি মেদবহুল ভাষা, বাংলা তার উল্টোটা। ছিল না, এরকমটা ছিল না। তারও মেদ প্রচুর ছিল। রীতিমতো ঘাম ঝরিয়ে মেদ কমাতে হয়েছে, আর এখনো সে চেষ্টাতে তার কোনো কার্পণ্য নেই। যিনি এই কথাটি না বুঝবেন, তিনি বাংলা ভাষার মর্ম কথাটিই বুঝবেন না। ‘অদ্য বিকাল তিন ঘটিকায় বিদ্যালয় প্রাঙ্গনে এক মহতী সভা অনুষ্ঠিত হইবে... ।’ এধরণের বাংলা উনিশ শতকে শিক্ষিত লোকেরাই গড়ে তুলেছিলেন, কিন্তু একুশ শতকে কেবল অশিক্ষিত লোকেই ব্যবহার করে যার ভাষাটির মর্মধর্মের সম্পর্কে কোনো সাধারণ জ্ঞানই নেই।
মেদ ঝরাবার চেষ্টাতে আকাদেমি বাংলা লিপিকে নিয়েও পড়েছিল। আর খুব ভালো কাজ করেছিল। কী অদ্ভূৎ না, আমরা বর্ণমালাতে ঋ-র পর ৯, য-এর পর ব পড়ে এসছি, অথচ ব্যবহার বিশেষ করিনি। কখনো প্রশ্ন করিনি ণ, ঞ, য, ঢ়, ষ এগুলোর উচ্চারণ কী রকম? এগুলো বর্ণমালাতে আছে কী করতে? আর যুক্তাক্ষর ক্ষ, ঙ্গ, হু, হ্ম, ণ্ড, ত্থ, ক্র,ত্রু, রূ, গু, শু-ইত্যাদির কী চেহারা! এগুলোর মানেটা কী? অথচ ঠিক করে না লিখতে পারবার জন্যে মাস্টার মশায়ের কতনা বেতের মার নীরবে সহ্য করে গেছি! হলহেড সাহেব ছাত্রদের জন্য বাংলার প্রথম যে ব্যাকরণ লিখেছিলেন সেটি ছাপবার বেলা বাংলা প্রাচীন পুথির আদর্শে উইলকিনসন সাহেব পঞ্চানন কর্মকারের হাত দিয়ে লিপিগুলো তৈরি করে দিয়েছিলেন। সেই লিপি এখনো চলছে। রাজা রামমোহন রায় তাঁর গৌড়ীয় ব্যাকরণে সেই তখনই (১৮৩৩) এগুলোর যৌক্তিকতা নিয়ে সংশয় জানিয়ে রেখেছিলেন। সেই লিপি শতাব্দি ধরে এই কিম্ভূতকিমাকার যুক্তাক্ষরগুলো বেমালুম চলে আসছে। কিছু কিছু অবশ্য আমাদের অভ্যাসে এতো দৃঢ়মূল হয়ে গেছে যে চট জলদি স্বভাব পালটানো মুসকিল আছে। যেমনঃ ক্ষ না লিখে /ক্ ষ/, হ্ম না লিখে /হ্ ম/ লেখার সমস্যা আছে। কিন্তু ক্র না লিখে ক-এর নিচে র-ফলা , ত্রু না লিখে ত-এর নিচে র-ফলা এবং তাতে উ-কার কিম্বা , গুরু না লিখে গ এবং র-এর নিচে উ-কার ( ইউনিকোডে ঠিক নতুন প্রস্তাবটা লিখে দেখানো যাচ্ছে না বলে দুঃখিত। ) লিখলে শেখা এবং বোঝা দুটোই কী সহজ হয়ে যায় না? এগুলো আজকাল চলছে। এবং চলবে। হুজুগের মতো সহজে বিদেয় নেবে না। এরকম মেদ ঝরাবার কাজে নিজেকে ব্যস্ত করলে বাংলা ভাষা ও বানান এমনি এমনি শুদ্ধ আর মিস্টি হতে থাকবে—এ হলো আমাদের দ্বিতীয় টিপ।
শুদ্ধবাদিরা অবশ্য তাতে প্রচন্ড রাগ করবেন, তাদের সে রাগে গুরুত্ব না দিলেই হলো। শুদ্ধবাদিরা অবশ্যি পণ্ডিত মানুষ। কিন্তু পণ্ডিতেরা আর প্রগতি আনলেন কবে? তারাতো কেবল ঐতিহ্য আর পরম্পরা বিপন্ন হবার আতংকে কাল কাটিয়ে গেলেন। ভাগ্যিস, প্রমথ চৌধুরী রবীন্দ্রনাথের মতো বলবানকে সঙ্গে পেয়েছিলেন! নইলে সাধু বাংলাকে বিদায় জানাবার যেরকম প্রয়াস তিনি করেছিলেন, সাধুরা তাঁর প্রাণ বিপন্ন করে তুলতেন। এখনো অসমের বিদ্যালয়গুলো বাংলা প্রশ্নপত্রে সেই সাধুরা অক্ষয় গৌরবে বিরাজ করেন। কাল যত ‘কলি’ হয় তাঁরা ততই কল্কি আসার অপেক্ষাতে সতর্ক আর বিনিদ্র রজনী যাপন করেন! আমরা না সাধু পুরুষ, না শুদ্ধ মানুষ। শুদ্ধ বানান লেখার কথা বলবার মানে যদি এই হয় যে পুরোণো মেদ বহুল ভাষাকে রক্ষা করা, আমরা তার মধ্যে নেই। বরং বলব, চলুন, আমরা ভুল করি। বেশ করি। ভালো করি। চলুন, মেদ আমরা মেদ ঝরাই। ভাষাকে সহজ করি, সরল করি। যত আবর্জনা, সব বিদেয় করি।
আমাদের জটিলতা কোথায় হয়? কোথায় আমরা দিশা হারাই। সব বানানে আমরা জট পাকাই না। ‘আম’ লিখতে গেলে খুব অন্যমনস্ক না হলে কেউ আমরা ‘জাম’ লিখি না। আমাদের সমস্যা হলো ‘সমষ্যা’লিখব কিনা তাই নিয়ে। ‘ভুল’ লিখতে গিয়ে ‘ভূল’ লিখে ফেলি। “বই পরা শেস করে জামা পড়ে ঘড় থেকে বেড়িয়ে বাজার হয়ে এক বন্ধুর বারি দিব্যি বেরিয়ে আশি। টেড়ও পাই না কোথাও একটা বর গণ্ডগোল হয়ে গেছে।” সমোচ্চারিত বা প্রায় সমোচ্চারিত ধ্বনি হলেই সব কেমন তালগোল পাকিয়ে যায়। এছাড়াও জট পাকায় যদি শব্দে যুক্তাক্ষর থাকে। আর যুক্তাক্ষরগুলোই জোর গলায় মেদ ঝরানোর সাক্ষর যোগায়। সপ্ত=সাত, ভক্ত=ভাত হলো বলেই না ভাষা বাংলা জন্মালো। যেখানে তা হলো না, সেখানেও বানানে মূলের বর্ণগুলো অক্ষত থেকেও উচ্চারণে রইল না। বানানে ‘লক্ষণ’ থাকলেও উচ্চারণ আমরা ‘লোক্খন’ করি। আর শেষের অ-স্বরটির ব্যবহার বাংলাতে প্রায় নেই বললেই চলে। ‘বিশ্ব’কে উচ্চারণে আমরা ‘বিশশ’ করে ফেলি। ‘বিস্ময়’কে করি ‘বিশশয়’। এরকম গণ্ডগোলের জন্যে ‘সান্ত্বনা’ লিখতে গিয়ে প্রায়ই আমরা ‘সান্তনা’ বা ‘শান্তনা’ লিখে ফেলি। এগুলো মূলত সংস্কৃত থেকে হুবহু বাংলাতে আসা তৎসম শব্দ নিয়ে হওয়া সমস্যা। এ সমস্যা আছে আর থাকবেও। কারণ, একেতো সংস্কৃত ব্যাকরণ নির্দেশিত ভাষা। দ্বিতীয়তঃ তার উপর একা বাঙালির কোনো অধিকার নেই। সেগুলোতে আমাদের ব্যাকরণের মার সহ্য করতেই হবে। তথাপি, যেগুলো বাংলাতে বহুল ব্যবহৃত হচ্ছে সেগুলোতে রবীন্দ্রনাথের পরেও অনেকেই কাঁচি চালাবার পরামর্শ দিচ্ছেন। যেমন আজকালঃ
১)তদ্ভবতেতো বটেই, তৎসমতেও রেফের পর ব্যঞ্জন বর্ণের দ্বিত্ব হয় না। অর্থাৎ ‘পূর্ব্ব, অর্চ্চনা, কর্ত্তা, কর্ম্ম, ধর্ম্ম ; ইত্যাদি লেখার দায় নেই। সোজা ‘পূর্ব,অর্চনা, কর্তা ‘ ইত্যাদি লিখলেই হল।
২) (ক) যুক্তাক্ষরে নাসিক্য ধ্বনির ব্যবহারে সংস্কৃত এক মজার নিয়ম ছিল। পরের ধ্বনিটি যে বর্গের আগের নাসিক্য ধ্বনিটি সাধারণত সেই বর্গের হতো। যেমনঃ গঙ্গা, পঞ্চম, কণ্টক, সম্মন্ধ ইত্যাদি। বাংলাতেও প্রায় তাই আছে।
(খ) কিন্তু ‘ঙ’ আর ‘ম’ এর জায়গাতে হামলা চালিয়ে ‘ং’ তার সাম্রাজ্যের অনেকটাই বিস্তার ঘটিয়েছে। এবং মার্কিন সাম্রাজ্যবাদিদের মত এখন অব্দি থামবার নাম করছে না। বিদ্যাসাগর মশাই লিখতেন ‘বাঙ্গালা’ । আমরা তাকে কত সহজ আর মিষ্টি করে ‘বাংলা’ করে ফেলেছি। কার সাহস, আমাদের ব্যাকরণে ভুল দেখায়? সন্ধিতে ‘ম’কারের জায়গাতে ‘ং’এর বিকল্প বিধান সংস্কৃতেই ছিল। যেমনঃ ভয়ংকর, সংগম বানানগুলো চলত। বিশ্ববিদ্যালয় তার অনুসরণে অলংকার, সংগীত, সংঘ লিখবার বিধান অনেক আগেই দিয়েছিল। আর এতো দিনে আমরা অভ্যস্তও হয়ে গেছি।
(গ) সন্ধি ছাড়া অন্যত্র তৎসম শব্দের বানানে ‘ঙ’বাদ দেবার বিধান কেউ দেননি। কিন্তু আমাদের মতো ব্যাকরণ না মানা অল্প-শিক্ষিতেরা এতো দুর্দণ্ড প্রতাপে ‘ং’র ব্যবহার চালিয়ে অংক,সংগ , গংগা, বাংলা, মংগল, লিখে গেলাম যে প্রবোধচন্দ্র সেনের মতো কেউ কেউ আমাদের পক্ষে দাঁড়িয়ে বললেন, ভালোই হলো ‘এতে ভ্রান্তি কম হবে এবং যুক্তাক্ষরের ব্যবহারও কিছু কম হবে।’ এরকমই হয়, সাধারণে আগে ভাষা পাল্টায়, পণ্ডিতেরা পরে তা নিয়ে মত দাঁড় করান।
(ঘ) কিছু বানানে অবশ্যি আমরা এতোতাই অব্যস্ত যে ‘ং’কে সেখানে নাক গলাতে দিতে রুচিতে বাঁধে। অম্বর,কম্বল,ডিম্ব, সম্বল—এগুলো এখনো পাল্টায়নি।
(ঙ) আবার ‘ং’ –এর সংগে স্বর যুক্ত করতে না পারার একটা সমস্যা আছে । সেখানে ‘ঙ’ রেখে দেয়াটাই বুদ্ধিমানের কাজ। যেমনঃ ‘বাংলা’—কিন্তু ‘বাঙালি’ ।‘বাঙালি’র মতো কিছু শব্দে ‘ঙ্গ’-এর ‘গ’ ধ্বনিটি একেবারেই খসে পড়াটাও লক্ষ্য করবার মতো।
৩. সংগে স্বরধ্বনি নিয়ে তৈরি যুক্তাক্ষরগুলোকে আমরা প্রায়ই যুক্তাক্ষর বলি না। বোধহয় পদান্ত স্বরকে ঝেড়ে ফেলবার আমাদের এক অন্তর্লীন প্রবণতা আছে, তাই। কিন্তু ,’ তুমি গাছ থেকে নাম।’ আর ‘তুই গাছ তেকে নাম।’--এই বাক্যে ‘নাম’ শব্দের উচ্চারণ আর অর্থ কোনতাই এক নয়। শেষেরটিতে ম-এর পরে পদান্ত অ-টি নেই। সে আমরা অভ্যাস বশে বুঝে যাই । কোথাও বুঝবার সমস্যা হলে, বিশেষ করে যদি স্বল্প পরিচিত বিদেশী শব্দ হয় একটা হস (্ ) চিহ্ন দিয়ে দেওয়া হয়। যেমনঃ তখ্ ত, জেম্ স বণ্ড্ ইত্যাদি । অন্যত্র এর ব্যবহার জট পাকায় বৈ কমায় না। কলকাতা বিশ্ববিদ্যালয় অ-সংস্কৃত শব্দে শুধু হস (্) বাদ দেবার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু লোকে তৎসমতেও তা আজকাল ব্যবহার করছে না। আকাদেমি বলে দিয়েছেন, “শব্দান্তে হস্ চিহ্ন দেওয়ার প্রয়োজন নেই। ‘বিদ্বান্’ না লিখে ‘বিদ্বান’ লেখাই সংগত।”
৪. ব্যঞ্জনের সাথে যুক্ত ‘ই,ঈ,উ,ঊ’কারের ব্যবহার অত্যন্ত পীড়াদায়ক। কোথায় যে কোনটা বসবে তা সারা জীবনেও স্থির করা সমস্যা হয়ে দাঁড়ায়।
(ক) আকাদেমি বলছেন, তদ্ভব শব্দে প্রায় সর্বত্র দীর্ঘ ধ্বনি দুটোকে (ঈ,ঊ) বাদ দেয়াই বুদ্ধিমানের কাজ। পাখি, বাড়ি, শাড়ি, উনিশ, উর্বর, কুমির, শ্রেণি চলবে। পাখী , বাড়ী, ঊনিশ ইত্যাদি না লিখলেও চলবে।
(খ) দেশ জাতি লিঙ্গ বোঝাতে ‘ঈ’ –কার লাগবেই এমন যুক্তির পক্ষেও আকাদেমি কোনো সমর্থণ পাননি। তারা তাই জাপানি,বাঙালি, ইংরাজি, আরবি লিখবার পরামর্শ দিয়েছেন।
(গ) উপযোগিতা, প্রতিযোগিতা, স্বামীস্ত্রী ইত্যাদি বানান লিখতে গিয়ে প্রায়ই আমাদের এক বিচিত্র অভিজ্ঞতা হয়। মূল শব্দগুলো তৎসম আর সেগুলোর শেষে ‘ঈ’-কার যুক্ত হয় । উপযোগী, প্রতিযোগী, স্বামী ইত্যাদি। কিন্তু প্রত্যয়যুক্ত হলেই বা অন্যে শব্দের সাথে সন্ধি হলেই ‘ই’কার এসে জুড়ে বসে। রবীন্দ্রনাথ পর্যন্ত অনেকেই এ নিয়ম পাল্টাবার কথা ভাবেন নি। আমরা প্রায়ই উপযোগীতা, প্রতিযোগীতা, মনস্বীতা মন্ত্রীসভা লিখবার মতো ভুল করেই বসি। এগুলোর উৎপাত খুব কম নয়। বাংলাতে এমন শব্দ সংখ্যা প্রচুর ।মূল শব্দের ঈ-কারতো পাল্টানো যাবে না। তাই আকাদেমির প্রস্তাব , “ সংস্কৃত –ইন প্রত্যয়যুক্ত পদের শেষে যে দীর্ঘ ‘ঈ’-কার হয় তা ভিন্ন প্রত্যয়যোগে বা সমাসনির্মাণেও হ্রস্ব –কার হবে না, দীর্ঘ ঈ-কারই থাকবে।” এতে শব্দগুলোর বদ্ধ আর স্বতন্ত্র রূপের মধ্যে বৈষাদৃশ্য থাকবে না, জটিলতাও কমবে। সুতরাং নির্বিকার প্রতিযোগীতা, মন্ত্রীসভা, স্বামীস্ত্রী লেখা যাবে।
(ঘ) অর্থ যেখানে পালটে যাবে সেখানে সরলীকরণের কোনো নীতিই খাটবে না কূল আর কুল-কে এক করা যাবে না। তেমনি আর কী—এর মধ্যে তালগোল পাকানো যাবে না।
(ঙ) অভ্যাসে আটকালেও কখনো কখনো চাইলেও দীর্ঘ স্বরকে বাদ দেয়া যায় না ‘জিবন’ লিখলে সত্যি ‘জীবন’ নিয়ে টানাটানি পড়ে যেতে পারে।
৫. খুবই নীরবে, বেশ ভালো রকমই মুস্কিলে ফেলে ‘অ’-কার ‘ও’কারের ব্যবহার। “ছেলেটি বড় ভাল, মেয়েটি কী কালগো!” এরকম কথা বললে নারীবাদিরা রাগ করতে পারে , বানানবাদিরা রাগ করবার খুব একটা উদাহরণ নেই। কিন্তু করা উচিত। আমার অভিমত তোমার মত নয়—এবাক্যটার অর্থ কী দাঁড়ালো? এরকম গণ্ডগোল এড়াবার জন্যে শব্দগুলোর যেটির উচ্চারণে পদান্ত ‘অ’-কার আছে তার শেষে স্পষ্ট করেই ‘ও’কার দিয়ে দেওয়াই ভালো। সে অনুযায়ী ছেলেটি ভালো (ভাল –কপাল), মেয়েটি কালো (কাল –সময়), তোমার মতো (মত –অভিমত, চিন্তাধারা) করে ফেলাই সমীচীন। বানান পাল্টালে অর্থ পাল্টে যায় এরকম আর কিছু শব্দ বিশেষ করেই মনে রাখতে হয়।
৬. বাংলা তদ্ভব উচ্চারণে য-এর ব্যবহার নেই। বানানেও প্রায় হয়ই না। এই কথাতা স্পষ্ট জেনে নেওয়া ভালো।
(ক) সংস্কৃত 'যা'-এর মতো ধাতু থেকে উৎপন্ন কিছু শব্দ আর যখন, যেমন এর মতো অব্যয় ক’টিতেই ‘য’ তার অস্তিত্ব টিকিয়ে রেখেছে। তা নইলে আমরা যুগল-কে জোড়, যাতৃ-কে জা, কার্য্য-কে কাজ বানিয়ে ‘জ’-কার নিয়ে এসে সহজ করে রেখেছি।
(খ) খুব বাধ্য না হলে ‘য’-ফলার ব্যবহারও অক্ষত রাখিনি। বিশেষ করে পদান্ত ‘য’-এর পর আবার য-ফলাতো আমাদের কাছে অসহ্য মনে হয়েছে। তাই আজকাল আমরা নির্বিকার কার্য্যও আর লিখিনা। কার্য, সূর্য, ভট্টাচার্য ইত্যাদি লিখে চলেছি।
৭. এরকম বাংলাতে ‘ণ’ একটি উপদ্রবী ধ্বনি। এর উচ্চারণ কেউ জানে না। অন্য মূর্ধণ্য ধ্বনির সঙ্গেই এর যৎ সামান্য কিছু উচ্চারণ বেরোয়। ন-এর স্বতন্ত্র উচ্চারণ আছে।
(ক) সুতরাং সর্বত্র ‘ন’-এর ব্যবহারে কাজ চলে যায়। রাণী না লিখে রানি লিখলে তার আভিজাত্য মোটেও খাটো হয়ে যায় না।
(খ) অনেকেতো ঘুণ্টি, ঠাণ্ডা, লণ্ঠন না লিখে ঘুন্টি,ঠান্ডা, লন্ঠন লিখবার পরামর্শ দিয়ে থাকেন। আমরাও তাতে আপত্তি করবার কারণ দেখি না।
(গ) ভারতীয় আর্য ভাষাতে মূর্ধণ্য ধ্বনিগুলো অনেক পরের সংযোজন ।সম্ভবতঃ দ্রাবিড় ভাষার প্রভাবে। কিন্তু তার পর এতো জাঁকিয়ে বসেছে যে সবসময়ই এক স্বতন্ত্র মর্যাদার আব্দার নিয়ে এসে হাজির হয়। বাংলাতেও বিশুদ্ধ মূর্ধণ্য ধ্বনি নেই। এগুলো উত্তর দন্ত মূলীয়। সে যাই হোক মূর্ধণ্য ধ্বনির যোগে তৈরি প্রচুর তৎসম শব্দ বাংলাতে প্রচলিত আছে। সুতরাং এর অত্যাচার সহ্য করা ছাড়া উপায় নেই।
(অ) এ নিয়ে একটি সহজ নিয়ম অবশ্য বহুল প্রচলিত আছে আর আমরা সবাই জানিও। তা এই যে, পরে অন্য মূর্ধণ্য বর্ণ থাকলে বা আগে ‘ঋ,র , ষ ‘ থাকলে নাসিক্য ধ্বনিটি ‘ণ’ হয়। যেমনঃ ঋণ, পরিমাণ,তৃণ, কণ্টক ইত্যাদি। বাদ বাকি নিয়মগুলো বেশ জটিল। একটু কষ্ট করে মনে রাখলেই মান বাঁচানো সহজ হবে।
(আ) পর-,পার-, উত্তর-,চান্দ্র-,নার-,নারা- এবং রাম- শব্দের পরের ‘অয়ন’ শব্দে ‘ন’—‘ণ’ হয়ে যায়। যেমনঃ রামায়ণ, নারায়ণ ইত্যাদি। অন্যত্র যা ছিল তাই থাকে। যেমনঃ রবীন্দ্রায়ন, মূল্যায়ন।
(ই) সে রকমই প্র, পূর্ব, অপর পুরসর্গের পর ‘অহ্ন’ শব্দের ‘ন’ –‘ণ’ হবে। প্রাহ্ণ, পূর্বাহ্ণ, অপরাহ্ণ। কিন্তু মধ্যাহ্ন, সায়াহ্ন। সময় বোঝাবার এই শব্দগুলোর ব্যবহার আজকাল অতি অল্প,তাই রক্ষে।
(ঈ) ত্রিনয়ন, দুর্নাম, এরকম কিছু সমাসবদ্ধ পদের পূর্ব পদে ‘ঋ,র,ষ’ থাকলেও উত্তর পদে ‘ণ’ হবে না।
৮. শিস দেয়াটা খুব ভালো গুণ নয়। মেয়েদের সামনেতো কস্মিন কালেও নয়। এই শিস ধ্বনি কেবল মেয়েদেরই উত্যক্ত করে না, ভাষাকেও বড় বিপাকে ফেলে। বাংলাতে এক ‘শ’ছাড়া আর কারো কোনো স্বতন্ত্র উচ্চারন নেই। ‘সার’ আর ‘ষাঢ়’ না লিখে ‘শার’ লিখলে উচ্চারণে কোনো গোল হবে না। দন্ত্য ধ্বনির সাথে ‘স’ আর মূর্ধণ্য ধ্বনির সাথে ‘ষ’এর কিছু উচ্চারণ শুধু কতকগুলো যুক্তাক্ষরে আছে। সেগুলোও বেশির ভাগ তৎসম। যেমনঃ স্মৃতি ,কষ্ট, ইত্যাদি। তার জন্যে অন্যত্র যেমনটি হয়েছে এখানেও সর্বত্র ‘শ’এর ব্যবহার করলে কাজ সহজ হয়ে পড়ত। কিন্তু অভ্যাস বলেও একটা কথা আছে। যে শব্দগুলো বহুল প্রচলিত তার বানান হঠাৎ পাল্টে ফেললে নিজেক কেমন বোকা বোকা মনে হয়। তাই ‘স,ষ’ বহাল তবিয়তে রাজ করতে পারছে।
(ক) মূলতঃ শিস ধ্বনি তিনটি থাকা শব্দের বানানেই তৎসম শব্দের রীতি দু’একটি ছোটখাটো ব্যতক্রম বাদ দিলে ( মনুষ্য-মিনসে, শ্রদ্ধা-সাধ ) তদ্ভতেও থেকে গেছে। যেমনঃ মশক—মশা, পিতুঃস্বসা—পিসি, শস্য—শাঁস, সর্ষপ—সরিষা ইত্যাদি।
(খ) তা হলে সমস্যা রইল বিদেশি শব্দে। সেগুলোতে সাধারণত মূলের উচ্চারণ অনুসরণ করা হয়। আর তাই পুলিশ, পেনসিল, শয়তান, পোশাক, জিনিস, এরকম বানানই প্রচলিত। এসবে মোটের উপর আমরা অভ্যস্ত।
(গ) কিন্তু বিদেশি শব্দগুলোর মূলের উচ্চারণ আমরা জানব কী করে? বিদেশি ভাষাতে যেগুলো তেমন শোনা যায় না, অথচ বাংলাতে বহুল প্রচলিত সেগুলো বাংলার স্বাভাবিক প্রবণতা অনুসারে ‘শ’ উচ্চারিত হয়। এবং বানানে একটা বিভ্রান্তি থেকেই যায়। তাই সহর, সয়তান, পুলিস বানানগুলোকেও দিব্বি ভিসা বাড়িয়ে ঠাই দিতে হয়। অর্থাৎ অভ্যাসই এই ক্ষেত্রে বিধিবদ্ধ নিয়ম।
(ঘ) আকাদেমি এ জটিলতার কথাও মনে রেখেছেন। এক সহজ নিয়মে তাঁর একেও সরল করে দিয়েছেন। ইঊরোপিয় শব্দের সাথে আমাদের যোগ সমকালীন, এ কথা মনে রেখে বোধহয় তাঁরা উচ্চারণ অনুযায়ী বানান তথা কলকাতা বিশ্ববিদ্যালয়ের গ্রহণ করা প্রতিবর্ণীকরণ নীতি মেনে নিয়েছেন। আরবি-ফারসি মূল শব্দের বেলা তাঁরা বলেছেন, মূলে শিস ধ্বনি তিনটির যেটিই থাকুক না কেন বাংলা বানানে সর্বত্র ‘শ’ ব্যবহৃত হবে। যেমনঃ মাশুল, হিশেব, শাদা ইত্যাদি। প্রচলিত নাম শব্দে ‘স’কে রাখবার পরামর্শ দিয়েছেন। যেমনঃ ইসলাম, মুসলমান, সুফি, সোফিয়া ইত্যাদি।
৯. ‘র,ড়,ঢ়’ নিয়েও একই রকম সমস্যা আছে। তবে ষাঢ়, আষাঢ়-এর মতো দু’একটি শব্দ ছাড়া ‘ঢ়’ এর ব্যবহার নেইই প্রায়। শব্দক’টা মনে রাখলেই হলো। জায়গা দখল নিয়ে জোর লড়াই করে অন্য দু’টি। দু’টোরই জোর বড় কম নয়। এ ক্ষেত্রে অর্থ মনে রাখলেই কাজ চলে যায়। আগে উল্লেখ করা বাক্য-“বই পরা শেস করে জামা পড়ে ঘড় থেকে বেড়িয়ে বাজার হয়ে এক বন্ধুর বারি দিব্যি বেরিয়ে আশি। টেড়ও পাই না কোথাও একটা বর গণ্ডগোল হয়ে গেছে।” এরকম লিখলে মহাভারত অশুদ্ধ হয় না অবশ্য। আমাদের অসমের বাংলা সংবাদ পত্র গুলো যে আখছার এমন লিখে তার নজির আগেই দিয়েছি। কিন্তু এরকম বাক্য পড়ে অনেকেই কিছু বুঝে উঠতে পারবে না। তাই পাঠকের কথা মনে রাখলে একটু সুবিধে হয় কথাটা এই মাত্র। বাক্যটির শুদ্ধ রূপ হবে—“ বই পড়া শেষ করে জামা পরে ঘর থেকে বেরিয়ে বাজার হয়ে এক বন্ধুর বাড়ি দিব্যি বেরিয়ে আসি। টেরও পাই না কোথাও একটা বড় গণ্ডগোল হয়ে গেছে।” প্রায় সমোচ্চারিত শব্দগুলোর তালিকা মনে রাখা এসব শব্দের জটিলতা এড়াবার কোনো উপায় নেই।
১০. বাংলা বর্ণমালাতে দু’টো ‘ব’ কেন আছে এ কৌতুহল অনেকেরই মনে আছে। এ নিয়ে অসমিয়া হিন্দিতে কোনো সমস্যা নেই । তাদের অন্তস্থ-ব এর স্বতন্ত্র ব্যবহার আছে। লিপিতেও বর্ণ দু’টি আলাদা। যেমন অসমিয়াতে ‘ব’ আর ‘ৱ’ । বাংলাতে সর্বত্র বর্গীয়-ব । কিছু তৎসম শব্দের যুক্তাক্ষরে অন্তস্থ-ব এর ব্যবহার আছে, সেগুলোও লিপিসাম্যের জন্যে বোঝা মুস্কিল হয়। ত্বক,স্বাধীনতা, স্বামী, বিল্ব এরকম কিছু শব্দ। ‘বিল্ব’ শব্দের অসমিয়াতে উচ্চারণ শুনেছি অনেকটা ‘বিল্ ব’র মতো বাংলাতে বেশির ভাগ যুক্তাক্ষর সমীভূত হয়। এখানেও তার ব্যতিক্রম হয় না। ‘বিল্ব’ উচ্চারিত হয়’ বিল্ল’ । অথবা দ্বিতীয় ব্যঞ্জন একটা রেশ রেখে যায়, স্পষ্ট উচ্চারিত হয় না , সেখানে উচ্চারণে একটা জোর পড়ে মাত্র। উচ্চারিত হয় , “ ' সাধিনতা, ' তক, ' সামি ইত্যাদি। এসব শব্দের বানান মনে রাখা বেশ একটু কঠিন বটে। অভ্যাসের উপর নির্ভর করা ছাড়া উপায় নেই।
এ পর্যন্ত এসে আমরা বানান সমস্যা নিয়ে সব কথা বললাম বলে দাবি করব না, কিন্তু যে যায়গাগুলো আমাদের বেশি বিভ্রান্ত করে সে নিয়ে কাজ চালিয়ে দেবার মতো কথা বলেছি বলে দাবি করতেই পারি। আগে দু’টো টিপস দিয়েই রেখেছি। এবার আরো চারটি মাত্র সূত্রে ( বা টিপস) আমাদের কথাগুলোকে গুটিয়ে আনতে পারি।
(ক) সংস্কৃত তথা শব্দে বানানের ব্যাকরণ সিদ্ধ নিয়ম মনে রাখার আমাদের এক বাধ্যবাধকতা আছে। নিয়ম মুখস্থ করে এ সব মনে রাখবার উপায় নেই। অনবরত লিখে ভুল-শুদ্ধের দ্বান্দ্বিকতার মধ্যে দিয়ে যাওয়া ছাড়া আর অন্য কোনো উপায় নেই।
(খ) সংস্কৃত তথা তৎসম শব্দো যদি বহুল প্রচলিত হয় তবে অনেক ক্ষেত্রেই এবং অবশ্যই অন্য সমস্ত অ-সংস্কৃত (তদ্ভব, দেশি, বিদেশি,) শব্দের বানানে সাধারণত সমোচ্চারিত ধ্বনিগুলোর মধ্যে বহুল ব্যবহৃত ধ্বনিটির বর্ণই (ই-কার, উ-কার, জ ইত্যাদি) ব্যবহৃত হবে।
(গ) সরলী করণের এই নিয়মটি খাটবে না যদি অর্থ পাল্টে যায়। তীর অর্থে ‘কূল’ শব্দটিকে রাখতেই হবে, ‘কুল’ করে ফেললে তার অর্থ হয়ে যাবে বংশ। ‘নদীর পাড়’ আর ‘নদী পার’ কথা দু’টোর মধ্যে তফাৎ রাখতেই হবে। রঙ্গ-কে রং করে ফেললে সত্যি সত্যি রঙ্গ হয়ে যাবে।
(ঘ) অভ্যাস কথাটা যখন বানান সম্পর্কে ব্যবহার করব তখন বুঝতে হবে সমগ্র জাতির অভ্যাসের কথা বলা হচ্ছে। একটা জাতির অভ্যাসও কালে কালে পাল্টায়। কিন্তু ধাঁ করে দিন কয়েকের মধ্যে পাল্টাতে হলে সে আমাদের মতো সাধারণ মানুষের কাজ নয়। তার জন্যে রবীন্দ্রনাথের মতো বিরাট ব্যক্তিত্বের অথবা জনপ্রিয় সংবাদপত্রের প্রয়াসের দরকার পড়ে। যতদূর জানি, অভ্যাসের বশে ‘শ্রেণী’ শব্দটি অনেকদিন পাল্টাতে চাইছিল না। আকাদেমি প্রস্তাব করেছিল। আনন্দবাজার পত্রিকাগোষ্ঠী তাকেও ‘শ্রেণি’ করে তুলেছিল। অসমের বাংলা দৈনিক ও টিভিগুলো ‘নিবন্ধন’ অর্থে ‘পঞ্জিয়ন’কে প্রচলিত করে ছাড়বেই যেন মনে হচ্ছে। সে অবশ্যি নতুন শব্দ আমদানির কথা। আমাদের মতো সাধারণ ঘরের বৌরা যেমন মন না চাইলেও কপালে এক আধটু সিঁদুর ছুঁইয়ে রাখেন, অভ্যাসে বাঁধা পড়া বানানগুলো ব্যবহার করার একটা অভ্যাস তেমনি না থাকলে গড়ে নেয়া ছাড়া গত্যন্তর নেই।
ছাত্রদের জন্যে আরেকটি অর্থাৎ সপ্তম কিন্তু গুরুত্বপূর্ণ টিপস দিয়ে রাখতে পারিঃ তাতে পরীক্ষাতে অন্ততঃ ১০ (দশ) গ্রেস মার্ক্স পাওয়া যেতে পারে। কিন্তু ভয় হয় ছাত্ররা তা অনুসরণ করবে কিনা তাই নিয়ে। একটা দুটো বই অবশ্যই সারা জীবন সংগে রাখতে হবে, যদি জটিল বিশেষ করে তৎসম শব্দগুলো অহেতুক ভুল করে মানহানি না করতে হয়। বই দুটোর কথা কোনো সিলেবাসে লেখে না। একটির কথাতো কখনোই লেখে না। ছাত্ররা আমাদের বুদ্ধিমান; তারা সিলেবাসের বাইরে বই প্রায় পড়েই না। সিলেবাসেরো ‘বাজে’ বই পড়ে একেবারে সময় নষ্ট করে না। সোজা নোটের সন্ধানে বাজারে যায়। তা, এই দু’টোর নোটও পাওয়া যায় না। পরীক্ষাতেও তার থেকে কমন প্রশ্ন আসে না। তাই খুব কম ছাত্র বই দুটো সংগ্রহ করে পৈত্রিক অর্থের অপচয় করে। অল্পবুদ্ধিরা বুঝে গেছে আমরা ‘অভিধান’ আর ব্যাকরণ’ বইএর কথা বলছি। বুদ্ধিমানদের সুবিধের জন্যে বলে রাখি বানান কিংবা বাক্যের গঠন ‘টুকলিফাই’ করবার জন্যে এ দুটো খুব কাজের বই। যত খুশি নকল করো কেউ তার জন্যে ‘ভেরিফাই’ করে কানমলা দেবে না। আর যদি ‘আকাদেমি বানান অভিধান’ রাখতে পারো তবে তো কোনো কথাই নেই! বহু মাস্টার মশাইর তর্জনও ঠাণ্ডা করা একেবারেই সহজ হয়ে যাবে। চাই কি তারাও আবার বানানের ক্লাস নাম লেখাতে পারেন! আমি নিজে সে ক্লাসের এখনো ফেল করা ছাত্র কিন্তু! কাউকে ভয় করি না, দিব্বি ভুল করি!
**************************** 8888**************************************
গেল ৪ও ৫মে এই লেখাটি দুটি সংখ্যাতে শিলচরের জনকন্ঠে প্রকাশিত হয়েছে।
এখানে তা দেখা যাবে । প্রথমাংশ ও দ্বিতীয়াংশ
এনিয়ে একটি অধ্যাপক আবুল হোসেন মজুমদার একটি চিঠি পাঠিয়েছে ২২ মে তারিখে।
দেখা যাবে এখানে।এর উত্তরে লিখলামঃ
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
গেল ৪ ও ৫ মে তারিখে জনকন্ঠে প্রকাশিত আমার লেখা ‘ যারা বানান ভুল করেন তাদের পক্ষে দু’এক কলম’ লেখাটা নিয়ে গেলকাল ( ২২শে মে) শ্রদ্ধেয় আবুল হোসেন মজুমদারের মতো কৃতী অধ্যাপক ও বিদগ্ধজন কলম ধরাতে প্রথমেই তাঁকে ধন্যবাদ জানাচ্ছি। আমিও যে ‘আখছার’ বানান ভুল লিখেছি সেটি শুধু প্রমাণ করে যে আমরা সব্বাই বানান ভুল করি। আমি শেষে লিখেওছি, বানানের ক্লাসে আমি ‘ফেল করা ছাত্র’।স্যরের থেকে বরং জানা গেল যে মালয়েশিয় প্রাক্তন প্রধানমন্ত্রীর নাম ‘মাহাথিরে’র বদলে হওয়া উচিত ছিল ‘মাআছি’র’ । তো দেখুন, ওরাও ভুল করে! এখন আকাদেমিতে দেখছি ‘আকছার’ই হবে।আসলে আমরাতো সংশয় হলে তবে গে’ অভিধান দেখি। আমার সংশয় হচ্ছিল না। কিন্তু এই ভুল এটাও প্রমাণ করে যে আমরা সমোচ্চারিত ধ্বনিতে ভুলগুলো করি। ‘ক’ আর ‘খ’ তাই কি না।আর ‘ছ’ মহাপ্রাণের টানে ‘ক’ মহাপ্রাণ হয়ে যাওয়াইতো স্বাভাবিক।
‘Inter’ এর তর্জমা ‘সর্ব’ হবে বলিনি। এটা বোধহয় আমার ভাষার গণ্ডগোল। আমি বরং লিখেছি, ‘inter’ এর নকলে আমরা তর্জমা করে নিয়েছি ‘আন্তর’। নকল ছাড়া এই ‘আন্তর’এর অন্য কোনো উৎস আমি পাইনি। স্যর জানালে উপকৃত হব। তবে হ্যাঁ, internationalএর বাংলা অর্থ কি পৃথিবীর সমস্ত জাতি নয়, সেই অর্থে আমি লিখেছি ‘সর্বজাতি’। তবে এখানেও বোধহয় আমি একটু ভুল করে নিয়েছি। আকাদেমি লিখছে 'সার্বজাতিক'।
বাঙলাদেশের বানান চর্চার খবর জানিয়ে স্যর আমাকে উপকৃত করলেন। আমি অবশ্যি বাংলাদেশে চর্চা হয় নি বলিনি, বলেছি আমি সেটা জানি না। তবে কিনা,আমার এ লেখাটা জনকন্ঠ ছাড়াও আমার নিজের ব্লগে রয়েছে (http://ishankonerkotha.blogspot.com/) এছাড়াও রয়েছে একটি পশ্চিম বাংলা ও আরেকটি বাংলাদেশের সামাজিক ব্লগে ( কফিহাউস এবং আমারব্লগ) । ওরা প্রায় প্রত্যেকে নিজেদের কাজ আসবে বলে লেখাটা রেখে দিয়েছেন বলে জানালেও স্যরের দেয়া তথ্যগুলো দিতে পারেন নি বলে আমি একটু ক্ষুন্নই ছিলাম। অবশ্যি, এটিতো কেজো কথার লেখা, তাই তাদের কাছে কাজে আসাই যথেষ্ট মনে হয়ে থাকবে বোধহয়।
বাকি , স্যর যা বললেন, আমাদের বানান ভুলের কারণ নিয়ে সে নিয়ে আমি আর কী বলব? ভুল যে অনিবার্য সেটিই তো আমি বলতে চাইলাম। সে নিয়ে কড়াকড়ি করলে হতাশা ছাড়া কিছু মেলে না। স্যরের চিঠিতেও সেই হতাশা রয়েছে। আমার মতে বানান টানান এগুলো, গায়ের পোষাকের মতো। কোথায় যাচ্ছি, তার উপর নির্ভর করে কতটা সেজে যাব। অনেক জায়গায় যথাযথ সাজসজ্জা ছাড়া যেতেই পারি। আমি তো ইংরেজির ছাত্র নই। যতদিন ইংরেজি ভুল করব এই ভয়ে সিঁটিয়ে থাকতাম এক লাইনও ইংরেজি লিখতে পারতাম না।আজকাল ভুলের থোড়াই কেয়ার করি। ভুল ইংরেজিতে আমি গোটা বিশ্বের সঙ্গে যোগ রক্ষা করি। যোগটা যেখানে হয়ে যাচ্ছে, সেখানে ভুল না শুদ্ধ লিখছি, সেটি কী অপ্রাসঙ্গিক হয়ে যাচ্ছে না?
যারা বেশি করে সামাজিক অনুষ্ঠানাদিতে যোগ দেয় পোষাক নিয়ে তাদের রুচিবোধ উন্নত থাকে। বাংলার চর্চা বাড়লে বাকিটা আপনি হবে। ব্রহ্মপুত্র উপত্যকাতে বাঙালিরা তুলনামূলকভাবে বাংলা উচ্চারণ বানান বাক্য বেশি ভুল করেন । কারণটা বোঝা কঠিন নয়। গেল ১লা বৈশাখে ডিগবয় থেকে ঘটা করে একটি ছোট কাগজের সংখ্যা বেরুলো। উপত্যকার একটি জনপ্রিয় দৈনিকে তার সচিত্র সংবাদও বেরুলো। যিনি সম্পাদক তাঁর যেকোনো প্রকাশিত বইতে এক দীর্ঘ আত্মপরিচিতি থাকে। আমার হাতে তার এক সংখ্যা যখন পড়ল দেখি তিনি সম্পাদকীয়তেই ঁ যোগ করে ‘ভিড়’ বানানে ‘ভিঁড়’ বাড়িয়েছেন। এবারে তাকে যদি বলতে যাই এই ভুল হলো কেন, বেচারা যাও একটা কাগজ করেছেন তাও না করতে পারেন হতাশাতে! বরাক উপত্যকার লোকেরা যতটা ভাবেন এখানে বাংলা ভাষার অধিকার এখন ততোটা সংকোচিত নয়। উজান অসমে একটি স্বতন্ত্র বাংলা টিভি চেনেল রয়েছে। কিন্তু ওরা যে বাংলা বলেন তাতে আপনার আমার কানে হাত দেবার জোগাড় হবে। কিন্তু আপাতত যে বলছেন তাই কি যথেষ্ট নয়?
বরং শুদ্ধ করতে গিয়ে তাঁরা অহেতুক অসমিয়াদের মতো তৎসম শব্দের ভিড় বাড়ান। এক দিন এক সাংবাদিক ভদ্রলোককে বলেছিলাম। তিনি বললেন এগুলো বাদ দিলে কি বাংলার আভিজাত্য কমে যাবে না! বললাম যে কাজটা রবীন্দ্রনাথ করে গেছেন তাতে আপনাদের আপত্তি কোথায়! তিনি একটু অবাক হলেন! বোধহয় বিশ্বাসও করেন নি। আমার লেখাটা সেরকম যত অবিশ্বাসের বিরুদ্ধে।
সুশান্ত কর
Labels:
Benglai Spelling,
Language
Location:Tinsukia,Assam,India
Tinsukia, Assam, India
Subscribe to:
Posts (Atom)











